০২:৩০ পি.এম
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) হঠাৎ করে মেয়েদের আইপিএলের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০২৭ আসরের মুম্বাই পর্বের সকল ম্যাচ আর ব্রাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না। নতুন সিদ্ধান্ত অনুসারে, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ভেন্যু পরিবর্তনের পেছনে রয়েছে আইসিসির অনুরোধ।
মেয়েদের আইপিএলের পঞ্চম আসর আগামী ১৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ১১টি ম্যাচ বরোদায় অনুষ্ঠিত হবে, যা ১৪ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। পরবর্তীতে ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে বাকি ১১টি ম্যাচ, যার মধ্যে রয়েছে এলিমিনেটর ও ফাইনাল। তবে ভেন্যু পরিবর্তন হলেও সূচিতে কোনো পরিবর্তন আসেনি।
ভেন্যু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডব্লিউপিএল (মেয়েদের আইপিএল ভারতে এই নামে পরিচিত) গভর্নিং কাউন্সিল গত ১৫ সেপ্টেম্বরের সভায় পঞ্চম আসরের মূল ভেন্যু ও সূচি অনুমোদন করেছিল। সেই সূচি অনুযায়ী, ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বাই পর্বের ১২ থেকে ২০ নম্বর ম্যাচ, এলিমিনেটর ও ফাইনাল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার (সিসিআই) ব্রাবোর্ন স্টেডিয়ামে হওয়ার কথা ছিল।’
আরও পড়ুন: ইংল্যান্ডের প্রতিনিধি দল আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত
‘কিন্তু সিসিআই ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফিরও আয়োজক। ডব্লিউপিএল শেষ হওয়ার পর বহুজাতিক এই টুর্নামেন্ট শুরুর আগে পিচগুলো পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে না।’
আরব সাগরের পাশে অবস্থিত মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। ছবি: ফেসবুক
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সিসিআইয়ে নির্ধারিত ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আইসিসির অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই পরিবর্তন আনা হয়েছে। ডব্লিউপিএল কমিটি সিদ্ধান্তটি অনুমোদন করেছে। এখন মুম্বাই পর্বের সব ম্যাচ (১১টি) হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে।’
আগামী বছরও মেয়েদের আইপিএলে পাঁচটি দল অংশ নেবে—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট জায়ান্টস, উত্তর প্রদেশ ওয়ারিয়র্স ও দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্স থাকছে না, কমছে ম্যাচও
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন