০৩:১২ পি.এম
বার্সেলোনা ও স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামালের গোল উদযাপনের রহস্য অবশেষে সামনে এসেছে। গোল করার পর তিনি দুই হাত দিয়ে ‘৩০৪’ সংখ্যা তৈরি করে উদযাপন করেন।
এই ‘৩০৪’ আসলে বার্সেলোনার শ্রমজীবী এলাকা রোকাফোন্দার পোস্টাল কোডের শেষ তিন অঙ্ক, যেখানে ইয়ামালের জন্ম ও বেড়ে ওঠা। ইয়ামাল নিজের শিকড়ের প্রতি ভালোবাসা ও এলাকার মানুষের প্রতি সম্মান জানাতেই বিশেষ এই উদযাপনটি করেন।
বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ১৭ বছর বয়সী এই ফুটবলার। অনেকেই এটিকে নিজের পরিচয় ও শেকড়কে সম্মান জানানোর এক অভিনব উদাহরণ হিসেবে দেখছেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এদিকে ইয়ামালের বিনয়ী ব্যক্তিত্বের আরেকটি দৃষ্টান্তও সামনে এসেছে। সম্প্রতি তিনি বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেন। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা ও ক্রীড়া পরিচালক ডেকোর উপস্থিতিতে চুক্তি সম্পন্ন হলেও ইয়ামাল আনুষ্ঠানিক ফটোসেশন স্থগিত রাখার অনুরোধ করেন।
ইয়ামাল চান, তার জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দাদিও পাশে থাকুন। কারণ, অনুষ্ঠানে তার দাদি ফাতিমা উপস্থিত থাকতে পারেননি। তাই তার ১৮তম জন্মদিনের পর জুলাইয়ে দাদিকে সঙ্গে নিয়েই আনুষ্ঠানিক ফটোসেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ইয়ামাল একাধিকবার বলেছেন, মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের পর তার বাবা-পক্ষের দাদি ফাতিমাই তাকে বড় করে তুলেছেন এবং জীবনের মূল্যবোধ শিখিয়েছেন। তাই ইয়ামাল তার সাফল্যের প্রতিটি মুহূর্তে দাদিকে পাশে রাখতে চান।
ফাতিমা ১৯৯০ সালে মরক্কো থেকে বার্সেলোনায় এসে রোকাফোন্দা এলাকায় বসবাস শুরু করেন। পরে ইয়ামালের বাবা মুনির নাসরাউই ও মা শেইলা এবানার বিচ্ছেদের পর নাতির লালন-পালনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
জানা যায়, একসময় ইয়ামাল তার দাদিকে নতুন বাড়ি কিনে দিতে চেয়েছিলেন। কিন্তু ফাতিমা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, তিনি রোকাফোন্দাতেই থাকতে চান, কারণ এই এলাকাটিই তার আপন ঠিকানা।
এদিকে নতুন চুক্তির মাধ্যমে ইয়ামাল ২০৩১ সালের পর্যন্ত বার্সেলোনায় থাকবেন। চুক্তিতে ১ বিলিয়ন ইউরোর বিশাল বাইআউট ক্লজ রাখা হয়েছে, যা ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনায় ইয়ামালের গুরুত্বই তুলে ধরে।
নিজের শিকড়ের প্রতি ভালোবাসা এবং দাদির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এই দুই ঘটনা প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে ফুটবলভক্তদের প্রশংসায় ভাসছেন লামিন ইয়ামাল।
সূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন