ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুর্গম চরে বই হাতে শিক্ষার্থীর দুয়ারে ইউএনও মাহবুব হাসান


দুর্গম চরে বই হাতে শিক্ষার্থীর দুয়ারে ইউএনও মাহবুব হাসান

শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য তিনি যেখানে যান, সেখানেই বই বিতরণ করেন। কখনো যমুনার তীরে, কখনো দুর্গম চরের আঁকাবাঁকা মেঠোপথে, আবার কখনো বিদ্যালয়ের আঙিনায়। তার হাতে থাকে বই, চোখে থাকে সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন। বইয়ের পাতায় পাতায় তিনি বুনে দেন স্বপ্নের বীজ, যা অজানাকে জানার আগ্রহ জাগিয়ে তোলে। তার বিশ্বাস, "একটি বই বদলে দিতে পারে একটি জীবন, আর আলোকিত একজন মানুষ বদলে দিতে পারে একটি সমাজ।" এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে যমুনাবেষ্টিত টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নের সারথি হয়ে উঠেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান।

যমুনার বুকে জেগে থাকা ভূঞাপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে দারিদ্র্য, নদীভাঙন, দুর্গম যোগাযোগব্যবস্থা এবং জীবনসংগ্রাম অনেক শিশুর শিক্ষাজীবনের নিত্যসঙ্গী। কৃষিজীবী ও স্বল্প আয়ের পরিবারের সন্তানদের কাছে পাঠ্যবইয়ের বাইরের বই অনেক সময় অধরা থেকে যায়। অথচ এই বইগুলোই তাদের চিন্তার জগৎকে প্রসারিত করতে, কল্পনার দুয়ার খুলে দিতে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে নতুন দিশা দেখাতে পারে। সেই উপলব্ধি থেকেই দুর্গম জনপদের শিক্ষার্থীদের কাছে জ্ঞানের আলো পৌঁছে দিতে বইকে বেছে নিয়েছেন তিনি।

যে প্রান্তেই তিনি যাচ্ছেন, সুযোগ পেলেই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন বই। কখনো দর্শন, কখনো বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, কখনো বা বিশ্ববরেণ্য মনীষীদের জীবন ও কর্মের গল্প। অ্যারিস্টটল, প্লেটোর দর্শন থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞান ও মননশীল সাহিত্যের নানা বিষয় কোমলমতি শিক্ষার্থীদের হাতে জায়গা করে নিচ্ছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন প্রান্তে নিজ উদ্যোগে হাজারের বেশি বই বিতরণ করেছেন তিনি।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষার্থীপ্রতি দৈনিক ৩৮ টাকা ব্যয়ে স্কুল ফিডিং কার্যক্রম

এই উদ্যোগের উদ্দেশ্য কেবল বই বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের চিন্তা, মনন ও মূল্যবোধের বিকাশ ঘটানো। কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী, কেউ বিজ্ঞানী- এমন বড় স্বপ্ন দেখার সাহস জোগানোর পাশাপাশি তিনি তাদের সৎ, বিনয়ী, মানবিক ও উদার মানুষ হওয়ার প্রেরণা দেন। বই পড়ার অভ্যাস গড়ে তুলে তরুণ প্রজন্মকে মাদক, হতাশা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার বার্তাও পৌঁছে দিচ্ছেন। তার কাছে শিক্ষার প্রকৃত সার্থকতা শুধুমাত্র ভালো ফলাফল কিংবা বড় কোনো পেশায় প্রতিষ্ঠিত হওয়া নয়, বরং জ্ঞান, বিবেক ও মানবিকতায় সমৃদ্ধ একজন মানুষ হয়ে ওঠা।

দায়িত্বের মাঝেও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো, তাদের স্বপ্নের কথা শোনা এবং হাতে একটি বই তুলে দেওয়ার এই প্রচেষ্টা যেন তার দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে এক মানবিক অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি জানেন, একটি বই হাতে তুলে দিলেই হয়তো রাতারাতি বদলে যাবে না কোনো শিশুর জীবন। কিন্তু সেই বইয়ের একটি পৃষ্ঠা, একটি গল্প কিংবা একটি ভাবনা হয়তো কোনো একদিন তার জীবনের গতিপথ বদলে দিতে পারে। চরের পথে পথে বই হাতে স্বপ্ন ফেরির গল্প নিছক বই বিতরণের গল্প নয়, এটি সম্ভাবনাময় একটি প্রজন্মের হাতে আলোর মশাল তুলে দেওয়ার গল্প। যমুনার ভাঙনে যেখানে প্রতিনিয়ত হারিয়ে যায় মানুষের বসতভিটা, শৈশবের স্মৃতি এবং পূর্বপুরুষের ঠিকানা, সেখানে বইয়ের পাতায় পাতায় নতুন ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন বুনছেন মাহবুব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


মিরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

রাজধানী ঢাকার মিরপুরে আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার সময় দুর্বৃত্তদের কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার পর হঠাৎ করে মধুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসটি মিল্লাত ক্যাম্পের সংলগ্ন রাস্তায় পার্কিং করা অবস্থায় ছিল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বশিরও আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধুমতী বাসটির আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা সেলিম মিয়া ক্লোজড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ কর্মকর্তা সেলিম মিয়া ক্লোজড

ময়মনসিংহ, ২৬ নভেম্বর, ২০২৬ : সেলিম মিয়া নামে এক পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোপালগঞ্জে আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে এই ক্লোজড করা হয়েছে। তিনি নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার দুপুরে তাকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে ক্লোজড (প্রত্যাহার) করা হয়।

এ ঘটনার পর তার ব্যবহৃত সরকারি এবং ব্যক্তিগত মোবাইল ২টি জব্দ করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বাসসকে নিশ্চিত করেছেন যে, ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, "বিস্তারিত পরে জানানো হবে।"

তবে, নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বাসসকে জানিয়েছেন যে, একটি গোয়েন্দা প্রতিবেদনে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে।

এই কারণে তাকে ক্লোজড করা হয়েছে এবং অভিযোগের অনুসন্ধান চলছে। প্রমাণ মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে পুলিশের অভিযান, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


নন্দীগ্রামে পুলিশের অভিযান, নিষিদ্ধ আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম। এর আগে, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। পলাতক নেতাকর্মীরা দীর্ঘদিন পর বাড়িতে ফিরে বিজয়ঘট, শিমলা, চাকলমা, বৃকঞ্চি ও নামুইট মহল্লায় আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- নন্দীগ্রাম সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শিমলা গ্রামের আইয়ুব আলী (৫০), ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি চাকলমা গ্রামের আশরাফুল ইসলাম (৫৫), বৃকঞ্চি গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম (৪২), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নামুইট চুকাইপাড়ার আব্দুল আজিজ (৪৫) এবং সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক বিজয়ঘট গ্রামের ইউনুস আলী (৪৮)। পুলিশ তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিকে শিক্ষার্থীপ্রতি দৈনিক ৩৮ টাকা ব্যয়ে স্কুল ফিডিং কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


প্রাথমিকে শিক্ষার্থীপ্রতি দৈনিক ৩৮ টাকা ব্যয়ে স্কুল ফিডিং কার্যক্রম

দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ শিক্ষার্থীর জন্য ৫ হাজার ৪৫২ কোটি টাকার স্কুল ফিডিং কর্মসূচি কার্যকর রয়েছে। প্রতি সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করতে জনপ্রতি ব্যয় হচ্ছে ১৮৯ টাকা ৬০ পয়সা, যা দৈনিক গড়ে ৩৭ টাকা ৯২ পয়সা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এই তথ্য উপস্থাপন করা হয়েছে। কার্যপত্রের মাধ্যমে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে চলমান স্কুল ফিডিং কর্মসূচির বিস্তারিত তথ্যও কার্যপত্রে উল্লেখ করা হয়েছে। এতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের দৈনিক পুষ্টির চাহিদা, বয়স, স্থানীয় প্রাপ্যতা ও নিরাপদ সংরক্ষণের সুবিধা অনুযায়ী খাদ্যতালিকা প্রস্তুত করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের খাবার সরবরাহ করা হচ্ছে। রোববার ফর্টিফায়েড বিস্কুট, সোমবার কলা, ইউএইচটি দুধ, বনরুটি ও সিদ্ধ ডিম দেওয়া হচ্ছে। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম পরিবেশন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় পাঁচ দিনে একজন শিক্ষার্থীর জন্য মোট ব্যয় ১৮৯ টাকা ৬০ পয়সা। প্রতিদিন শিক্ষার্থীপ্রতি গড় ব্যয় ৩৭ টাকা ৯২ পয়সা। এই প্রকল্পের জন্য মোট বরাদ্দ ৫ হাজার ৪৫২ কোটি টাকা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির মেয়াদ থাকবে। ৬২ জেলার ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি স্কুলের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় রয়েছে।

কার্যপত্রে উল্লেখ করা হয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬৫ হাজার ল্যাপটপ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৬৪ হাজার ৪০২টি সচল এবং ৫৯৮টি অচল রয়েছে। তবে বিতরণ করা ল্যাপটপ ও অন্যান্য যন্ত্রপাতির তদারকির জন্য এখনো কোনো ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যন্ত্রপাতি ক্রয় ও বিতরণ ব্যবস্থাপনার জন্য ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (আইপিইএমআইএস) একটি মডিউল চালু রয়েছে।

এদিকে, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে আগামী পাঁচ বছরে ঝরে পড়া ও শিক্ষার বাইরে থাকা জনগণের ৫০ লাখ মানুষকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন বয়সী শিশু, কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের জন্য পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে সহকারী শিক্ষকদের পদোন্নতির জন্য গ্রেডেশন তালিকা প্রস্তুতের কাজ চলছে। সরাসরি নিয়োগের কোটায় প্রধান শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে। কার্যপত্রে বলা হয়েছে, সব শিশুর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর জন্য জাতীয় পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন রয়েছে।

কার্যপত্রে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) সারসংক্ষেপও উপস্থাপন করা হয়েছে। পিইডিপি-৫-এর আওতায় সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় করে শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা প্রদান, বিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, প্রাক্-প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, আনন্দময় ও দক্ষতাভিত্তিক শিক্ষা এবং শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর ক্ষেত্রে কোনো অঞ্চলের সব স্কুলকে কর্মসূচির আওতায় আনার, নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রত্যেক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়ন এবং দেশে সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি (ন্যাশনাল এডুকেশন পলিসি) নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

কমিটি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার পরামর্শ দিয়েছে। শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করার জন্য এমনভাবে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে, যাতে শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট বা কোচিংয়ে পড়তে না হয়।

এছাড়া, প্রাথমিক শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনেরও সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সাদিক রিয়াজ, ইলিয়াস মোল্লা, মোক্তার আলী এবং মাহফুজা হান্নান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%