ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফুসফুসের ক্যান্সার সচেতনতা নিয়ে সেমিনার


নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ফুসফুসের ক্যান্সার সচেতনতা নিয়ে সেমিনার

বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস ২০২৬ উপলক্ষে, নর্থ সাউথ ইউনিভার্সিটির (NSU) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর সহযোগিতায় “Protect Your Lungs: A Seminar on Lung Cancer Awareness” শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার আয়োজন করেছে। সেমিনারটি রবিবার (৯ আগস্ট) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়।

ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, সময়োপযোগী রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করাই ছিল এই সেমিনারের মূল লক্ষ্য। শিক্ষার্থী, শিক্ষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীদের মধ্যে ফুসফুসের ক্যান্সার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এই উদ্যোগটি গ্রহণ করা হয়। একাডেমিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চলমান অঙ্গীকারেরই প্রতিফলন এই আয়োজন।

সেমিনারে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির প্রেসিডেন্ট, প্রজেক্ট ডিরেক্টর এবং বিশিষ্ট অনকোলজিস্ট ও স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক ডা. গোলাম মোহিউদ্দিন ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির মহাসচিব ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. কাজী মোস্তাক হোসেন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন অধ্যাপক ডা. দীপক কুমার মিত্র। সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ হোসাইন শাহরিয়ার।

আরও পড়ুন: জাপান ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে

সেমিনারে মূল বক্তব্যে ফুসফুসের ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপ, প্রধান ঝুঁকিপূর্ণ কারণসমূহ, প্রতিরোধমূলক কৌশল, রোগ নির্ণয় ও চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি এবং রোগীর চিকিৎসার ফলাফল উন্নয়নে প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং, রোগ নির্ণয় ও রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে প্রমাণভিত্তিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়। এর মাধ্যমে ক্লিনিক্যাল অভিজ্ঞতা ও একাডেমিক শিক্ষার মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি হয়।

বিশেষজ্ঞদের নেতৃত্বে অনুষ্ঠিত আলোচনা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ফুসফুসের ক্যান্সারের ক্রমবর্ধমান জনস্বাস্থ্যগত প্রভাব এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পেশাজীবী হিসেবে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক হস্তক্ষেপে তাদের দায়িত্ব সম্পর্কে আরও গভীর ধারণা লাভ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


পানি চুক্তির ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা আদায় করা বর্তমান সরকারের প্রায়োরিটি উল্লেখ করে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পানি চুক্তির সময় দেশের স্বার্থকে গুরুত্ব দেয়া হবে। পানির ন্যায্য হিস্যা আমাদের অবশ্যই আদায় করে নিতে হবে।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি অর্জনের জন্য পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো: নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী আরও যোগ করেন, পানির ন্যায্য হিস্যা আদায় করা বর্তমান সরকারের প্রায়োরিটি। পানি চুক্তির সময় দেশের স্বার্থকে গুরুত্ব দেয়া হবে। এ ছাড়া বাংলাদেশের স্বার্থ ধরে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে সরকার।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, পানির ন্যায্য হিস্যা আমাদের আদায় করে নিতে হবে। আমরা সাথে আশা করছি কিভাবে নিজেদের স্বার্থকে গুরুত্ব দিয়ে চুক্তি বাস্তবায়ন করা যাবে। দুই দেশের মধ্যে পদ্মা ব্যারেজ বাস্তবায়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্প ৩৫ বছরের। প্রকল্পটির সঙ্গে দেশের ৩ ভাগের ২ ভাগ মানুষের ভাগ্য জড়িত রয়েছে।

তিনি বলেন, স্যানিটাইজেশনের আন্দোলন আমি ২০০১ সাল থেকে করছি। নির্বাচনের আগে নতুন করে এ নিয়ে আবারও আলোচনা করেছিলাম, ইশতেহারেও এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। আজ এসডিজির সঙ্গে বিএনপির নির্বাচনি ইশতেহারের মিল রয়েছে। সাড়ে চার বছরে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে হবে এবং দৃশ্যমান পরিবর্তন ঘটাতে হবে।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এসডিজি অর্জনের জন্য প্রান্তিক মানুষকে সচেতন করতে হবে এবং সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, নারী-পুরুষের সমতা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং সামাজিক বৈষম্য কমিয়ে কিভাবে সমতাভিত্তিক আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা যায় তা নিয়ে তিনদিনের একটি জাতীয় সম্মেলনে আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়ে করা হয়েছিল, যার মধ্যে ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়।

সম্মেলনে মাতৃ ও শিশুর স্বাস্থ্য, নারীর অধিকার, নিরাপদ পানি-স্যানিটেশন এবং সমাজের পিছিয়ে পড়া জনগণের বৈষম্য কমানোর পরিসংখ্যানের তথ্য উপস্থাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার থেকে চট্টগ্রামের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, মো. জিয়াবুল হককে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায় যে, ১০ আগস্ট মধ্যরাতে কক্সবাজার জেলা সদরের হোটেল-মোটেল জোনের সামনে 'বাগান বাড়ি রেস্তোরাঁ'র এলাকায় র‌্যাব-১৫, কক্সবাজার এবং র‌্যাব-০৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. জিয়াবুল হক (৫০)-কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি জিয়াবুল হক (৫০) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরের (কেন্দ্রীয় কবরস্থানের পাশে) রহমত উল্লাহর ছেলে।

জিয়াবুল হকের বিরুদ্ধে সিএমপি চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানায় ২০০৯ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত উক্ত মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।

মামলায় সাজা ঘোষণার পর থেকে আসামি জিয়াবুল হক আত্মগোপনে চলে যান। এর পর র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়ন এবং র‌্যাব-০৭ চট্টগ্রাম (সিপিএসসি)-এর একটি চৌকস আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, আইনের হাত থেকে বাঁচতে চট্টগ্রাম থেকে পালিয়ে কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকায় আত্মগোপন করেছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪

কলম্বিয়ায় এক স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে। এ উদ্ভূত পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ সংক্রান্ত খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ধসে পড়া ভবনের নিচে আরও অনেকে আটকা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আঘাত হানা এই ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে দফায় দফায় আফটারশকের খবর পাওয়া গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, দেশটির পশ্চিমাঞ্চলে ভয়াবহ এ ভূমিকম্পে ৫৭০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের কারণে অনেক ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েছে।

দ্য অ্যাসোসিয়েশন অব ক্যাপিটাল সিটিস অব কলোম্বিয়া জানায়, প্রেসিডেন্ট আবেলাদো দে লা এসপ্রিয়েলার নেতৃত্বে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বৈঠকের পর দেশটিতে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। এই জরুরি অবস্থার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে অতিরিক্ত সম্পদ ও সহায়তা পাঠানো আরও সহজ হবে।

ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষতির আশঙ্কা জাহির করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

সংস্থাটি জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) ভোরে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে। ভূমিকম্পের গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। এর ফলে দেশের বিভিন্ন বড় শহরগুলোতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে পশ্চিমাঞ্চলীয় রিসারালদা প্রদেশে। কফি উৎপাদনের জন্য পরিচিত এ অঞ্চলের গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো টেলিভিশন চ্যানেল কারাকোলকে বলেছেন, সেখানে অন্তত ৪২ জন নিহত হয়েছেন।

কলম্বিয়ার অন্যতম বড় শহর ক্যালিও ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির মেয়র আলেহান্দ্রো এদের জানিয়েছেন, অন্তত ৩০টি ভবন ধসে পড়েছে। এসব ভবনের মধ্যে ১০টিতে উদ্ধারকাজ চলছে, তবে ক্যালিতে এখনো প্রাণহানির সংখ্যা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

ধ্বংসস্তূপ সরানোর কাজে অংশ নেওয়া ক্যালির স্থানীয় বাসিন্দা হুয়ান কার্লোস অসোরিও বলেন, ‘ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। শব্দটি বোমা বিস্ফোরণের মতো মনে হয়েছিল। পরিস্থিতি ভয়াবহ। আমরা প্রতিবেশীদের সাথে মিলে কাজ করছি। মানবশৃঙ্খল তৈরি করে ধ্বংসস্তূপ সরাচ্ছি। আমাদের ভারি যন্ত্রপাতি প্রয়োজন। অনেক মানুষ আটকা পড়ে আছেন।’

ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের প্রদেশ চোকোতেও ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। প্রদেশটির গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবার মতে, রাজধানী কুইবদোতে প্রাণহানি, অনেক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও, বাসিন্দাদের পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স, সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


কেরানীগঞ্জে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকার কেরানীগঞ্জে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভায় বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, দালালচক্রের প্রতারণা প্রতিরোধ এবং প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও উমর ফারুক বলেন, ‘বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কিন্তু, একশ্রেণির অসাধু দালালচক্রের খপ্পরে পড়ে অনেক প্রবাসী এবং তাঁদের পরিবার সকল কিছু হারাচ্ছেন। কেরানীগঞ্জে কোনো দালাল সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না। নিরাপদ ও নিশ্চিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে আগ্রহীদের অবশ্যই সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে হবে। দালালচক্রের প্রলোভনে পড়ে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি বিদেশফেরত কর্মীদের দক্ষতাকে কাজে লাগিয়ে তাঁদের পুনর্বাসনের উদ্যোগ আরও জোরদার করতে হবে।’

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর প্রতিনিধি, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অভিবাসন-সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম আরও সক্রিয়ভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%