০৯:১৮ এম
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার। অধিনায়ক লিওনেল মেসিকে তাদের সম্ভাব্য শেষ বিশ্বকাপেও ট্রফি স্পর্শ করতে না পারার আক্ষেপে মাঠ ছাড়তে হয়েছে। তবে পরাজয়ের হতাশার মাঝেও, নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি এবং স্বীকার করেছেন, এই হার থেকে বেরিয়ে আসতে দীর্ঘ সময় লাগবে।
ফাইনাল শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি লিখেছেন যে, এই পরাজয়ের যন্ত্রণা সহজে মুছে যাবে না। তবুও, তিনি হতাশার বদলে দলের অর্জন ও সুন্দর স্মৃতিগুলোকে মনে রাখতে চান। তার ভাষায়, ‘ব্যথাটা অনেক গভীর, এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। কিন্তু আমি ভালো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে রাখতে চাই।’
আর্জেন্টাইন অধিনায়ক বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে দল যেভাবে প্রতিকূলতা সামলে লড়াই করেছে, সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি। কঠিন মুহূর্ত থেকে ঘুরে দাঁড়ানো, সতীর্থদের নিবেদন এবং সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা—সবকিছুই তার কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকবে। তিনি মনে করেন, একটি জাতির সমর্থন ও দলের সম্মিলিত প্রচেষ্টাই আবারও আর্জেন্টিনাকে বিশ্বের সেরা দলগুলোর কাতারে নিয়ে গেছে।
আরও পড়ুন: সালথায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৭ মামলার আসামি গ্রেপ্তার
মেসির বিশ্বাস, ফাইনালে হারার পরেও এই দলের অর্জনকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়াই আর্জেন্টিনার ধারাবাহিকতার বড় প্রমাণ বলে মনে করেন তিনি।
সমর্থকদের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। তিনি বলেন, বিশ্বকাপজুড়ে দেশবাসীর ভালোবাসা ও উৎসাহ দলকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছে। প্রতিটি শুভেচ্ছা ও সমর্থনের জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, এই বিশ্বকাপ আবারও পুরো জাতিকে একসঙ্গে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে এবং আর্জেন্টাইন পরিচয়ের গর্ব সবাইকে নতুন করে অনুভব করিয়েছে।
নিজেদের স্বপ্নভঙ্গের মাঝেও মেসি নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। সংক্ষিপ্ত বার্তায় তিনি স্পেনকে শিরোপা জয়ের জন্য অভিনন্দন জানান।
পুরো বিশ্বকাপে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন। টুর্নামেন্টে তিনি ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপে তার ক্যারিয়ার পরিসংখ্যানে যোগ হয়েছে ২১টি গোল ও ১২টি অ্যাসিস্ট। তবে দুর্দান্ত নৈপুণ্য সত্ত্বেও, আরেকটি বিশ্বকাপ ট্রফি হাতে তোলার স্বপ্ন অধরাই থেকে গেল।
আরও পড়ুন: নৌবাহিনীর সদস্যরা প্রথমবার সমুদ্রে সফলভাবে ফ্রি-ফল জাম্প সম্পন্ন
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনা শিবিরে হতাশার ছাপ ছিল। কিন্তু মেসির বার্তায় ফুটে উঠেছে পরাজয়কে মর্যাদার সঙ্গে গ্রহণ করার মানসিকতা, সতীর্থদের প্রতি গর্ব, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রতিপক্ষের সাফল্যকে সম্মান জানানোর অনন্য ক্রীড়াসুলভ দৃষ্টান্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন