ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাবিপ্রবিতে ছাত্রদলের সভাপতি হলেন বিতর্কিত মো. সালমান খান নয়ন


পাবিপ্রবিতে ছাত্রদলের সভাপতি হলেন বিতর্কিত মো. সালমান খান নয়ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে মো. সালমান খান নয়নকে নির্বাচিত করা হয়েছে। তবে, তার বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবি ও স্ক্রিনশটের মাধ্যমে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও সমালোচনা চলছে।

শনিবার (১৫ নভেম্বর) পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলামের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে মো. সালমান খান নয়নের নাম ঘোষণা করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায়, নয়ন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করে ছাত্রলীগের আয়োজিত একটি মিছিলে তাকে দেখা গেছে।

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ‘রিসার্চ মেথডোলজি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

এছাড়া, জানা গেছে যে, নয়ন পূর্বে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল্লাহর অনুসারী ছিলেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত।

পাবিপ্রবি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাইমুর নাহিদ ইমনের একটি গ্রুপ থেকে প্রকাশিত স্ক্রিনশটে নয়নের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে। ওই স্ক্রিনশটে নয়নকে লিখতে দেখা যায়, ‘সবাই গেটে আসি, ভাই আসতে বলেছেন।’ এসব ছবি ও স্ক্রিনশট তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

এর আগে সালমান খান নয়ন আলোচনায় এসেছিলেন। দৈনিক ইত্তাফাকে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২৭ অক্টোবর গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা হলে মাদক সেবনের অভিযোগে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। ওই ঘটনায় নয়নের সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা আটক হলেও তিনি পালিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, "আমাদের দলের প্রতি সে ডেডিকেটেড। ৫ আগস্টের পর থেকে আমাদের সঙ্গে তার চলাফেরা রয়েছে। দলের বিভিন্ন কার্যক্রমে এবং বিরোধীদের অপপ্রচার দমনে তার অবদান রয়েছে। ৫ আগস্টের আগেও আমাদের সঙ্গে তার চলাফেরা ছিল।"

আরও পড়ুন: আইইবি নির্বাচনে জয়ী রুয়েটের পাঁচ প্রতিনিধির প্রকৌশলীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি

নয়নের ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা রাজনৈতিক কৌশল ছিল কিনা জানতে চাইলে মুজাহিদ হোসেন বলেন, "এটাকে রাজনৈতিক কৌশল বলব না। তখন সে সরাসরি আমাদের দলে যুক্ত না হলেও আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ও পরিচয় ছিল।"

তিনি আরও বলেন, "তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড বা চলাফেরা সম্পর্কে আমরা এমন কোনো তথ্য পাইনি, যেখানে সে কারও ওপর অত্যাচার-নির্যাতন করেছে কিংবা খারাপ কোনো কাজের সঙ্গে জড়িত ছিল। ফ্যাসিস্ট আমলে ছাত্রলীগের যেসব অপকর্মের কথা বলা হয়, সেগুলোর সঙ্গে তার সম্পৃক্ততার কোনো তথ্য বা আলামত আমাদের কাছে নেই।"

নয়নের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে মুজাহিদ হোসেন বলেন, "এ বিষয়ে সঠিক তথ্য-প্রমাণ আমাদের কাছে নেই। থাকলে অবশ্যই সে বিষয়ে সিদ্ধান্ত নিতাম। তবে মাদকের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি।"

এ বিষয়ে নয়নের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর কী ধরনের চাপ ছিল, তা সবারই জানা। তেমনই কিছু বাধ্যবাধকতা থেকে অনেক সাধারণ শিক্ষার্থীর মতো আমাকেও তখন বিভিন্ন ব্যানারে দেখা গেছে, যা কোনোভাবেই আমার আদর্শিক অবস্থান ছিল না। তবে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা শুরু হওয়ার পরপরই আমি সেই বলয় থেকে পুরোপুরি বেরিয়ে আসি। আমার বিরুদ্ধে কখনো কোনো শিক্ষার্থীকে হয়রানি বা কোনো অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ নেই। ৫ আগস্টের পর মুক্ত পরিবেশে আমি নিজের আদর্শিক জায়গা থেকে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। অতীতের বাধ্যবাধকতার ছবি দিয়ে বর্তমানের আদর্শিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই।

আরও পড়ুন: জবিতে আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপাহারে আ'লীগের তিন নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


সাপাহারে আ

 নওগাঁর সাপাহারে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। গত ১৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজার নির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মেহেদী সরকার, পিতা নুরুল ইসলাম সরকার, সাপাহার বাজার, নওগাঁ; মো. রবিউল ইসলাম (৩৪), পিতা লোকমান আলী, মিছীরা, গাংগুরিয়া, পোরশা, নওগাঁ এবং মিলন চৌধুরী, পিতা মৃত মাইনুর সুলতান চৌধুরী, টিএনটি পাড়া, সাপাহার, নওগাঁ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাপাহার থানায় পৃথক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার নম্বর ১৪, তারিখ ১৭ আগস্ট ২০২৬ এবং অপর মামলার নম্বর ২, তারিখ ৪ নভেম্বর ২০২৬।

গ্রেফতারের পর তাঁদের সাপাহার থানা-পুলিশের হেফাজতে রাখা হয়। পরে সোমবার (১৬ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ভারত-মিয়ানমার সীমান্তের শূন্য রেখা থেকে ৮ সন্দেহভাজন নাগরিক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


বান্দরবানে ভারত-মিয়ানমার সীমান্তের শূন্য রেখা থেকে ৮ সন্দেহভাজন নাগরিক আটক

বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যাদের মধ্যে ছয়জন বাংলাদেশী নাগরিক। আটককৃত অপর দুইজন স্থানীয় ম্রো সম্প্রদায়ের সদস্য, যারা ছয় বাংলাদেশীর গাইড হিসেবে কাজ করছিলেন।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বান্দরবানের রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার।

আটক ছয় বাংলাদেশির মধ্যে রয়েছেন ঝিনাইদহের বারইহুদা গ্রামের মো. আব্দুল আহাদ (২২), বরগুনার নারুলি পশ্চিম পাড়ার মো. হাসান সিহাব (২৮), ঢাকার খিলক্ষেতের মো. নাহিদ হাসান আশিক (৩৩), পোস্টগোলা এলাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার জিনাগড় গ্রামের মো. হোসেন শরিফ (২৯) এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গার মো. মিনহাজুর রহমান সানি (২৬)।

অপর দুইজন আটককৃত হলেন স্থানীয় লংওয়াং মুরং (২৫) ও তনয় মুরং (৩০)। বিজিবি জানায়, গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন জেলা থেকে আসা ছয় বাংলাদেশি তাদের সঙ্গে থাকা দুই স্থানীয় গাইডকে নিয়ে থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় গিয়েছিলেন। পরে তারা বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন। তাদের সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালান। ১৫ নভেম্বর রাতে ২৩/৩৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে আটজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘ সময় অবস্থান ও রাতযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, চাপাতি, তাঁবুসহ ক্যাম্পিংয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার বলেন, আটক ব্যক্তিরা বেশ কয়েক দিন ধরে সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, তারা কেন সীমান্তবর্তী দুর্গম এলাকায় অবস্থান করছিলেন এবং কোনো সশস্ত্র সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা পুলিশ তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তরের কাজ চলছে।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে রুমা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন নুর মো. নাহিয়ান ইসলাম, কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী এবং অনারারি সহকারী পরিচালক শ্রী সরোজ কুমার সাহা সহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, অনুমোদনহীন রঙের ব্যবহারসহ মিলেছে নানা অনিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, অনুমোদনহীন রঙের ব্যবহারসহ মিলেছে নানা অনিয়ম

মাদারীপুর শহরের শকুনি লেকপাড় এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে সাতটি রেস্টুরেন্টকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাদ্য সংরক্ষণে অনিয়ম, অনুমোদনহীন রঙের ব্যবহারসহ বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ব্রেকহলি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, ক্রেভিং রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, সিক্রেট সল্টকে ১৫ হাজার টাকা, স্ন্যাকস ইন রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, লবঙ্গ রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং ব্লু বাইট ও ফুড ল্যাব রেস্টুরেন্টকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানকালে রেস্টুরেন্টগুলোর রান্নাঘরে অপরিচ্ছন্ন পরিবেশ, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ এবং একই চপিং বোর্ডে মাছ-মাংস ও সালাদ কাটার মতো অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া আগের দিনের ভাজাপোড়া খাবার ফ্রিজে খোলা অবস্থায় সংরক্ষণ, কেক তৈরিতে অনুমোদনহীন রঙের ব্যবহার, প্রয়োজনীয় অনুমোদনপত্র ও ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকা এবং অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদোত্তীর্ণ হওয়ার বিষয়টিও ধরা পড়ে।

অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবার রহমান রিপন এবং মো. আব্দুল আহাদ। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও কৃষি বিপণন কর্মকর্তা মো. রুবেল হোসেন উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসায়নিক সার মিলছে না, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


রাসায়নিক সার মিলছে না, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান

প্রায় দুই দশক ধরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর হাজারবিঘী গ্রামের মো. আব্দুর রহীম, যিনি শাহজাহান আলী নামে পরিচিত, বিভিন্ন এলাকায় কলা, আম, বরই, স্ট্রবেরি সহ নানান ধরনের ফল ও ফসল চাষ করে আসছেন। তিনি প্রায় ৫০ বিঘা জমিতে কলাসহ মোট ৭০ বিঘা জমিতে বিভিন্ন ফসল চাষ করে সফল কৃষি উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। তার পরামর্শে উপজেলার প্রায় দেড় শতাধিক ক্ষুদ্র কৃষকও চাষাবাদে যুক্ত হয়েছেন।

তবে বর্তমানে রাসায়নিক সারের অভাবে তিনি চরম বিপাকে পড়েছেন। পদ্মা নদীর চরাঞ্চলে ৫০ বিঘা জমিতে প্রায় ১৫ হাজার কলাগাছ চাষ করেছেন তিনি। কিন্তু প্রয়োজনীয় সার না পাওয়ার কারণে বড় ধরনের লোকসানের শঙ্কা করছেন।

শাহজাহান আলী জানান, সার প্রয়োগের জন্য তার ৬০ বস্তা সার প্রয়োজন। বিভিন্ন ডিলারের কাছে ঘুরে সার না পেয়ে শেষে কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেও তিনি মাত্র এক বস্তা সার পেয়েছেন। এই পরিস্থিতিতে তিনি হতাশ।

তিনি বলেন, "সরকার বলছে, দেশে সারের সংকট নেই এবং কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। তাহলে আমার ৬০ বস্তা সার প্রয়োজন হলেও দিনের পর দিন ঘুরে মাত্র এক বস্তা পেলাম কেন?" কৃষকদের প্রকৃত চাহিদা সম্পর্কে কৃষি কর্মকর্তাদের অবগতির বিষয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

শাহজাহান আলী আরও জানান, লক্ষাধিক টাকা বিনিয়োগ করে তিনি কলা চাষ করেছেন। বর্তমানে সার প্রয়োগের উপযুক্ত সময়। প্রয়োজনীয় পরিমাণ সার না পেলে কলার উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে, যা তার মূলধন হারানোর পাশাপাশি কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্নও ভেঙে দিতে পারে। একই সঙ্গে ক্ষুদ্র কৃষকদেরও চাষাবাদে উৎসাহ হারানোর আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, শাহজাহান আলী শিবগঞ্জ উপজেলার অন্যতম বড় কলাচাষি। দুর্গম চরাঞ্চলে বিপুল পরিমাণ জমিতে কলা চাষের পাশাপাশি তিনি অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন। দীর্ঘদিন ধরে তিনি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে কলা সরবরাহ করে আসছেন। এছাড়া খুলনা, ফেনী, সিলেট, কুমিল্লা এবং ঢাকার বাদামতলী, যাত্রাবাড়ী, কারওয়ান বাজার ও মিরপুরে বিভিন্ন ফল ও ফসল সরবরাহ করেন।

স্থানীয়দের মতে, শাহজাহান আলীর মতো একজন আদর্শ কৃষক ও উদ্যোক্তার পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা উচিত সরকার ও কৃষি বিভাগের।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া বলেন, একজন চাষি ৫০ বিঘা জমিতে কলা চাষ করেও সার পাচ্ছেন না, এমন তথ্য পাওয়ার পর তাকে ডেকে দুই দফায় কিছু সারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সাধ্যমতো ওই কৃষকের পাশে থাকবে শিবগঞ্জ কৃষি বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%