০৭:০১ পি.এম
সরকারি তিতুমীর কলেজের রোভার স্কাউট গ্রুপের পাঁচটি ইউনিটের কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্দেশ্যে পাঁচজন রোভার স্কাউটকে সিনিয়র রোভার মেটের দায়িত্ব প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—২০২১-২২ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আল-আমিন মির্জা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া জাহান মীম এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. মাফরুহা তাহসীন আখিঁ। অন্যদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জিন্নাত হাসান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী প্রান্ত নয়নও এই দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের এই দায়িত্ব প্রদান করা হয়। তারা আগামী এক বছরের জন্য, অর্থাৎ ৫ নভেম্বর ২০২৬ থেকে ৪ নভেম্বর ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে জিন্নাত হাসান ৩৭ নম্বর রোভার স্কাউট ইউনিট (ক), প্রান্ত নয়ন ৩৬ নম্বর রোভার স্কাউট ইউনিট (খ), সাদিয়া জাহান মীম ৭৯ নম্বর গার্ল-ইন-রোভার স্কাউট ইউনিট (ক), মাফরুহা তাহসীন আখিঁ ৩৩২ নম্বর গার্ল-ইন-রোভার স্কাউট ইউনিট (খ) এবং আল-আমিন মির্জা ৩৪০ নম্বর রোভার স্কাউট ইউনিট (গ)-এর দায়িত্ব পেয়েছেন।
আরও পড়ুন: জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
এ সময় সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ড. নীলুফার ইয়াসমীন এবং রোভার স্কাউট লিডার মোহাম্মদ শফিকুল আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্ত সিনিয়র রোভার মেটদের বাংলাদেশ স্কাউটসের গঠনতন্ত্র ও নিয়ম অনুযায়ী গ্রুপের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান, ব্যাজ অর্জনে সহায়তা, লগবুক লেখা এবং বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের রোভারদের সব রেকর্ড ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের দায়িত্বও পালন করতে হবে।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত সিনিয়র রোভার মেটবৃন্দ সরকারি তিতুমীর কলেজ রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অধ্যক্ষ তাদের অভিনন্দন জানান এবং রোভার স্কাউটের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের বিকাশ ও গ্রুপের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র রোভার মেটবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে গ্রুপের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাবি ছাত্রদলের রচনা প্রতিযোগিতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন