০৭:১০ পি.এম
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, প্রতিষ্ঠা করেছিলেন বহু শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান। টাঙ্গাইলের সন্তোষে তিনি অন্তত ৩৩টি প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অযত্ন ও অবহেলার কারণে বেশিরভাগ প্রতিষ্ঠান বিলুপ্তির পথে রয়েছে। ভাসানীর স্মৃতিচিহ্নগুলো হারিয়ে যাচ্ছে।
ভাসানীর জীবনের মূল লক্ষ্য ছিল আদর্শিক মানুষ তৈরি করা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সত্যিকারের ইসলামিক দর্শন প্রচারের চেষ্টা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের দর্শন ও কাঠামো তিনি বই আকারে প্রকাশ করেছিলেন। ভাসানীর দৌহিদ্র ও ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু জানিয়েছেন, এটি ছিল উনার জীবনের শেষ ইচ্ছা। তিনি বিশ্বাস করতেন, একদিন কেউ না কেউ সন্তোষে ইসলামের ঝান্ডাকে তুলে ধরবে এবং এখান থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলাম সারাদেশ ও বিশ্বব্যাপী প্রচারিত হবে।
১৯৬৭ সালে মহাচীনের নেতা মাও সেতুং ভাসানীকে উপহার হিসেবে একটি ট্রাকটর দিয়েছিলেন। অর্ধশত বছর ধরে এটি অবহেলিত থাকার পর সম্প্রতি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশের যাদুঘরে ভাসানীর রাজনৈতিক জীবনের কিছু আলোকচিত্র ছাড়া তেমন কিছুই নেই।
আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজের পরিস্থিতিও নাজুক। একটি ভবনের ছয়টি কক্ষের মধ্যে চারটি বর্তমানে পরিত্যক্ত। শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে।
এছাড়া সন্তোষে প্রতিষ্ঠিত রয়েছে একটি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, ঐতিহাসিক দরবার হল, জামে মসজিদ, মুসাফির খানা, পশু হাসপাতাল, কৃষি ও মৎস্য খামার, তাঁত শিল্প, মাতৃসদন কেন্দ্র, ভোগ্য পণ্য সরবরাহ সমিতি ও বহুমুখী কেন্দ্রীয় সমিতি।
ভাসানীর প্রতিষ্ঠিত ঐতিহাসিক দরবার হলের অবস্থা অত্যন্ত খারাপ। মুক্তিযুদ্ধের সময় এটি ছিল মুক্তিকামী নেতাকর্মী ও সাধারণ মানুষের মিলনস্থল। এটি সর্বদলীয় সম্মেলনসহ উল্লেখযোগ্য মুহূর্তগুলোর সাক্ষী। দরবার হলে টিনের ছাদ চুঁইয়ে পানি পড়ে এবং কাঠের স্তম্ভগুলো পঁচে যাচ্ছে।
অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমও অনেক আগেই বন্ধ হয়ে গেছে। পীর শাহজামান, রাবেয়া বসরী ও শাহ এনায়েতউল্লাহ হোস্টেলের কার্যক্রম বন্ধ রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় সূচিশিল্প স্কুল ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিলুপ্ত হয়েছে। সৈয়দ হোসেইন আহমদ মাদানি গ্রন্থাগার, ড. মীর ফখরুজ্জামান পাঠাগার, নার্সারি বাগান এবং ভাসানীর নিজস্ব পত্রিকা ‘হক-কথা’র ছাপাখানা অস্বিত্বহীন হয়ে পড়েছে। ভাসানীর নিজ হাতে রোপণ করা গাছগুলো রাস্তা প্রশস্তকরণের অজুহাতে কেটে ফেলা হয়েছে। ঐতিহাসিক মুসাফিরখানার টিনশেড ঘর ধসে পড়েছে এবং নার্সারি কিন্ডারগার্টেন স্কুল ভবনটিও ধ্বংসের মুখে রয়েছে।
আরও পড়ুন: পাবিপ্রবিতে ছাত্রদলের সভাপতি হলেন বিতর্কিত মো. সালমান খান নয়ন
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি ও পরিষদের সভাপতি আজাদ খান ভাসানী জানিয়েছেন, সন্তোষে প্রতিষ্ঠিত ২৫টি শিক্ষা ও অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে অন্তত ১২টি বন্ধ হয়ে গেছে। ইতিহাস ও ঐতিহ্যের সোনালী অধ্যায় হারিয়ে যাওয়ার আশঙ্কা ভাসানী পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
১৯৯৯ সালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সন্তোষে। এই ক্যাম্পাসেই ভাসানীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের পরিধি দিন দিন বেড়ে যাওয়ার কারণে এসব প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এবং ভাসানী অনুসারীদের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান জানিয়েছেন, মওলানা ভাসানীর স্মৃতি সংরক্ষণ ও চর্চার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মওলানা ভাসানী রিসার্চ সেন্টার পরিচালনা করে আসছে। এখানে ভাসানীর বিভিন্ন স্মৃতি বিজারিত ছবি, ডকুমেন্ট, বই সংরক্ষণ করা হচ্ছে। ভাসানী সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয়ে মাওলানা ভাসানী স্টাডিজ নামে একটি দুই ক্রেডিটের কোর্স চালু করা হয়েছে, যা সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বিভিন্ন অনুষ্ঠানে উল্লেখ করে আসছেন যে, মওলানা ভাসানীর আদর্শ ও দর্শনের ভিত্তিতে আমাদের পথচলা। তাই স্মৃতিধন্য এই প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাসানীর ব্যবহার্য জিনিসপত্র রক্ষিত ভাসানী রিসার্চ সেন্টারটি সংস্কার করা হয়েছে।
আরও পড়ুন: আইইবি নির্বাচনে জয়ী রুয়েটের পাঁচ প্রতিনিধির প্রকৌশলীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন