ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়ার পথে আনিকা


প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়ার পথে আনিকা

দীর্ঘ ৭৫ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। আসন্ন ৭৫তম আসরে দেশটির প্রতিনিধিত্ব করবেন আনিকা মেরাজ। বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের দৈনিক ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরের ফালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনিকার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন ‘মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২’ ড. শাফাক আখতার এবং ‘মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড’ আত্তাউল্লাহ গুজ্জর।

২৪ বছর বয়সী আনিকা ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।

আরও পড়ুন: মঙ্গলবার অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

মিস ওয়ার্ল্ড-এর ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় আনিকা বলেন, তার লক্ষ্য রাষ্ট্র অনুমোদিত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। একই সঙ্গে শিশুদের অধিকার ও মেয়েদের শিক্ষার উন্নয়নে কাজ করে পাকিস্তানের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান।

এর আগে আনিকা মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তিনি চারটি শিরোপাও অর্জন করেন।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭৫তম আসর। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ।

আরও পড়ুন: বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা বেড়েছে, সহিংসতা কমেছে : ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা, ছুঁয়ে গেল ভক্তদের হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


ফাইনালের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা, ছুঁয়ে গেল ভক্তদের হৃদয়

বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনার কিংবদন্তি উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া সাবেক সতীর্থদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পুরো দলকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ডি মারিয়া লেখেন, "আমরা আর কিছুই চাইতে পারি না। ফুটবল এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করেছ, তার জন্য সারা জীবন শুধু কৃতজ্ঞ থাকব।" গত পাঁচ-ছয় বছর ধরে তারা গৌরব, আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করছেন।ডি মারিয়া জানান, "আর সবই সম্ভব হয়েছে তোমাদের কারণে।"

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে আর্জেন্টিনা আরেকটি ইতিহাসও গড়েছে। কোচ লিওনেল স্কালোনি কিংবদন্তি কার্লোস বিলার্দোর পর দ্বিতীয় আর্জেন্টাইন কোচ হিসেবে টানা দুইটি বিশ্বকাপের ফাইনালে দলকে তুলেছেন। এর আগে বিলার্দোর অধীনে আর্জেন্টিনা ১৯৮৬ ও ১৯৯০ সালের বিশ্বকাপে টানা দুইবার ফাইনাল খেলেছিল।

বর্তমান আর্জেন্টিনা দলকে প্রশংসায় ভাসিয়ে ডি মারিয়া আরও লেখেন, "এটি এমন এক প্রজন্ম, যারা জাতীয় দলের জার্সি পরার মর্যাদা বুঝেছে।" বছরের পর বছর ধরে বয়ে বেড়ানো চাপের কাছে তারা কখনো মাথা নত করেনি। তিনি জানান, "আমি শুধু বলতে চাই, আরেকটি ফাইনাল উপহার দেওয়ার জন্য এবং আর্জেন্টিনার মানুষের জন্য তোমরা যা করছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ।"

২০২১ সালের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে দারুণ আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। দলটি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং ২০২২ সালের বিশ্বকাপ এই চারটি বড় টুর্নামেন্টের ফাইনালেই শিরোপা অর্জন করেছে।

এই সাফল্যের প্রতিটি অধ্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অ্যাঞ্জেল ডি মারিয়ার। বড় ম্যাচে গোল করা, গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি আদায় এবং আক্রমণে নেতৃত্ব দিয়ে তিনি আর্জেন্টিনার অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারানোর ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে ডি মারিয়ার শেষ আন্তর্জাতিক ম্যাচ। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের হয়ে সম্ভাব্য সব বড় শিরোপা জিতে জাতীয় দলকে বিদায় জানান এই কিংবদন্তি উইঙ্গার।

এবার বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে আগামী ২০ জুলাই (বাংলাদেশ সময় সোমবার রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লিওনেল মেসির নেতৃত্বাধীন দল। ফাইনালের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা আর্জেন্টিনা শিবিরে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছেন সমর্থকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে নারী নেতৃত্ব বিকাশে দি হাঙ্গার প্রজেক্টের ফাউন্ডেশন কোর্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


রংপুরে নারী নেতৃত্ব বিকাশে দি হাঙ্গার প্রজেক্টের ফাউন্ডেশন কোর্স

জেন্ডার সমতা অর্জন এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে নারী নেতৃত্ব বিকাশের লক্ষ্যে রংপুরে শুরু হয়েছে ‘২৬৪ তম নারী নেতৃত্ব বিকাশ শীর্ষক ফাউন্ডেশন কোর্স’।

গতকাল বৃহস্পতিবার থেকে এই কোর্সটি শুরু হয়েছে, যা তিন দিনব্যাপী চলবে।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের রংপুর অঞ্চলের বিকশিত নারী নেটওয়ার্ক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রংপুর এনজিও ফোরাম হলরুমে। প্রশিক্ষণটি ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং কোর্সের আত্মপ্রকাশ ঘোষণা করেন বিকশিত নারী নেটওয়ার্কের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও রংপুর জেলা কমিটির সভাপতি সামসিয়ারা জামান কলি।

অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, টেকসই উন্নয়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী নারী নেতৃত্ব গড়ে তোলা অত্যন্ত জরুরি। এই ধরনের প্রশিক্ষণ নারীদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা উন্নয়ন এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে সহায়তা করবে।

প্রশিক্ষণে অংশগ্রহণ করছে রংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২৬ জন নারী।

বিভিন্ন দায়িত্বে সহায়তা প্রদান করছেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের প্রশিক্ষণ ইউনিটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুহিন আফসারী, সিনিয়র প্রোগ্রাম অফিসার সুখময় পাল এবং রংপুর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে রাজু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরের ঐতিহাসিক নিদর্শন শাহী বারোদুয়ারী জামে মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


শেরপুরের ঐতিহাসিক নিদর্শন শাহী বারোদুয়ারী জামে মসজিদ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী শাহী বারোদুয়ারী জামে মসজিদ। স্থাপত্যের অনন্য শৈল্পিক সৌন্দর্য এবং ধর্মীয় আবেগের মেলবন্ধনে শতবর্ষ প্রাচীন এই মসজিদটি আজও ধর্মপ্রাণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। জানা যাচ্ছে, প্রাচীনকালীন গড়জরিপা ছিল শেরপুরের রাজধানী।

স্থানীয় ইতিহাসে উল্লেখ করা হয়েছে, ইংরেজ শাসনের পূর্বেই নির্মিত হয়েছিল এই মসজিদ। এর নামের রহস্যও লুকিয়ে আছে এর বারোটি দরজায়। পূর্ব ভাগে ৯টি, দক্ষিণে ২টি এবং উত্তরে ১টি দরজা রয়েছে। মসজিদের পাশেই অবস্থিত বিস্তৃত এক ‘পুকুর’ যা মসজিদটির সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়েছে। জনশ্রুতি আছে, এক সময় ভয়াবহ ভূমিকম্পে মসজিদটি মাটির নিচে চাপা পড়ে যায়। পরে ১৯৬০ সালে জামালপুরের মাওলানা আজিজুল হক স্বপ্নে মসজিদটির অবস্থান জানতে পারেন। এর পর প্রায় ১০ ফুট মাটি খননের পর বেরিয়ে আসে মসজিদটির দেয়াল। ১৯৬৩ সালে মসজিদটির পুনর্নিমাণের মাধ্যমে আবারও ফিরে আসে ইতিহাসের এই অমূল্য নিদর্শন।

মূল মসজিদটি একতলাবিশিষ্ট হওয়ার পরও বর্তমানে আধুনিক স্থাপত্যকলায় পাঁচতলার নির্মাণকাজ চলছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মানুষ এখানে আসেন অপরূপ নকশা ও কারুকার্য খচিত মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে। বিশেষ করে শুক্রবার নামাজের সময় মানুষের ঢল নামে। কেউ এখানে আসেন মানত পূরণের উদ্দেশ্যে, কেউবা রোগমুক্তির আশায়। শুধুমাত্র নামাজ নয়, এখানে মানুষের বিশ্বাস, আশা এবং কৃতজ্ঞতার সমবেত প্রকাশ ঘটে। এখানে এক সাথে প্রায় ৪-৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে সক্ষম হন।

মুসল্লি আকিফ আদনান বলেন, "অনেক দূর থেকে এসেছি শুধু এই মসজিদ দেখতে আর নামাজ আদায় করতে। ঐতিহাসিক জায়গায় নামাজ পড়তে পেরে খুবই ভালো লাগছে।" আরেক মুসল্লি আবরার আহমদ বলেন, "এখানে আসলে মনটা শান্ত হয়ে যায়।" মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম জানান, "মসজিদটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। বর্তমানে সংস্কার ও উন্নয়নের কাজ চলছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মও এর গৌরব ও ঐতিহ্য অনুভব করতে পারে।" মসজিদটির খেদমতের জন্য রয়েছেন একজন খতিব, একজন স্থানীয় ইমাম, একজন মুয়াজ্জিন এবং একজন খাদেম। শাহী বারোদুয়ারী মসজিদ কেবল একটি স্থাপনা নয়, এটি একটি ঐতিহাসিক নিদর্শন এবং সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি মানুষকে একত্রিত করছে প্রার্থনার ছায়াতলে, জাগিয়ে তুলছে ঐতিহ্যের আবেগ এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার পারমাণবিক বোমারু বিমান গুঁড়িয়ে দিল ইউক্রেনের ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


রাশিয়ার পারমাণবিক বোমারু বিমান গুঁড়িয়ে দিল ইউক্রেনের ড্রোন

ইউক্রেনের দূরপাল্লার ড্রোন ৮০০ কিমি পাড়ি দিয়ে রাশিয়ার এঙ্গেলস বিমানঘাঁটিতে রাশিয়ার টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান ধ্বংস করেছে, এমনটাই দাবি করেছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)। মস্কোর বিরুদ্ধে এই হামলাকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবরটি কিয়েভ পোস্ট থেকে জানা যায়।

শুক্রবার (১৭ জুলাই) এসবিএসইউ এক বিবৃতিতে জানায়, তাদের দূরপাল্লার ড্রোনগুলো প্রায় ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সংস্থাটি টেলিগ্রামে দেয়া বার্তায় উল্লেখ করেছে, ‘এসবিইউ-এর ড্রোনগুলো ৮০০ কিলোমিটার পথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে—এর লেজের অংশটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।’

এসবিইউ আরও জানায়, এই বোমারু বিমানটি নিয়মিতভাবে ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কাজে ব্যবহৃত হতো। রুশ সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা কমানোর লক্ষ্যেই জেলেনস্কির নির্দেশনার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

সংস্থাটি জানায়, ‘এসবিইুই ধারাবাহিকভাবে রাশিয়ার যুদ্ধযন্ত্রের গুরুত্বপূর্ণ অংশগুলো ধ্বংস করছে। প্রতিটি কৌশলগত বোমারু বিমান ধ্বংস করার অর্থ হলো—ইউক্রেনের শহরগুলোতে ডজন ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ঠেকানো, ইউক্রেনীয়দের প্রাণ বাঁচানো এবং শত্রুপক্ষের কোটি কোটি ডলারের অপূরণীয় ক্ষতি করা।’

টেলিগ্রাম পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনীয় বাহিনীকে এই হামলার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আমাদের দূরপাল্লার নিষেধাজ্ঞা আবারও সফল হয়েছে। বিশেষ করে, এসবিইউ বাহিনী এঙ্গেলস ঘাঁটিতে টিইউ-৯৫ সামরিক বিমান ধ্বংস করেছে, যা আমাদের দেশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কাজে ব্যবহৃত হতো।’

তিনি আরও লেখেন, ‘আমাদের রাষ্ট্র ও জনগণের ওপর আগ্রাসনের জন্য রাশিয়াকে যে চড়া মূল্য দিতে হচ্ছে, আমরা তা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি।’

এদিকে, এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%