০৩:২১ পি.এম
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নির্মাণাধীন একটি ভবনধসে নিহতের সংখ্যা ১৫ জনে পৌঁছেছে। রোববার দেশটির একজন কর্মকর্তা এই তথ্য প্রকাশ করেছেন। দুর্ঘটনার পর থেকে উদ্ধার কাজ এবং ধ্বংসস্তূপ সরানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, বুধবার করাচির বালোচ কলোনি এলাকায় ভবনটি ধসে পড়ার পর উদ্ধারকর্মীরা জীবিত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। একই সঙ্গে ১৫ জনের মরদেহও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: উত্তর কোরিয়া কিভাবে গড়ে তুলেছে বিশ্বের সেরা হ্যাকার বাহিনী
তিনি আরও উল্লেখ করেছেন, ‘এখনো কিছু লোক নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। পাশাপাশি ধ্বংসস্তূপ সরানোর কাজও চলমান রয়েছে।’
পাকিস্তানে ভবনধসের ঘটনা প্রায়শই ঘটে। দেশটিতে নির্মাণের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থার অভাব এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
ভবনটি ধসে পড়ার পর আশপাশের আরও কয়েকটি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে।
দুই কোটিরও বেশি মানুষের বসবাসকারী করাচি শহরে অপরিকল্পিত এবং নিম্নমানের ভবন নির্মাণ, অনুমোদনহীনভাবে ভবনের সম্প্রসারণ, অবকাঠামোর জরাজীর্ণ অবস্থা, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না করার সমস্যা দীর্ঘদিনের।
আরও পড়ুন: রাশিয়ার দাবি, গত রাতে ইউক্রেনের ১ সহস্রাধিক ড্রোন ভূপাতিত
চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জন নিহত হন। গত বছরের জুলাই মাসে শহরের দরিদ্র অধ্যুষিত লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবনধসে ২৭ জনের মৃত্যু ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন