ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

ডাকবাংলো থেকে ৩ লাশ উদ্ধার, মেয়েদের হত্যার পর আত্মহত্যা করেন ইতি রানী: পুলিশ


ডাকবাংলো থেকে ৩ লাশ উদ্ধার, মেয়েদের হত্যার পর আত্মহত্যা করেন ইতি রানী: পুলিশ

চার লাখ টাকার ঋণ, সংসারের অভাব-অনটন এবং কিস্তি পরিশোধের উদ্বেগ—এসবের চাপের কারণে দুই মেয়েকে হত্যা করার পর মা আত্মহত্যা করেছেন বলে পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলায় মা ও দুই মেয়ের মৃত্যুর ঘটনায় দীর্ঘ তদন্তের পর এ তথ্য জানায় পুলিশ। তবে, পুলিশি ধারণা প্রত্যাখ্যান করে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করেছেন মামলার বাদী ও নিহত নারীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে সংবাদ সম্মেলনে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান এ তথ্য জানান।

আরও পড়ুন: ফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে : শফিকুর রহমান

পুলিশ জানায়, গত ৩ মার্চ বরগুনা জেলা পরিষদের ডাকবাংলার তৃতীয় তলার দুটি কক্ষ থেকে ইতি রানী বিশ্বাস (৩৪) এবং তার দুই মেয়ে আরাধ্যা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাস (৩) এর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার দিন সকালে পরিচ্ছন্নতার কাজের জন্য দুই মেয়েকে নিয়ে ডাকবাংলায় গিয়েছিলেন ইতি রানী। এ ঘটনায় তার স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে বরগুনা সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের দেওয়া তথ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ঘটনার দিন সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ইতি রানী দুই মেয়েকে নিয়ে ডাকবাংলায় প্রবেশ করেন। পরে তারা তৃতীয় তলায় যান। সকাল ১০টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে বড় মেয়ে আরাধ্যা ৩ নম্বর কক্ষে প্রবেশ করে। কিছুক্ষণ পর ইতি রানী ছোট মেয়ে অনুরাধাকে ৪ নম্বর কক্ষে রেখে ৩ নম্বর কক্ষে প্রবেশ করেন।

ফুটেজ অনুযায়ী, প্রায় ২২ মিনিট পর সকাল ১১টা ১৩ মিনিট ২৩ সেকেন্ডে ইতি রানী ৩ নম্বর কক্ষ থেকে বের হয়ে ১১টা ১৩ মিনিট ২৬ সেকেন্ডে ৪ নম্বর কক্ষে প্রবেশ করেন। এরপর তাদের কাউকেই জীবিত অবস্থায় কক্ষ থেকে বের হতে দেখা যায়নি।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যে ইতি রানী দুই মেয়েকে কোমল পানীয় অথবা খাবার পানির সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করানোর পর শ্বাসরোধে হত্যা করে থাকতে পারেন। পরে নিজেও চেতনানাশক ওষুধ সেবন করে আত্মহত্যা করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

আরও পড়ুন: জামায়াতকে সন্দেহ করার কারণ বিএনপির মধ্যে দূরত্ব বাড়ছে

পুলিশের দেওয়া তথ্যে ময়নাতদন্তের রিপোর্টে চিকিৎসকদের চূড়ান্ত প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ইতি রানীর মৃত্যুর বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তার মৃত্যু হয়েছে ‘বেঞ্জোডায়াজেপিন’ জাতীয় রাসায়নিকের বিষক্রিয়ায় এবং তা আত্মহত্যাজনিত।

অন্যদিকে, আরাধ্যা ও অনুরাধার মৃত্যুর কারণ হিসেবে একই ধরনের রাসায়নিকের বিষক্রিয়ার পাশাপাশি আঘাতজনিত শ্বাসরোধের কথা উল্লেখ করা হয়েছে। তাদের মৃত্যু হত্যাজনিত বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। তবে তিনজনের কারও ক্ষেত্রে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চার লাখ টাকার বেশি ঋণ—

পুলিশের তদন্তে উঠে এসেছে, দুলাল চন্দ্র বিশ্বাস পেশায় সুপারি ব্যবসায়ী এবং দর্জি। তার ছোট টেইলারিং দোকান এবং সীমিত পরিসরের সুপারি ব্যবসা থেকে সংসারের ব্যয় নির্বাহ করা কঠিন ছিল। তাদের পুরোনো বসতভিটা প্রায় ৩০ বছর আগে নদীভাঙনে বিলীন হয়ে যায়। এরপর থেকে তারা সরকারি জায়গায় বসবাস করছিলেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

পুলিশের তথ্য অনুযায়ী, ইতি রানী পাঁচটি এনজিও থেকে মোট ২ লাখ ২৭ হাজার ৭২৩ টাকা এবং দুলাল চন্দ্র বিশ্বাস একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা ঋণ নেন। এ ছাড়া অনিল রায় ও বাবুল রায়ের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন তারা। সব মিলিয়ে তাদের ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৭ হাজার ৭২৩ টাকা।

তদন্তে বলা হয়েছে, ঋণের কিস্তি পরিশোধ নিয়ে ইতি রানী মানসিক দুশ্চিন্তায় ভুগতেন। সংসারের আর্থিক অবস্থার উন্নতি ও স্বামীকে সহযোগিতার জন্য মৃত্যুর প্রায় দুই মাস আগে মাসিক তিন হাজার টাকা বেতনে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দেন তিনি। পারিবারিক আর্থিক সংকট ও ঋণের চাপ তার হতাশার অন্যতম কারণ ছিল বলে পুলিশ মনে করছে।

মামলার বাদী দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি। তাতে কী লেখা এসেছে, তাও জানি না। ঋণের কারণে আমার স্ত্রী দুই সন্তানকে মেরে ফেলবে, তা হতে পারে না। আমার স্ত্রী ও দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার চাই।’

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানিয়েছেন, তদন্তকারী কর্মকর্তা মামলার আলামত, সাক্ষ্যপ্রমাণ, সিসিটিভি ফুটেজ ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করেছেন। খুব শিগগিরই আদালতে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

আরও পড়ুন: বিএমইউয়ে অধ্যাপক ডা. মবিন খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


৪ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ, বৃষ্টিতে বন্ধ খেলা

বাংলাদেশের ব্যাটারদের জন্য জোমেল ওয়ারিক্যানকে সামলানো প্রথম ইনিংসে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় ইনিংসে সেই ভুলভ্রান্তি সংশোধন করতে পারছে না স্বাগতিক দল।

এখন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজের ঘূর্ণি মোকাবেলা করতে বাংলাদেশের ব্যাটাররা হিমশিম খাচ্ছেন। ১৩ ওভারে ৩৪ রান সংগ্রহের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে নেই। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড মাত্র ৬১ রান। মিরপুরে বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। ফলে দুই দল আগেভাগেই চা বিরতিতে চলে গেছে।

দারুণ ব্যাটিং করা (৪৩*) চেজ এখন বাংলাদেশের জন্য বোলিংয়ের দিক থেকেও মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন। তার বোলিংয়ে চার উইকেটের তিনটি তিনি নিয়েছেন, অন্যটি শামার জোসেফের।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সাদমান ইসলাম ১৩ রানে আউট হয়েছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন ১০ রান। তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় রানের খাতাই খুলতে পারেননি।

লিটন ৪ রানে এবং জাকের আলী ১ রানে অপরাজিত আছেন। ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়ার কারণে মুমিনুল হক এই টেস্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে জাকের খেলছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেনিফার লরেন্স ‘হাঙ্গার গেমস’ সিনেমায় ক্যাটনিস চরিত্রে ফিরছেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


জেনিফার লরেন্স ‘হাঙ্গার গেমস’ সিনেমায় ক্যাটনিস চরিত্রে ফিরছেন

‘হাঙ্গার গেমস’ সিনেমার ভক্তদের জন্য একটি আনন্দদায়ক খবর এসেছে। ক্যাটনিস এভারডিন চরিত্রে আবারও পর্দায় উপস্থিত হচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। এর পাশাপাশি, তার পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গেও পুনর্মিলন ঘটছে। নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ তাদের দেখা যাবে।

বুধবার (২৮ অক্টোবর) অ্যালেক্স কুপারের পডকাস্ট ‘কল হার ড্যাডি’-তে অতিথি হিসেবে এসে বিষয়টি নিশ্চিত করেন জেনিফার লরেন্স। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মকিংজে পার্ট টু’-এর পর এই প্রথমবারের মতো একসঙ্গে শুটিং করছেন তিন অভিনেতা।

নতুন সিনেমায় ফিরে আসার অভিজ্ঞতাকে তিনি অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন। লরেন্স জানান, শুটিংয়ে ফিরে গিয়ে তিনি পুরোনো কলাকুশলীদের আবার দেখতে পেয়েছেন। একই ক্যামেরা টিম, একই সহকারী পরিচালক—সব মিলিয়ে পুরোনো দিনের স্মৃতি তার মনে ফিরে এসেছে। সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনকে তিনি একটি সুন্দর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে ক্যাটনিস চরিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন লরেন্স। তবে এবার তিনি সরাসরি বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজান কলিন্সের ২০২৫ সালের একই নামের উপন্যাস অবলম্বনে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমার গল্প মূল ট্রিলজির ২৪ বছর আগের ঘটনাকে কেন্দ্র করে। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনাথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার কাহিনি তুলে ধরা হবে। সিনেমার মূল গল্পে ক্যাটনিসের উপস্থিতি নেই। তবে বইয়ের শেষের বর্তমান সময়ের অংশে বয়স্ক হেইমিচকে ক্যাটনিস ও পিটা মেলার্কের সঙ্গে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সেই অংশেই ফিরবেন লরেন্স ও হাচারসন। সিনেমায় হেইমিচের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাদা।

ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিলি রে। এতে আরো অভিনয় করেছেন র‍্যালফ ফাইনস, জেসি প্লেমনস, এল ফ্যানিং, ম্যাকেনা গ্রেস, হুইটনি পিক, কেলভিন হ্যারিসন জুনিয়র, মায়া হক, বিলি পোর্টার, গ্লেন ক্লোজ ও কিয়েরান কালকিন। সিনেমাটির মুক্তির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারিত হয়েছে।

পডকাস্টে অভিনয়ের পাশাপাশি শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন জেনিফার লরেন্স। নাম প্রকাশ না করা একটি সিনেমার শুটিংয়ে নগ্ন দৃশ্য ধারণের সময় অনুমোদনহীন কয়েকজন কলাকুশলীর উপস্থিতি নিয়ে তিনি আপত্তি জানান। তার মতে, সেটে নিরাপত্তা ও সম্মতির নিয়ম মানা অত্যন্ত জরুরি। বিশেষ করে নতুন ও অনভিজ্ঞ অভিনয়শিল্পীদের সুরক্ষায় এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা অধিকারের আগে থাকা ‘মানব’ শব্দটিই ভুলে গেছি: প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


আমরা অধিকারের আগে থাকা ‘মানব’ শব্দটিই ভুলে গেছি: প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী মন্তব্য করেছেন, বর্তমান বিশ্বে 'জোর যার মুল্লুক তার' এই নীতিটি ক্রমশ বাস্তবায়িত হচ্ছে। পৃথিবীর দিকে তাকালে এর উদাহরণ স্পষ্টভাবে দেখা যায়। তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করতে চাননি এবং শালীনতার খাতিরে তা থেকে বিরত থাকছেন। তবে প্রধান বিচারপতি মনে করেন, মানবতা ও মানবাধিকার আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 'সামসময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন' শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

প্রধান বিচারপতি আরও বলেন, বর্তমান বিশ্বে মানুষের জীবন সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন পণ্য বা সম্পদ। তিনি এই মতের প্রতি অটল রয়েছেন এবং এর অসংখ্য উদাহরণ রয়েছে। তথ্যসূত্র বা উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন নেই, চারপাশে তাকালেই তা দেখা যায়।

তিনি উল্লেখ করেন, বাঘের অধিকার, কচ্ছপের অধিকার, শিশুদের অধিকার, শ্রমের অধিকার এবং শ্রমিকদের অধিকার—এইভাবে আমরা অধিকারের বিভিন্ন শ্রেণিবিভাগ করে থাকি। কিন্তু মানবাধিকার তো মানবাধিকারই। অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে, অধিকারের আগে থাকা ‘মানব’ শব্দটিই যেন ভুলে গেছি।

প্রধান বিচারপতি আরও বলেন, "আমরা কি এমন একটি দিনের কথা বলতে পারি, যেদিন কোনো একটি দেশ, এমনকি কোনো একটি শহরেও একজন নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেনি? এমন কোনো দিনের কথা কি আপনার মনে পড়ে? আমার তো পড়ে না। তবে আমার মতের সংশোধন হলে আমি তা গ্রহণ করতে প্রস্তুত।"

আন্তর্জাতিক এই সম্মেলনে দেশের বাহিরে থেকে আগত গবেষক ও শিক্ষাবিদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু বলেন, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, দক্ষিণ সুদান, নামিবিয়া, গ্রিসসহ বিভিন্ন দেশ থেকে গবেষক ও শিক্ষাবিদদের অভাবনীয় সাড়া আমাদের সম্মেলনকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। জমা পড়া অসংখ্য গবেষণাপত্রের সারসংক্ষেপ থেকে মৌলিকত্ব ও একাডেমিক মানদণ্ডের ভিত্তিতে উপযুক্ত গবেষণাপত্র নির্বাচন করায় Abstract Selection Committee-কে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি দেশ-বিদেশ থেকে আগত সম্মানিত সেশন চেয়ার ও প্যানেল আলোচকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবান মতামত এই সম্মেলনের গবেষণামূলক আলোচনা ও একাডেমিক উৎকর্ষকে আরও সমৃদ্ধ করবে।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো আমাদের জন্য নতুন উদ্বেগের সৃষ্টি করছে। এমন একটি জটিল বৈশ্বিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, মানবতা ও আইনের মধ্যকার সম্পর্ক নতুন করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক নীতি। তবে সার্বভৌমত্বের পাশাপাশি মানবিক মর্যাদা রক্ষা, মৌলিক অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সম্মিলিত দায়িত্বও যথাযথভাবে পালন করতে হবে।

উপাচার্য আরও বলেন, আইনের শাসন কেবল রাষ্ট্র পরিচালনার একটি মাধ্যম হিসেবেই কাজ করবে না; বরং অন্যায়, বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবেও ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, বেসরকারি বাহিনী, অভিবাসন এবং আন্তর্জাতিক সংঘাতের মতো বিষয়গুলো বিশ্বজুড়ে নতুন নতুন আইনি ও নৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন উদ্ভাবনী আইনি চিন্তাভাবনা, আন্তবিষয়ক গবেষণা এবং আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, দেশ ও দেশের বাইরের গবেষক ও শিক্ষাবিদসহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ সন্তুষ্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ সন্তুষ্ট

জেকে লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ করে এবং এটির কার্যক্রম পরিদর্শন করে সেবার পরিধি আরও সম্প্রসারণের জন্য পরামর্শ প্রদান করেন মি. এ জয়া প্রকাশ।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, অভিজ্ঞ এস্থেটিক সার্জন এবং এজ(বয়স) ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মি. এ জয়া প্রকাশ (Mr. A Jeya Prakash) বুধবার (২৮ অক্টোবর) জেকে লাইফস্টাইলের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় তিনি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসক ও পুষ্টিবিদদের লাইফস্টাইল কনসাল্টেন্সি, অত্যাধুনিক ল্যাবরেটরিতে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে কেন্দ্র করে পরিচালিত কার্যক্রম সম্পর্কে অবগত হন।

মি. এ জয়া প্রকাশ দীর্ঘদিন ধরে এস্থেটিক সার্জারি ও এজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। তার বর্ণিল ক্যারিয়ারে প্রাধান্য পাওয়া বিষয়গুলো হচ্ছে- স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখা, বয়স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো যথাযথভাবে মোকাবিলা করা এবং চিকিৎসার ফলাফল সম্পর্কে বাস্তবসম্মত প্রত্যাশা তৈরি করা।

তিনি তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির আলোকে জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা উদ্যোগ সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে মি. এ জয়া আল্টিমেট অর্গানিক লাইফের অর্গানিক ফুড, জেকে ফুড অ্যারেনার স্বাস্থ্যসম্মত খাবার ও খাদ্যাভ্যাসবিষয়ক উদ্যোগ এবং জেকে ফিটনেস অ্যারেনার ফিটনেস কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত ধারণা লাভ করেন।

মি. এ জয়া প্রকাশ জেকে লাইফস্টাইলের বিভিন্ন সেবামূলক কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একইসঙ্গে মানুষের কল্যাণে এসব উদ্যোগের পরিধি সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আরও বেশি মানুষের কাছে সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

জেকে লাইফস্টাইলের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং মানুষের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা অটোফেজি, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির গুরুত্ব তুলে ধরা। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি পুষ্টি পরামর্শ, চিকিৎসকের নির্দেশনা, স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার এবং ফিটনেস কার্যক্রমকে সমন্বিতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%