১২:০২ এম
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মদ আল-আমিন।
এ সম্মেলনে জেলার ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, উলামা মাশায়েখ আইন পরিষদ, ইসলামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ মুজাহিদ কমিটিসহ সাত উপজেলা ও চার পৌরসভার নেতৃবৃন্দ অংশ নেন।
আরও পড়ুন: কম্বোডিয়ায় আটকেপড়া ১৮০০ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দ্রুত ফিরিয়ে আনার দাবি
জেলা কমিটির সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন হাফেজ মাওলানা রমজান আলী, মাওলানা আওলাদ হুসাইন, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, মুফতি হেলাল উদ্দিনসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইন।
সম্মেলনের শুরুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২০২৫-২০২৬ সালের দ্বি-বার্ষিক জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সাত উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের গোপন ব্যালটের মাধ্যমে নতুন জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।
ভোটের মাধ্যমে প্রভাষক আব্দুল মাজেদ পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং মুফতি আল আমিন বিন হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে দায়িত্বশীলদের নাম পরবর্তী সভায় চূড়ান্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা জানানো হয়।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না: যুবদল নেতা আব্দুল্লাহ আল মাসুদ সুমন
শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ পাঠ করানো হয় এবং দোয়া পাঠের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন