০৩:০৬ পি.এম
রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে একটি বাসা থেকে পুলিশ শিরিন বেগম নামের এক নারীর খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী দুলালকে আটক করা হয়েছে।
রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এলেও হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।
পুলিশের তথ্য অনুযায়ী, যাত্রাবাড়ী থানার পুলিশের একটি দল মীরহাজীরবাগের ওই বাসায় গিয়ে শিরিনের শরীরের চারটি খণ্ড উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই তার স্বামী দুলালকে আটক করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: রাঙামাটি ও বান্দরবান সফর বাতিল: রাষ্ট্রপতির চট্টগ্রাম
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. এ কে এম মইনুদ্দিন জানিয়েছেন, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এর পেছনে পরকীয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে পারেনি ‘আমার দেশ’। দুলালকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পারিপার্শ্বিক অবস্থা যাচাইয়ের মাধ্যমে হত্যার কারণ ও ঘটনার সাথে অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত শিরিনের গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালী গ্রামে। তার এক ছেলে চট্টগ্রামে এবং এক মেয়ে গাজীপুরে বসবাস করেন। স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন