রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১২ এম
শনিবার রোমার মাঠে দুই গোলে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র করে সিরি আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান। এই ম্যাচে দলকে টেনে তোলেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ।
মৌসুমের শুরুতে দুই দলেরই ছিল শতভাগ জয়ের রেকর্ড। এই ড্রয়ের ফলে দুই দলই একে অন্যের ওপর চাপটা ধরে রাখল।
জিয়ান পিয়েরো গাসপেরিনির রোমা এই মৌসুমে ইতালির সবচেয়ে আকর্ষণীয় দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দনিয়েল মালেনের গোল করার ক্ষমতা এবং শক্ত রক্ষণভাগের সুবাদে চার ম্যাচেই জিতেছে তারা।
প্রথমার্ধে মানু কোনের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল রোমা। কিন্তু সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতি থেকে ফিরে আসে ক্রিস্তিয়ান কিভুর দল। মার্তিনেজের জোড়া গোলে ঘুরে দাঁড়ায় চ্যাম্পিয়নরা।
ম্যাচের দিন সকালে ৮৩ বছর বয়সে প্রয়াত হন সান্দ্রো মাজ্জোলা। ইন্টার মিলান এবং ইতালির সাবেক এই তারকা প্লেমেকারকে শ্রদ্ধা জানায় দুই দলই। খেলা শুরুর আগে নীরবতা পালন করা হয়। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে ইন্টারের খেলোয়াড়েরা।
ম্যাচ শুরুর ছয় মিনিটের মধ্যেই এগিয়ে যায় রোমা। নাহুয়েল মলিনার নামানো বল দুর্দান্তভাবে নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান কোনে। এই মৌসুমে এটি ছিল তার প্রথম গোল। আবারও ধীরগতিতে ম্যাচ শুরু করে ইন্টার। এই বিষয়টি কোচ ক্রিস্তিয়ান কিভুর জন্য চিন্তার কারণ হতে পারে।
সোমবার উদিনেসের বিপক্ষে ঘরের মাঠে খেলা শুরুর ১৬ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৫-৩ গোলে জিতেছিল ইন্টার। এবারও একইরকম পরিস্থিতির মুখে পড়ে তারা।
প্রথমার্ধের বেশিরভাগ সময় স্তাদিও অলিম্পিকোতে খেই হারিয়ে ফেলে ইন্টার। পাওলো দিবালা দুইবার ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেন। ২৬ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পান মার্কাস থুরাম। কিন্তু তার শট সরাসরি রোমার গোলরক্ষক মিলে স্ভিলারের হাতে চলে যায়।
সাত মিনিট পর কার্টিস জোন্সের চমৎকার পাস থেকে সুযোগ পান আলেসান্দ্রো বাস্তোনি। কিন্তু কোনাকুনি জায়গা থেকে নেওয়া তার শট পোস্টে লেগে ফিরে আসে।
তবে ইন্টার যখন ধীরে ধীরে জেগে উঠছিল, ঠিক তখনই ৩৭ মিনিটে আবার গোল করেন কোনে। কাছ থেকে বল জালে পাঠান তিনি। প্রথমে সহকারী রেফারির পতাকায় উদযাপন থেমে যায় তার। পরে ভিএআরের হস্তক্ষেপে দীর্ঘ পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি দাভিদে মাসসা। এটি ছিল ২৫ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ারের ষষ্ঠ সিরি আ গোল।
সাবেক ইন্টার ডিফেন্ডার কিভু বিরতিতে নিশ্চয়ই খেলোয়াড়দের কড়া কথা শুনিয়েছিলেন। কারণ দ্বিতীয়ার্ধ শুরু হতেই দাপট দেখায় তার দল। বিরতির পর এক মিনিটের মধ্যেই ব্যবধান কমান অধিনায়ক মার্তিনেজ। থুরামের বাড়ানো বল থেকে তার নেওয়া শট গোলরক্ষক স্ভিলারের দূরের পোস্টের পাশ দিয়ে জালে ঢুকে যায়।
৬৮ মিনিটে আরেকটি গোলের কাছাকাছি চলে যান মালেন। ভিড়ের মধ্যে দারুণ টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শট নেন তিনি। কিন্তু বল ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেজের কপালে লেগে নিরাপদে চলে যায়। এই মৌসুমে এটি হতে পারতো তার ষষ্ঠ গোল।
ম্যাচের শেষ দশ মিনিটে যখন মনে হচ্ছিল খেলা একইভাবে শেষ হবে, তখনই গোলমুখে হুড়োহুড়ি শুরু হয়। প্রথমে দারুণ সেভ করেন স্ভিলার। এরপর চাপের মুখে হেড নিয়ে ক্রসবারে মারেন মার্তিনেজ। তবে বল ফিরে আসার পর আবার বক্সের মধ্যে সেটি পান আর্জেন্টাইন এই তারকা। এবার আর ভুল করেননি তিনি। উরু দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে সার্বিয়ান গোলরক্ষককে পরাস্ত করে সমতা ফেরান তিনি। ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গত ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে হাসনাত আবদুল্লাহ চারটি বিষয় মন্ত্রীর ‘উল্লেখযোগ্য সাফল্য’ হিসেবে উল্লেখ করেন। তিনি মন্ত্রীর ছেলে ও বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে কয়েকটি অভিযোগ ও মন্তব্য করেছেন।
পোস্টে হাসনাত লিখেছেন, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উল্লেখযোগ্য সাফল্য— ১. ছেলের বিসিবির ডিরেক্টর হওয়া। ২. প্রায় ৬০০ কোটি টাকার কমিশনের জাপানি কোম্পানির লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়া এবং সচিবদের সঙ্গে মিটিং করার সুযোগ তৈরি করা। ৩. বিমানবন্দরের ইমিগ্রেশন ম্যানেজমেন্টের লোকাল এজেন্ট হিসেবে কাজ পাওয়ার চেষ্টায় এগিয়ে থাকা। ৪. ছেলের শিক্ষক থেকে ব্যবসায়ী হয়ে ওঠা।
পোস্টের শেষে তিনি আরও লেখেন, ‘সব মিলিয়ে, গত ছয় মাসে রাষ্ট্রের আইনশৃঙ্খলার কতটা উন্নতি হয়েছে জানি না, তবে উনার পকেটের উন্নতির গতিটা বেশ লক্ষণীয়।‘
হাসনাতের এমন পোস্টে ইতোমধ্যে সাড়ে ছয় হাজারের মতো শেয়ার ও সাড়ে ৫ হাজারের মতো কমেন্ট পড়েছে। তবে এ অভিযোগের বিষয়ে এখনও কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তবে মন্ত্রী বলেছেন, সরকারের প্রথম ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আগামী ২০২৯ সালের জুনেই শেষ হতে পারে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ। এমন কথাটি জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় মহাসড়কের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, 'ঢাকা-সিলেট মহাসড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। ছয় লেন প্রকল্পটি অনেক আগে নেওয়া হয়েছে। কিন্তু সাড়ে ৪ বছর হয়ে গেলেও অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গত ৬ মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভূমি অধিগ্রহণ এখন প্রায় ৫৬ শতাংশের কাছাকাছি। আশা করছি দুই মাসের মধ্যে শতভাগ ভূমি অধিগ্রহণ হয়ে যাবে। ভৌত কাজের অগ্রগতিও প্রায় ২৭ শতাংশ।
তিনি আরও বলেন, 'এ প্রকল্পের কাছে যেখানে বিচ্যুতি আছে, সেগুলো অতিক্রম করে আমরা এই সড়কটি বাস্তবায়ন করতে চাচ্ছি। সড়কের ১৩টি প্যাকেজের মধ্যে ৫টি প্যাকেজের কাজের অগ্রগতি অসন্তোষজনক। বাকি ৮টি প্যাকেজের কাজ সন্তোষজনক। আমরা ২০২৯ সালের জুনের মধ্যে মহাসড়কটি দরপত্র অনুসারে নির্মাণ কাজ শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দিতে চাই।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, 'বর্তামানে কাজের অগ্রগতি সন্তোষজনক। তবে কিছুটা জনদুর্ভোগ হচ্ছে, যেহেতু ৪ বছর কাজের তেমন অগ্রগতি ছিল না। বিগত সরকার এবং অন্তর্বরতী সরকার খুব বেশি মনযোগী ছিল না এই প্রকল্প নিয়ে। ভূমি অধিগ্রহণ বড় সমস্যা ছিল, সেটা থেকে উত্তরণ হতে চলেছি আমরা। ভৌত কাজ যেখানে সন্তোষজনক নয়, সেটা কী ভাবে আরও জোরালো করা যায় সেই চেষ্টা করছি আমরা। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং লোহিত সাগর উপকূলের কয়েকটি জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করে ধ্বংস করেছে। এ ছাড়া আর কোনো হামলা বা হতাহতের খবর নিশ্চিত করেনি তারা।
এর আগে শনিবার সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। এ ঘটনায় সাময়িকভাবে বিমান চলাচল ব্যাহত হয়।
হুথিরা সৌদি আরবে হামলা বাড়ানোর পর শনিবার প্রথমবারের মতো রিয়াদে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। গত জুলাই থেকে সৌদি আরবে হুথি হামলা বেড়েছে।
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য ফ্লাইট বাতিল ও অন্যান্য ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইরান-সমর্থিত হুথিরা বেসামরিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এই সামরিক সংঘাত দ্রুত আরও ছড়িয়ে পড়তে পারে। তাই ওই অঞ্চলে এবং অঞ্চলটির মধ্য দিয়ে ভ্রমণের বিষয়টি মার্কিন নাগরিকদের গুরুত্বসহকারে পুনর্বিবেচনা করা উচিত।
সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র জানিয়েছেন, বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ‘শত্রুতামূলক হামলার চেষ্টা’ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া অনলাইনে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, রিয়াদের ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’ এবং উপকূলীয় শহর ইয়ানবুতে সৌদি রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে।
তিনি বলেন, সৌদি আরব ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় হামলার চেষ্টা চালানোর জবাবেই এসব হামলা করা হয়েছে।
এর আগে আল-সারিয়া অভিযোগ করেন, গত এক সপ্তাহে সৌদি আরব ইয়েমেনজুড়ে ৩০০টি হামলা চালিয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুথিদের দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ওই সরকারকে সৌদি আরব সমর্থন করে।
সাম্প্রতিক কয়েক মাসে হুতিরা সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে ইয়েমেনের আকাশে একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডায়াবেটিস থাকলে খাদ্য নির্বাচনে অনেকের দ্বিধা থাকে। বিশেষ করে শুকনো ফল বা ড্রাই ফ্রুটস সম্পর্কে প্রশ্নের পরিমাণ আরও বেশি। সঠিক ধরনের শুকনো ফল এবং পরিমিত পরিমাণে খেলে এটি খাদ্যতালিকার অংশ হতে পারে। তবে শুকনো ফলে পানির পরিমাণ কম থাকে, ফলে অল্প পরিমাণে বেশি ক্যালরি ও প্রাকৃতিক চিনি পাওয়া যায়। তাই পরিমাণের দিকে বিশেষ নজর দেওয়া অপরিহার্য।
কতটা শুকনো ফল খাওয়া যেতে পারে?
ডায়াবেটিস থাকলে একসঙ্গে বেশি শুকনো ফল খাওয়ার পরিবর্তে অল্প পরিমাণে খাওয়াই উত্তম। কিছু বিশেষজ্ঞ ২–৩ টুকরো বা এক মুঠো পরিমাণ দিয়ে শুরু করার পরামর্শ দেন। তবে রক্তে শর্করার মাত্রা, ওষুধ, দৈনিক খাবারের ধরন ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করে উপযুক্ত পরিমাণ নির্ধারণ হতে পারে।
কোন শুকনো ফল বেছে নিতে পারেন?
আখরোট
আখরোটে ফাইবার ও অসম্পৃক্ত ধরনের স্বাস্থ্যকর ফ্যাট বিদ্যমান। এটি পেট ভরা রাখতে সহায়তা করে এবং খাবারের মাঝখানে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করে।
বাদাম
বাদামে ফাইবার, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। পরিমিত পরিমাণে বাদাম খেলে খাবারের সামগ্রিক পুষ্টিমান বাড়ানো সম্ভব এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়ক হতে পারে।
কিশমিশ
কিশমিশে প্রাকৃতিক চিনি ঘনভাবে বিদ্যমান। সুতরাং ডায়াবেটিস থাকলে এটি অল্প পরিমাণে খাওয়া গুরুত্বপূর্ণ। একসঙ্গে বেশি কিশমিশ খেলে মোট কার্বোহাইড্রেট ও চিনি গ্রহণ বেড়ে যেতে পারে।
শুকনো এপ্রিকট
শুকনো এপ্রিকটে ফাইবার ও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। তবে অন্যান্য শুকনো ফলের মতো এটিতেও প্রাকৃতিক চিনি ঘন থাকে, তাই পরিমাণ নিয়ন্ত্রণ করে খাওয়া উচিত।
তাজা ফল নাকি শুকনো ফল?
ডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত পুরো তাজা ফলকে খাদ্যতালিকায় রাখা সহজ, কারণ এতে পানির পরিমাণ বেশি এবং একই পরিমাণ খাবারে চিনি তুলনামূলকভাবে কম ঘন থাকে। শুকনো ফল খেলে ছোট পরিমাণে বেশি কার্বোহাইড্রেট গ্রহণ হয়ে যেতে পারে।
তাহলে শুকনো ফলকে তাজা ফলের বিকল্প হিসেবে বেশি পরিমাণে না খেয়ে পরিমিত একটি অংশ হিসেবে রাখা ভালো।
কেনার সময় সতর্ক থাকুন
সব শুকনো ফল সমান নয়। বাজারে কিছু ড্রাই ফ্রুটসে অতিরিক্ত চিনি, সিরাপ বা অন্যান্য উপাদান থাকতে পারে। তাই সম্ভব হলে চিনি বা সিরাপ ছাড়া শুকনো ফল বেছে নেওয়া উচিত এবং প্যাকেটের পুষ্টিগুণের তথ্য দেখে কার্বোহাইড্রেট ও মোট চিনির পরিমাণ যাচাই করা জরুরি।
ডায়াবেটিস থাকলেও শুকনো ফল একেবারে নিষিদ্ধ নয়। তবে এটি তুলনামূলকভাবে চিনি ও ক্যালরিতে ঘন, তাই অল্প পরিমাণে, হিসাব করে এবং আপনার সামগ্রিক খাবারের কার্বোহাইড্রেটের মধ্যে রেখে খাওয়া গুরুত্বপূর্ণ।
আপনি যদি ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন ব্যবহার করেন, কিংবা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সমস্যা থাকে, তাহলে নিয়মিত শুকনো ফল খাওয়ার পরিমাণ ঠিক করার আগে চিকিৎসক বা নিবন্ধিত ডায়েটিশিয়ানের পরামর্শ নেওয়া উত্তম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ