০৪:০৭ পি.এম
জেলার সাজিদ জুট মিলে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় পুলিশ পাবনা থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। পুলিশের গ্রেফতারকৃতদের সঙ্গে লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায়, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক তাঁর অফিসে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, পাবনা জেলার আটঘড়িয়া থানার হায়দারপুর গ্রামের মৃত বেল্লাল মৃধার ছেলে মাহাতাব মৃধা, একই থানার তারাপাশা এলাকার গোলাপ হোসেনের ছেলে সেলিম হোসেন, সদর থানা এলাকার মাছিমপুর থেকে মৃত আকুব্বর প্রামানিকের ছেলে লিটন প্রামানিক, একই থানার চরঘোষপুর এলাকার মিঠু শেখের ছেলে সাদ্দাম হোসেন, একই এলাকার মৃত মোফাজ্জল মন্ডল এর ছেলে আব্দুল খালেক এবং কোষাখালী এলাকার আজগর আলীর ছেলে সাগর শেখ।
প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জানান, চলতি বছরের ৩০ মে রাতে লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় সাজিদ জুট মিলে অজ্ঞাত ১২/১৪ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে মিলের পিছন দিক দিয়ে মিলের ভিতরে প্রবেশ করে। ডাকাতরা পরে মিলের একজন মেকানিকেল ইঞ্জিনিয়ারসহ ৪ জন স্টাফকে বেঁধে পৃথক পৃথক ঘরে ফেলে রেখে সারা রাত মালামাল লুট করে। ডাকাতরা পরে একটি পিকআপ ভ্যানে করে ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
একই দিন বিকালে জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদি হয়ে লালপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন।
পুলিশ পরে এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করে এবং তদন্ত শুরু করে। তদন্ত ফলস্বরূপ, গতকাল সোমবার দিবাগত রাতে পাবনা শহর ও আটঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানের সময় পুলিশ লুন্ঠিত তামার তার, মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি ব্যাটারি চালিত ভ্যান এবং ৫টি মোবাইল ফোন জব্দ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন