০৩:৫৯ পি.এম
দেশের দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী জনপদ টেকনাফ। একসময় সাগরে মাছ শিকার, পানের বরজ, ধান চাষ, সুপারি বাগান, লবণ চাষ, পর্যটন ব্যবসা ও পাহাড়ের খেত-খামার ঘিরেই চলত এ উপজেলার মানুষের জীবন-জীবিকা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় হাতে গোনা কয়েকজন চোরাচালানের সঙ্গে জড়িত থাকলেও অধিকাংশ মানুষ দৃশ্যমান কোনো অপরাধে জড়িত ছিলেন না।
তবে ২০১৭ সালে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও সশস্ত্র গোষ্ঠীর নির্যাতনের শিকার হয়ে বিভিন্ন সময়ে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়। এরপর সময়ের সঙ্গে কিছু স্থানীয় ও রোহিঙ্গার যোগসাজশে এলাকায় অপহরণ, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অস্ত্রের ব্যবহারসহ নানা অপরাধ ছড়িয়ে পড়ে। এতে একসময় শান্ত থাকা টেকনাফের পরিবেশ ক্রমেই অশান্ত হয়ে ওঠে।
মায়ের সামনে সন্তান অপহরণ, ভাইয়ের সামনে বোনকে নির্যাতন, সামান্য কথা-কাটাকাটির জেরে জি-৩, ৯ এমএম ও একে-৪৭-এর মতো ভয়ংকর অস্ত্র প্রদর্শন ও গুলি করে নিরস্ত্র মানুষকে হত্যা, হুমকি দেওয়াসহ নানা ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয়, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপহরণকারী চক্রের সঙ্গে যোগাযোগ করে মানুষকে তাদের আস্তানায় তুলে দেওয়ার ঘটনাও ঘটেছে। মুক্তিপণের টাকা দিতে না পারলে অপহৃত ব্যক্তিদের হত্যার অভিযোগও রয়েছে। এসব অপরাধে আতঙ্কিত হয়ে পড়েন উপজেলার বাসিন্দারা।
আরও পড়ুন: চট্টগ্রামে মোটরসাইকেলে এসে যুবক ইমতিয়াজ সুলতানকে গুলি
অপরাধীদের বিরুদ্ধে কথা বলায় প্রতিবাদকারী ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে। অপহরণকারীদের বন্দিদশা থেকে ফিরে আসা অনেকের নির্যাতনের বর্ণনা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। এসব অপরাধের প্রতিকার চেয়ে উপজেলার বাসিন্দারা বিভিন্ন সময়ে প্রতিবাদ, স্মারকলিপি ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন।
এর পরিপ্রেক্ষিতে অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও বিজিবির ক্যাম্পের পাশাপাশি টেকনাফে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়। অপরাধ নির্মূলে এসব বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৪ ও ২৬ নম্বর ক্যাম্পের পশ্চিমে গভীর পাহাড়ে পাচারের উদ্দেশ্যে লোকজনকে বন্দি করে রাখা অপহরণকারী চক্রের আস্তানায় প্রথমবারের মতো যৌথ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। ওই অভিযানে ৫৭ জন জিম্মিকে জীবিত উদ্ধার করতে গিয়ে পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর সদস্যদের গোলাগুলি হয়। এ সময় রামু সেনানিবাসের আওতাধীন রঙ্গিখালী সেনা ক্যাম্প-১ ইউনিটের সদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরপর থেকে বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে পাহাড়ে অবস্থানরত অপহরণকারী, মানব পাচার ও মাদক পাচার চক্রের সদস্যদের অনেকে যৌথ বাহিনীর অভিযান থেকে বাঁচতে নিজেদের পরিচয় ও বেশভূষা পরিবর্তন করছেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, ৯০ পিস উদ্ধার
নাম প্রকাশ না করার শর্তে লেদা এলাকার এক ব্যক্তি জানান, যৌথ বাহিনীর অভিযানে আটকের ভয়ে বড় বড় মাদক, মানব পাচার ও অপহরণকারী চক্রের সদস্যদের অনেকে খোলস পালটাচ্ছেন। কেউ পাঞ্জাবি-টুপি পরে ভালো মানুষ সাজছেন, কেউ ছোট করে পান-চায়ের দোকান খুলে বসেছেন। আবার কেউ লোকালয়ে এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছেন। গ্রেফতার এড়াতে অনেকে এলাকার বাইরে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন অলিগলিতে বাসা ভাড়া নিচ্ছেন কিংবা জমি কিনে আগে নির্মাণ করা বাড়িঘরে বসবাসের চেষ্টা করছেন।
ওই ব্যক্তির দাবি, এসব অপরাধীর হাতে এখনো অস্ত্র রয়েছে। মানুষ হত্যার রক্ত ও মুক্তিপণের টাকার গন্ধও তাদের হাত থেকে যায়নি। তার দাবি, অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়। যারা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তদন্ত সাপেক্ষে তাদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জি-৩, ৯ এমএম ও একে-৪৭-এর মতো ভয়ংকর অস্ত্র উদ্ধার করতে হবে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, ২০১৭ সালে ঢালাওভাবে টেকনাফে রোহিঙ্গা আসার পর স্থানীয়রা চাষাবাদের জমি, শ্রমবাজার ও চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানমারের নাগরিক ও স্থানীয় কিছু মানুষ মিলে মাদক, মানব পাচার এবং অপহরণের মতো অপরাধে জড়িয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক অভিযান চালিয়েছে। এখন টেকনাফের অপরাধ নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ায় এলাকার মানুষ যথেষ্ট সন্তুষ্ট। অপরাধীদের নির্দিষ্ট কোনো দল, মত বা ধর্মীয় পরিচয় নেই। তাই অপরাধীরা যত শক্তিশালীই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে তারা পুনরায় অপরাধে জড়াতে না পারে।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানান, উখিয়া-টেকনাফের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী চক্রের সদস্যদের গ্রেফতারে টেকনাফে যৌথ বাহিনী কাজ করছে। অপরাধীরা যতই খোলস পালটাক না কেন, তাদের আইনের আওতায় আনতে সবাইকে যৌথ বাহিনীকে সহযোগিতা করতে হবে। এতে উখিয়া-টেকনাফের মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন এবং এলাকাকে অপরাধমুক্ত করা সম্ভব হবে।
আরও পড়ুন: সাজেকে দুর্বৃত্তের গুলিতে আহত অরুণা চাকমা হাসপাতালে চিকিৎসাধীন
সোমবার (৯ নভেম্বর) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, অপরাধীরা নিজেদের রক্ষায় যতই খোলস পালটাক না কেন, তাদের কাছ থেকে রক্ষা পাওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, রোববার মানব পাচারকারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় জড়িত ডাকাত, মাদক ও মানব পাচার চক্রের সদস্যদের গ্রেফতারের লক্ষে হ্নীলা ইউনিয়নের মোচনী নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনী ও এপিবিএন পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও অভিযানস্থল থেকে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন