প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৪:৩৩ পি.এম
পটুয়াখালীর দুমকি উপজেলায় পায়রা সেতুর নিচে, লেবুখালী পাগলার মাজার ও ইউনিভার্সিটি স্কয়ার মোড় এলাকায় একটি ব্যাগ হারিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ব্যাগটির ভেতরে রয়েছে ওই যুবকের প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত সার্টিফিকেট ও ভোটার আইডি কার্ড। গুরুত্বপূর্ণ এসব কাগজপত্র হারিয়ে বিপদে পড়েছেন তিনি।
কেউ যদি ব্যাগটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানান এবং ব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন।
আপনাদের সামান্য সহযোগিতায় যুবকটি তাঁর হারানো গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেতে পারেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কঁচা নদীতে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার কঁচা নদীর বেকুটিয়া প্রান্তসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান ও নৌ পুলিশ সার্বিক সহযোগিতা করে।
আটক জেলেরা হলেন পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার জাহাঙ্গীর হোসেন (৫৫), কবির হোসেন (৩০) ও মোঃ মইনুদ্দিন (২২)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত সার্বক্ষণিক তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। নিষেধাজ্ঞার সময় নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিজস্ব প্রতিবেদক মীরসরাইয়ের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী।
বৃহস্পতিবার (বা সংশ্লিষ্ট বার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় মীরসরাই উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাকিব চৌধুরী বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কাজে সংবাদকর্মীদের সার্বিক সমর্থনের আশ্বাস দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়িতে শরীফ ভূঁইয়ার একটি নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআরবি-১১-এর ডগ স্কোয়াড অংশ নেয়।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড, পিস্তলের ২৭ রাউন্ড এবং থ্রি নট থ্রি (.303) রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ৪১ রাউন্ড শর্টগানের কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা এবং ৭৫ বোতল নিষিদ্ধ স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে মজুত করা অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার কোনো অপরাধী চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র ও মাদক সেখানে মজুত করেছিল।
তিনি আরও জানান, অভিযানের সময় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নড়াইলে ‘বাংলা কিউআর’ (Bangla QR) বিষয়ক জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে পুরাতন বাসটার্মিনাল এলাকায় একটি গেস্ট হাউজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-জনতা ব্যাংক পিএলসি, খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ।
জনতা ব্যাংক পিএলসি, নড়াইল শাখার ব্যবস্থাপক শাহাবুদ্দিন হোসেনের সভাপতিত্বে এবং ওই শাখার সিনিয়র অফিসার মেহেদী হাসান সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন-বাংলাদেশ ব্যাংক, খুলনার অতিরিক্ত পরিচালক এন.এ.এম. সারওয়ারে আখতার, জনতা ব্যাংক পিএলসি যশোর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম, সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মনোতোষ সরকার, বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক বদরুল হোসেন, জনতা ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান সাইফুলসহ বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীবৃন্দ।
সভায় ব্যাংক কর্মকর্তারা বলেন, বাংলা কিউআর এর মাধ্যমে ক্যাশলেস বা নগদবিহীন নিরাপদ লেনদেনের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই জনসচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সবার জন্য নিরাপদ, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’। এই উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং সাধারণ গ্রাহকেরা যে কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে সহজে ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। #
তালাশ বিডি/মিডিয়া লিঃ