ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

হৃদ্‌রোগে মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ


হৃদ্‌রোগে মারা গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই। আজ সোমবার দুপুরে হৃদ্‌রোগের কারণে রাজধানীর বনানীতে নিজের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু এবং সংগীতশিল্পী আনান সিদ্দিকা।

রুশনাফের বয়স ছিল ৩৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আনান সিদ্দিকা বলেন, ‘সর্বশেষ যেদিন কথা হয়েছিল তখন ও বলেছিল, ‘আমি হয়তো বেশি দিন থাকব না। এক দশকের বেশি সময় ধরে নানা রোগে ভুগছিল ও। শ্বাসকষ্ট ছিল। শারীরিক কষ্টের মধ্যেও গাইতে ভালোবাসত। টুক টুক করে গান গাইত। আমি বুঝতাম, গাইতে কষ্ট হচ্ছে; কিন্তু মানসিক আনন্দ দিচ্ছে। ও খুব লক্ষ্মী ছেলে ছিল, দুনিয়াতে আসলে ভালো মানুষ থাকে না।’

আরও পড়ুন: ‘আমাকে অপহরণ করা হয়েছিল’, আয়োজকদের বিরুদ্ধে আকাঙ্ক্ষার অভিযোগ

রুশনাফ ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। গানের পাশাপাশি তিনি গীতিকার হিসেবেও প্রশংসা অর্জন করেছেন। পরে তিনি দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও কাজ করেন। এই ব্যান্ডের ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গান দুটি এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়। আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’-এ ‘নগণ্য মানুষ’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছিলেন রুশনাফ।

সংগীতের পাশাপাশি তিনি অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া প্রশংসিত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন এই শিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কতা ও জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের দ্বারা জারি করা নিরাপত্তা ও আইনি নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধও করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) দূতাবাসের প্রকাশিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, মুঠোফোনে সংরক্ষণ করা, অন্যদের সঙ্গে আদান-প্রদান করা কিংবা ফেসবুক, ইউটিউব ও এক্সসহ (সাবেক টুইটার) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাই প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে, সৌদি আরবের আইন মেনে এ ধরনের ছবি, ভিডিও এবং স্পর্শকাতর তথ্য প্রচার ও আদান-প্রদান থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

এছাড়া, নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজনে দূতাবাসের বিভিন্ন হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫ এবং পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ নম্বরে বিনা মূল্যে কল করা যাবে। ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত প্রয়োজনে বিজ্ঞপ্তিতে ৮০০১০০০১২৪ নম্বর উল্লেখ করা হয়েছে।

এছাড়া, মৃত্যু-সংক্রান্ত জরুরি প্রয়োজনে +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের ফেসবুক পেজের ঠিকানা: https://www.facebook.com/bdembassyriyadh

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় হেরোইন-ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, নারী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


নেত্রকোনায় হেরোইন-ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার, নারী পলাতক

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন ও ১২০ পিস ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. বিল্লাল মিয়া (২৫) নামে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় রাবিয়া আক্তার (৪৪) নামে এক নারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (১২ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয়।

ডিএনসি সূত্রে জানা যায়, রোববার (১১ অক্টোবর) রাতে ঠাকুরাকোণা এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচার গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। রাত ৮টা ১০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত ওই বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে সাদা কাগজে মোড়ানো ৩৫টি হেরোইনের পুরিয়া, যার পরিমাণ ৭ গ্রাম এবং ১২০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার ওজন প্রায় ১২ গ্রাম। জব্দ করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেপ্তার বিল্লাল মিয়া ঠাকুরাকোণা এলাকার সুলতান মিয়া ও রাবিয়া আক্তারের ছেলে। অপরদিকে, পলাতক রাবিয়া আক্তার একই এলাকার মৃত নবী হোসেন ও সালেমা আক্তারের মেয়ে এবং রতন মিয়ার স্ত্রী।

এ ঘটনায় গ্রেপ্তার বিল্লাল মিয়া ও পলাতক রাবিয়া আক্তারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় মামলাটি দায়ের করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া , নেত্রকোনা জেলা প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় তৈরি ১৪০ বোতল ‘ফেয়ারডিল’ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানা পুলিশের রাত্রিকালীন বিশেষ ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে মেনকিফান্দা এলাকায় অভিযান চালানো হয়। এসআই রসুল সায়েদী আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল জনৈক ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে তল্লাশি চালায়। এ সময় দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ‘ফেয়ারডিল’ পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধার করা প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা। মাদকগুলো জব্দ তালিকা প্রস্তুত করে দুর্গাপুর থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযানে এসআই মো. স্বপন মিয়া, এসআই আসাদুজ্জামান, এএসআই আব্দুল কাইয়ুম ফকির এবং কনস্টেবল মো. আলমগীর হোসেন বিপ্লব ও মো. সজীব মিয়া অংশ নেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত: বাল্যবিয়ে রোধে জেলা প্রশাসকের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রব্বানী, স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত: বাল্যবিয়ে রোধে জেলা প্রশাসকের আহ্বান

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। আজ ১২ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠির যৌথ আয়োজনে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমিতে এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ বশির গাজী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ মমিন উদ্দিন কন্যা শিশুদের অধিকার রক্ষা এবং তাদের বিকাশে সমাজের মানসিকতা পরিবর্তনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "কন্যা শিশুরা আমাদের সমাজের বোঝা নয়, বরং আগামী দিনের সম্পদ। আজকের কন্যা শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হবে।

বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জেলা প্রশাসক আরও বলেন, "বাল্যবিয়ে একটি কন্যা শিশুর জীবনকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। শিশু বিয়ে আর নয়—এই স্লোগানকে কেবল মুখে নয়, আমাদের অন্তরে ধারণ করতে হবে। ঝালকাঠি জেলায় বাল্যবিয়ে প্রতিরোধে জেলা প্রশাসন শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখবে। কন্যা শিশুদের উপযুক্ত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন এবং জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়া অন্যান্যের মধ্যে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সেগুফতা মেহনাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শিশু একাডেমি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এবং রুম টু রিড, ঝালকাঠির সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানমালার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল কন্যা শিশুদের অংশগ্রহণে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথিবৃন্দ সমাজসেবামূলক কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। একই সাথে দিনব্যাপী আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%