বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০২:২২ পি.এম
ভারতীয় কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য প্রত্যাখ্যান করেছে পাকিস্তান, যা কিরানা হিলসে কথিত হামলার বিষয়ে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির কৌশলগত সম্পদ সম্পূর্ণ নিরাপদ এবং এর নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে কিরানা হিলস নিয়ে ভারতীয় কর্মকর্তাদের বক্তব্য নাকচ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন ১৬ থেকে ১৮ মাস পর এমন দাবি সামনে আনা হচ্ছে। এসব মন্তব্যকে তিনি ‘বলিউড-ধাঁচের বক্তব্য’ বলে অভিহিত করেছেন।
আন্দ্রাবি আরও বলেন, পাকিস্তানের কৌশলগত সম্পদ সম্পূর্ণ নিরাপদ এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।
গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর পর কিরানা হিলসকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই এলাকায় হামলা হয়েছিল কি না, তা নিয়ে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপিত হয়েছে। সূত্র: সামা টিভি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ইসির প্রতিনিধি দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সিইসির নেতৃত্বাধীন প্রতিনিধি দলে নির্বাচন কমিশনের (ইসি) আরও সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হিমবাহ ধসের কারণে নেপালে আকস্মিক পাহাড়ী ঢলে এক অভূতপূর্ব প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে। তবে বিজ্ঞানীরা এখন গবেষণার মাধ্যমে হিমবাহের ধসের কারণ অনুসন্ধানে রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ভূমিকম্পের ফলেই এই হিমবাহ ধসে পড়েছে। ঘটনার প্রথম কয়েক ঘণ্টায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় বিজ্ঞানীরা ভূকম্পন তরঙ্গের প্রাথমিক পর্যবেক্ষণ করে ভূমিকম্পকে ধসের কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন।
ভারতের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার, যা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন-ইসরো’র একটি প্রধান শাখা, তাদের আরএসসি স্যাটেলাইটের মাধ্যমে একটি প্রাথমিক মূল্যায়ন সম্পন্ন করেছে। তাদের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, একটি ৪.৯ মাত্রার ভূমিকম্প এই হিমবাহের ধসের সূচনা করতে পারে। যখন ভারতে কোনো পাহাড়ি বিপর্যয় ঘটে, তখন ভারতীয় আবহাওয়া দপ্তর বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তাদের সিসমিক গ্রাফে ধরা পড়া কম্পনটি রেকর্ড করে। এনআরএসসি সেই কম্পনের রেকর্ড দেখে ধারণা করেছিল যে, ভূমিকম্পের কারণে ধসের ঘটনা ঘটেছে।
এখন জানা যাচ্ছে, কম্পনের ঘটনা ঘটেছে সত্যি, কিন্তু এটি প্রাকৃতিক ভূমিকম্প নয়। বরং, হিমবাহ ধসের কারণেই পৃথিবী কেঁপে উঠেছিল। এই কম্পন ভূ-পৃষ্ঠের ওপরে তৈরি হয়েছে, ভূ-গর্ভ থেকে নয়। আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস তাদের বিশ্লেষণ আপডেট করে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, নেপালে কোনো ভূমিকম্প হয়নি। যখন পাহাড়ের প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতা থেকে একটি বিশাল হিমবাহ ধসে কোটি কোটি টন বরফ, পাথর ও ধ্বংসাবশেষ নিয়ে দ্রুত নিচে আছড়ে পড়ে, তখন তীব্র ভূকম্পনের সৃষ্টি হয়। এই ধসের ফলে সৃষ্ট কম্পন পৃথিবীর সিসমিক স্টেশনগুলোতে ধরা পড়েছিল। প্রাথমিক সিসমিক সিগন্যাল দেখে এটিকে প্রথমে ৪.৪ মাত্রার (পরে যা ৫.২ বলে নির্ধারণ করা হয়) সাধারণ ভূমিকম্প বলে মনে করা হয়েছিল। ইউএসজিএস নিকটবর্তী সিসমিক স্টেশন এবং দীর্ঘ-মেয়াদী ভূকম্পন তরঙ্গ বিশদভাবে বিশ্লেষণ করে নিশ্চিত করেছে যে, ভূগর্ভের প্লেট নড়াচড়ার কারণে সেখানে কোনো প্রাকৃতিক ভূমিকম্প ঘটেনি।
তারা স্পষ্টভাবে জানিয়েছে, সিসমিক এনার্জি বা কম্পনটি মূলত হিমবাহ ধসে পড়ার ধাক্কা এবং তার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষের তীব্র প্রবাহের কারণে তৈরি হয়েছিল। অর্থাৎ, ধসের কারণে কম্পন হয়েছিল, কম্পনের কারণে ধস নয়।
এখন প্রশ্ন উঠছে, এত বড় হিমবাহটি কেন ধসে পড়লো? যদি ভূমিকম্পের কারণে হতো, তাহলে বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করা যেত। কিন্তু ভূমিকম্প না হলে, এত বড় হিমবাহকে ধাক্কা দিল কে? কানাডার ইউনিভার্সিটি অফ ক্যালগেরির ভূ-প্রকৃতিবিদ ড্যানিয়েল শুগার এবং অন্যান্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত তাপমাত্রা এর পেছনে মূল ভূমিকা রেখেছে। তীব্র গরমের ফলে হিমবাহ এবং বরফের উপরের স্তর গলে প্রচুর তরল পানি বরফের ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করে। এই পানি হিমবাহের তলদেশে গিয়ে এক ধরনের পিচ্ছিল স্তর তৈরি করে, যার ফলে পাহাড়ের ঢাল থেকে পুরো হিমবাহটি নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড় করে ভেঙে পড়ে। এই ধসের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ নদীর গতিপথ সাময়িকভাবে আটকে দেয় এবং পরে সেই প্রাকৃতিক বাঁধ ভেঙে এই বিধ্বংসী আকস্মিক বন্যা বা পাহাড়ি সুনামি সৃষ্টি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী ডিগ্রি কলেজের পেছনে এসএসসি পরীক্ষায় A+ পাওয়া মেধাবী শিক্ষার্থী বিত্তের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র ছেলে হওয়ায় তাকে ঘিরে বাবা-মায়ের ছিল অনেক স্বপ্ন।
স্থানীয়দের ভাষ্য, বিত্ত ভদ্র ও শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত একটি বিষয় নিয়ে তিনি মানসিকভাবে হতাশ ছিলেন বলে আশপাশের কয়েকজন জানিয়েছেন। তবে এ তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের আবহ।
তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।
এ বিষয়ে পরিবারের বক্তব্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উত্তর ইরাকের আরবিল প্রদেশের সোরান জেলায় দুটি ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার ভোরে এই হামলা সংঘটিত হয়।
একটি আরবিলভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সোরান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলার পর বাদলিয়ান এলাকার নিকট আগুনের লেলিহান শিখা দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় দুটি ড্রোন জড়িত ছিল। তবে হামলার লক্ষ্যবস্তু কী ছিল, এতে হতাহত হয়েছে কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরাকি কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
গত ১৭ আগস্টের পর এটি কুর্দি অঞ্চলে প্রথম ড্রোন হামলার ঘটনা। ওই দিন দুটি ড্রোন কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানির কার্যালয় এবং উত্তর আরবিলে আঞ্চলিক গোয়েন্দা সংস্থার প্রধানের বাসভবন লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ঘটনার কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেন। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ