ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পুরুষশূন্য বাড়িতে হামলা-ভাঙচুর, ৫০ লাখ টাকা লুটের অভিযোগ


পুরুষশূন্য বাড়িতে হামলা-ভাঙচুর, ৫০ লাখ টাকা লুটের অভিযোগ

মাদারীপুরের কালকিনি পৌরসভার উত্তর জনারদন্দী গ্রামে একটি পুরুষশূন্য বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠছে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, গত ২২ আগস্ট সকালে এ ঘটনা ঘটে। তাদের অভিযোগ, জালাল মোল্লা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা থাকায় তারা বাড়িতে উপস্থিত না থাকার সুযোগ নিয়ে প্রতিপক্ষের লোকজন এ হামলা ও লুটপাট চালিয়েছে। ভুক্তভোগী পরিবার জানান, এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল, নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট হয়েছে।

পরিবারটির অভিযোগ, জমিজমা নিয়ে জালাল মোল্লার ছেলেদের সঙ্গে ইসহাক সরদার, রাসেল সরদার, তানভীর ও সাহাদাত সরদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর মধ্যে ইসহাক সরদার আহত হওয়ার ঘটনায় জালাল মোল্লা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকেই পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে উপস্থিত না থাকায় ওই সুযোগে হামলা, ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

জালাল মোল্লার মেয়ে রুনু বেগম বলেছেন, তাঁর ভাইয়েরা বিদেশ থেকে বিয়ে করার জন্য বাড়িতে এসেছিলেন এবং তাঁদের কাছে থাকা সোনা-গয়না ও নগদ টাকার খবর পেয়ে বাড়িতে হামলা চালানো হয়েছে। জালাল মোল্লার অপর দুই মেয়ে মন্তব্য করেছেন, "বাড়িতে এখন কোনো পুরুষ নেই, শুধু মেয়েরা রয়েছি। আমাদের বাড়িতে বোমা বিস্ফোরণ ও ভাঙচুর করা হয়েছে। লুটপাটের পাশাপাশি আমাদের ভাইয়েরা বাড়িতে ফিরলে তাঁদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।"

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন/ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কার ওপর আস্থা রাখছেন ভোটাররা

অন্যদিকে, হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাসেল সরদার। মুঠোফোনে তিনি জানিয়েছেন, তাঁর চাচা ইসহাক সরদারের পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং জালাল মোল্লাদের বাড়িতে হামলা বা লুটপাটের বিষয়ে তারা কিছু জানেন না এবং এ ধরনের ঘটনা ঘটাননি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম মন্তব্য করেছেন, "এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: বরিশালে ডিএইচএমএস ভর্তি পরীক্ষা: সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিল বিএমপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপির সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয় দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রথমত, হিসাবরক্ষণ ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক ও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়। এই মতো উদ্যোগ গ্রহণ করা হলে জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং কাজের দক্ষতা ও কার্যকারিতা বাড়বে বলেও বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়।

দ্বিতীয়ত, দুর্নীতি প্রতিরোধে সরাসরি যোগাযোগের উপর নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বৈঠকে আলোচনা হয় যে, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি চিহ্নিত বা শাস্তিদানের মাধ্যমে শেষ হয় না; বরং দুর্নীতি সংঘটিত হওয়ার যে প্রক্রিয়া বা ব্যবস্থা রয়েছে, সেটিকে পরিবর্তন বা অপসারণের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের ব্যয় ও হয়রানি হ্রাস পাবে, ব্যবসার পরিবেশ আরও সহজ হবে এবং সরকারের রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করা হয়।

এছাড়াও, সরকারের ব্যয় নির্বাহে এনবিআরের সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে গৃহীত পদক্ষেপ এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো নিরূপণ ও করণীয় বিষয়ে এনবিআরের পক্ষ থেকে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এ উপস্থাপিত বিষয়সমূহের ওপর কমিটির সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়।

এ বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, এমপি মো. জালাল উদ্দিন, এমপি মঈনুল ইসলাম খান, এমপি মো. শাহাদাত হোসেন, এমপি মো. সাইফুল আলম, এমপি সৈয়দ জয়নুল আবেদীন ও এমপি মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন।

বৈঠকে এনবিআরের করনীতির প্রথম সচিব, সংসদ সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে জাইকার প্রশিক্ষণ কর্মসূচি শেষ জাপানের শিক্ষকদের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বাংলাদেশে জাইকার প্রশিক্ষণ কর্মসূচি শেষ জাপানের শিক্ষকদের

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর ‘ওভারসিজ ট্রেনিং ফর টিচার্স’ কর্মসূচির আওতায় গত ৫ থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করেছেন জাপানের একটি শিক্ষক প্রতিনিধি দল।

আট দিনের এই প্রশিক্ষণ কর্মসূচিতে তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, সরকারি সেবা এবং বাংলাদেশে জাপানের সহযোগিতা কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেন।

জাপানের শিক্ষকদের আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া এবং তাদের মাধ্যমে দেশটির শিক্ষার্থীদের মধ্যে বৈশ্বিক বিষয় সম্পর্কে আগ্রহ ও সচেতনতা তৈরি করাই এ কর্মসূচির উদ্দেশ্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে পরিচালিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা বিদেশে মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দেশে ফিরে অর্জিত অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ফলোআপ কার্যক্রম পরিচালনা করেন।

বাংলাদেশ সফরে শিক্ষকরা সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের পরিচালিত বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং কুমন সেন্টার ঘুরে দেখেন। ঢাকার পাশাপাশি অন্যান্য শহর ও গ্রামাঞ্চলের শিক্ষা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তারা।

শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি জাপানি প্রতিষ্ঠান পরিদর্শন করেন শিক্ষকরা। বাংলাদেশের শিল্পখাতে জাপানি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। একইসঙ্গে ঢাকা এমআরটি, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো ও সরকারি সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও বিভিন্ন ক্ষেত্রে জাপানের সহযোগিতা সম্পর্কে তাদের বাস্তব ধারণা তৈরি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকারদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকারদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার

বর্তমান সরকার বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান। রবিবার বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ তথ্য প্রকাশ করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শাকিলুজ্জামানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের কল্যাণ, সুচিকিৎসা, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদফতর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ক্ষতিগ্রস্তদের রাষ্ট্র যেমন স্বীকৃতি দিয়েছে এবং 'জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর' গঠন করেছে, ঠিক একইভাবে দীর্ঘ আন্দোলন-সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারে যাদের অপরিসীম ত্যাগ রয়েছে— যারা গুম হয়েছেন, নির্মমভাবে খুন বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়ে আর পরিবারে ফিরে আসেননি, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা শত শত মিথ্যা মামলায় নিঃস্ব হয়ে বছরের পর বছর জেল খেটেছেন— রাষ্ট্র তাদের এই ত্যাগকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চায়। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিস্ট শক্তি জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করতে না পারে এবং কোনো মা-বাবা, স্বামী-স্ত্রী বা সন্তানকে মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়ে স্বজন হারাতে না হয়, সেটির স্থায়ী প্রতিরোধ গড়ে তুলতেই এ রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল— মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করবে, মানবাধিকার সুরক্ষিত থাকবে, রাষ্ট্রীয় বলপ্রয়োগ বন্ধ হবে এবং প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তবে ২০০৯ সালের পর থেকে ভোটের অধিকার হরণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের সেই মৌলিক ভাবমূর্তি পদদলিত করা হয়েছে। তাই আমাদের উপর একটি দায়িত্ব রয়েছে যে, এই বিশাল সংখ্যক জনগোষ্ঠী, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিল, অত্যাচারিত হলো, গুম হলো, আর্থিকভাবে তারা নিঃস্ব হয়ে গেল, তাদের জন্য আমরা কি কিছু করতে পারি। সভায় মন্ত্রণালয়ের কার্যপ্রণালী বা ‘Rules of Business, 1996’-এর Schedule-I (Allocation of Business) সংশোধন করে নতুন দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত করার নীতিগত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জাতিসংঘের 'Basic Principles and Guidelines on the Right to a Remedy and Reparation' নীতিমালা এবং বাংলাদেশের সংবিধান অনুসরণে এই কল্যাণমূলক লক্ষ্য অর্জনে তিনটি প্রধান বিষয়কে প্রাধান্য দিয়ে কার্যক্রম বাস্তবায়নের জন্য আলোচনা হয়: ১. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদফতর প্রতিষ্ঠা করা। ২. গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার শিকার ভুক্তভোগী ও পরিবারের পূর্ণ অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সমোপযোগী আইন প্রণয়ন করা। ৩. ‘Rules of Business, 1996’-এর Schedule-I (Allocation of Business) সংশোধন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যাবলীতে এ সংক্রান্ত দায়িত্ব আনুষ্ঠানিকভাবে যুক্ত করা। আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম ছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ, পররাষ্ট্র, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, আইন ও বিচার, সমাজকল্যাণ, স্বাস্থ্য সেবা, যুব ও ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান, মহিলা ও শিশুসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাকৃবির ‘কার্বডিট’ পেল আন্তর্জাতিক স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


গাকৃবির ‘কার্বডিট’ পেল আন্তর্জাতিক স্বীকৃতি

জলবায়ু অর্থনীতির সম্ভাব্য সম্পদে গাছকে রূপান্তরের অভিনব ধারণা নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) শিক্ষার্থীদের দল ‘কার্বডিট’।

সিরডাপ-রিডস আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২৬-এ দলের এ অর্জন বাংলাদেশ থেকে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে হয়েছে। একই সঙ্গে তারা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা পাঁচ উদ্ভাবনের একটি হিসেবে জায়গা করে নিয়েছে।

দলটির টিম লিডার সাইফুল্লাহ মানওয়ার, যিনি কার্বডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সহপ্রতিষ্ঠাতা। ফাবিয়ান তাসকিন প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ও সহপ্রতিষ্ঠাতা, অদিতি ঘোষ প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং আরফা সাইয়ারা রিজা ডেভেলপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ১৩টি দেশ থেকে মোট ১৮৭টি উদ্ভাবনী প্রস্তাব জমা পড়ে। আন্তর্জাতিক বিচারক কমিটির কঠোর এবং স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সেরা উদ্ভাবনগুলো নির্বাচন করা হয়।

গত ৬ জুলাই সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কার্বডিট দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই অর্জনের ফলে গাকৃবির তরুণ উদ্ভাবকদের সামনে আরও বড় সুযোগ এসেছে। আগামী ৬ থেকে ১০ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিতব্য ‘এশিয়া-প্যাসিফিক কনফারেন্স অন ইনোভেশনস ইন রুরাল ডেভেলপমেন্ট’-এ কার্বডিটের উদ্ভাবন উপস্থাপনের জন্য দলটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনটিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধি ও উদ্ভাবকদের সামনে বাংলাদেশের গ্রামীণ বাস্তবতার আলোকে তৈরি এই মডেল তুলে ধরবেন তাঁরা।

গাকৃবির শিক্ষার্থীদের এ বিশেষ অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান তাঁদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, গাকৃবির বিভিন্ন অর্জনের অন্যতম অংশীদার শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয় এবং তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

কার্বডিটের উদ্ভাবনের মূল লক্ষ্য হলো গ্রামীণ পরিবারের গাছগুলোকে সমষ্টিগতভাবে পরিমাপযোগ্য কার্বন সম্পদে রূপান্তর করা এবং সেগুলোকে বৈশ্বিক কার্বন বাজার ও জলবায়ু অর্থায়নের সঙ্গে যুক্ত করা। এর ফলে গাছের মালিকেরা তাঁদের পরিবেশগত অবদানের আর্থিক মূল্য পাওয়ার সুযোগ পাবেন।

এছাড়া, স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে গাছের তথ্য সংগ্রহ, ডিজিটাল ব্যবস্থাপনা ও কার্বন সম্পদ তৈরির একটি সম্প্রদায়ভিত্তিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

কার্বডিটের এই সাফল্য শুধুমাত্র একটি আন্তর্জাতিক পুরস্কার অর্জনের ঘটনা নয়; বরং এটি বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তি, গ্রামীণ মানুষের সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জের স্থানীয় সমাধান খোঁজার একটি উদাহরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%