০৯:১৪ পি.এম
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জনের ক্ষেত্রে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি উল্লেখ করেন, "সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।" দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।
রোববার (৮ নভেম্বর) সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রামের রাউজানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় কার্যালয় এবং সমবায়ীদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
এর আগে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়গুলোতে গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রাহাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া। সমবায়ী অধ্যাপক মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা এম এ হালিম, আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমেদ, বিএনপি নেতা মঞ্জুল হক, সমবায়ী আবদুর রহিম, ইব্রাহিম হোসেন কোম্পানি এবং ছোটন বড়ুয়া।
অনুষ্ঠানে স্থানীয় সমবায়ী, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন