১২:০৭ এম
বরিশালের হিজলা উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। নেতার নাম ফরিদ উদ্দিন বেপারী। তিনি হিজলা গৌরবদি ইউনিয়ন বিএনপির আহবায়ক। রবিবার (২৬ জুলাই) বিকেলে হিজলা গৌরবদি ইউনিয়নের মান্দ্রা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করার পর প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থা অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদ উদ্দিন বেপারীর ছেলে আমান উল্লাহ কালের কণ্ঠকে বলেছেন, তার বাবা ফরিদ উদ্দিন বেপারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হিজলা গৌরবদি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার পরিকল্পনা করছেন। এই লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রবিবার বিকালে তিনি বাসা থেকে বেরিয়ে প্রচারণা চালাতে থাকেন এবং মান্দ্রা বাজার এলাকায় আসার পর দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খোকন দপ্তরির অনুসারী ইসমাইল মোল্লা, হুমায়ুন তালুকদার ও তানভীর তালুকদারসহ ১৫/২০ জন অতর্কিত হামলা চালায় তাঁর ওপর। তখন হঠাৎ করে তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি, পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। হিজলা থানার ওসি মো. সোলায়মান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফরিদ উদ্দিন বেপারীকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন