০৩:১৭ পি.এম
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহরাব হোসেনের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভের ফলে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ থাকায় যাত্রী ও চালকদের জন্য দুর্ভোগ সৃষ্টি হয়। পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থ অধ্যক্ষ আত্মসাৎ করেছেন। এছাড়া রাসায়নিক সামগ্রী ক্রয়ের জন্য বরাদ্দকৃত অর্থের হিসাবও তিনি যথাযথভাবে দিতে পারেননি। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলির দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ট্রাম্প গলফ কোর্স সংস্কারে বন্যাকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন
আন্দোলনরত শিক্ষার্থী আপন মিয়া বলেন, "আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে আজকের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। তবে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা অসহযোগ আন্দোলনে যাব।"
এ সময় শিক্ষার্থী আমিন উদ্দিন, তাওহিদুল হাসান তামিম, রেজাউল হক লিটন, তৌফিকুল নাসিম, হাফিসুর, শান্ত ও সাকিব খানসহ অন্যান্য শিক্ষার্থীরা অধ্যক্ষের বদলির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অন্যদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, "শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।"
আরও পড়ুন: গাজীপুরে এনজিওর ঋণ পরিশোধে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা; গ্রেফতার ৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন