ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার


রাঙামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটির ঝুলন্ত সেতুতে সাত দিন পর পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

এর আগে, গত শনিবার কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে ঝুলন্ত সেতুর পাটাতন এক ফুট পর্যন্ত ডুবে যাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার ফলে ধীরে ধীরে হ্রদের পানি কমতে শুরু করে। এর ফলে, ছয় দিন পর শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে গিয়ে সেতুটি দৃশ্যমান হয়ে ওঠে।

আরও পড়ুন: দালালদের দিন শেষ: কাঠালিয়া থানায় সরাসরি সেবা পাচ্ছেন সাধারণ মানুষ

পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, কাপ্তাই হ্রদে পানি কিছুটা কমে আসায় সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। গতকাল সেতুর ঘষামাজা সম্পন্ন করে পর্যটকদের চলাচলের জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার দুপুর থেকে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে, পর্যটকরা আবারও ঝুলন্ত সেতুর সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে ভারী বৃষ্টির পর ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


চীনে ভারী বৃষ্টির পর ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির পর ভূমিধসের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার ভোর ৪টার দিকে প্রদেশটির জিয়ান শহরের সুইচুয়ান কাউন্টির একটি গ্রামে ভূমিধসের এই ঘটনা ঘটে। সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই তথ্যটি স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে।

কাউন্টির বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর জানায়, কয়েক দিন ধরে চলতে থাকা ভারী বৃষ্টির কারণে ভূমিধসের এই ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের মতে, টাইফুন সাউডেলের প্রভাবে ওই অঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে।

ভূমিধসের পর তিনজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একজনের মৃত্যু হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ব্যাপক অভিযান শুরু হয়েছে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে। নতুন করে ভূমিধস বা অন্য কোনো দুর্যোগের ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউসের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউসের ইন্তেকাল

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর মধ্যবাড্ডার নিজ বাসায় ইন্তেকাল করেন।

শনিবার খেলাফত মজলিসের পক্ষ থেকে এক শোক বার্তায় তাঁর মৃত্যুর খবর প্রকাশ করা হয়। মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাকের মরদেহ বরিশালের চরমোনাইয়ে নেওয়া হবে। সেখানে তাঁকে দাফন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক খেলাফত মজলিসের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এটি উল্লেখযোগ্য যে, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাকের তৃতীয় সন্তান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনার মুখে স্থগিত হলো আইয়ুব বাচ্চুর ২০ গানের ‘উত্তরাধিকার’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


সমালোচনার মুখে স্থগিত হলো আইয়ুব বাচ্চুর ২০ গানের ‘উত্তরাধিকার’

কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুর গান নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে নতুন সংগীতায়োজনে তুলে ধরার উদ্যোগ ছিল ‘উত্তরাধিকার’। তবে, এই খবর প্রকাশের পরপরই সমালোচনার ঢেউ উঠে। ভক্তদের একাংশের অসন্তোষ এতটাই বেড়ে গেছে যে, আয়োজকেরা প্রকল্পটির কার্যক্রম আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে গত ১৬ আগস্ট শুরু হয়েছিল ২০টি গান নিয়ে সাজানো এই ট্রিবিউট অ্যালবামের যাত্রা। পরিকল্পনা অনুযায়ী, তার জনপ্রিয় গানগুলো নতুন শিল্পীদের কণ্ঠে ও নতুন সংগীতায়োজনে প্রকাশ করার কথা ছিল। ইতোমধ্যে কয়েকটি গান প্রকাশের পর নতুন সংগীতায়োজন নিয়ে প্রশ্ন তোলেন বাচ্চুর ভক্তদের একাংশ। এর পর সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা শেষে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যে প্রকাশিত চারটি গান সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি প্রকাশের অপেক্ষায় থাকা ১৩টি গানও আপাতত শ্রোতাদের সামনে আনা হবে না। এলআরবির সদস্য শামীম আহমেদ জানান, সংশ্লিষ্ট সবার কাছে আবেগের জায়গা আইয়ুব বাচ্চু। তার কালজয়ী সৃষ্টির যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন- এ বিষয়ে সবাই একমত হয়েছেন। তিনি বলেন, শিগগিরই আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল গঠন করা হবে। এরপর গানগুলো প্রকাশের উপযোগী মনে হলে সেগুলো শ্রোতাদের কাছে তুলে দেওয়া হবে।

প্রকল্পটি স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তারও। তবে, এই সিদ্ধান্তে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাদের বক্তব্য, আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তারা তার গান নতুনভাবে পরিবেশন করেছেন। তারা দাবি করেছেন, এর পেছনে ব্যক্তিগত আর্থিক লাভের কোনো উদ্দেশ্য ছিল না।

শিল্পীদের ভাষ্য, কোনো গান শ্রোতাদের ভালো না লাগলে সমালোচনা করার অধিকার অবশ্যই রয়েছে। তবে, অন্য কেউ আইয়ুব বাচ্চুর গান গাইতে পারবেন না- এমন মানসিকতাকে তারা সমর্থন করছেন না।

‘উত্তরাধিকার’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে সাতটি গান প্রকাশ পেয়েছিল। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয় আইয়ুব বাচ্চুর বহুল জনপ্রিয় গান ‘রুপালি গিটার’। এছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’, কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’, জয় শাহরিয়ারের গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’ প্রকাশিত হয়েছিল।

তবে ভক্তদের প্রতিক্রিয়া ও সংশ্লিষ্টদের মতামতের পর আপাতত থেমে গেছে ‘উত্তরাধিকার’-এর পথচলা। এখন আইয়ুব বাচ্চুর পরিবারের সঙ্গে আলোচনার পর প্রকল্পটি নতুন করে কীভাবে এগোয়, সেটিই দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের

নাইজারের রাজধানী নিয়ামেতে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার পেছনে ফ্রান্সের মূল ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করে গুরুতর অভিযোগ তুলেছে নাইজারের সামরিক সরকার। শুক্রবার দেশটির জাতীয় টেলিভিশনে প্রচারিত এক সরকারি বিবৃতিতে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

 

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৯ আগস্ট রাজধানী নিয়ামেতে বিমানবন্দর এবং প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে বিদ্রোহী সেনাসদস্যরা হামলা চালায়। ২০২৩ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা আব্দুর রহমান তিয়ানির সরকারের জন্য এটি ছিল নতুন একটি বড় চ্যালেঞ্জ। হামলার সময় সামরিক ঘাঁটিতে বিকট বিস্ফোরণ ও দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে, তবে পরের দিন রুশ প্যারামিলিটারি বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নাইজারের সেনাবাহিনী।

শুক্রবার দেশটির মন্ত্রিসভা এক বৈঠকে বসে নিশ্চিত করে যে, এই হামলার পেছনে ফ্রান্সের নেতৃত্বাধীন একটি বিশাল চক্রান্তকারী নেটওয়ার্ক ছিল।

 

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই হামলার পেছনে ফ্রান্সের জড়িত থাকার পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও দলিল জড়ো করা হয়েছে। নাইজার সরকার আন্তর্জাতিক আদালতে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রাখে।’

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে বেশ কিছুদিন ধরে বিদ্রোহীদের দমন করতে গিয়ে সেনাবাহিনী চাপের মুখে রয়েছে। এ কারণে দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে অভ্যন্তরীণ অসন্তোষও তৈরি হয়েছে।

 

এর আগে রাজধানীতে ঘটে যাওয়া বিভিন্ন বিশৃঙ্খলার জন্য ফ্রান্স এবং আশপাশের কয়েকটি দেশকে দায়ী করেছিলেন তিয়ানি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%