বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৫ পি.এম
ঈশ্বরদীতে কেন্দ্রীয় নির্দেশে দলের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পদ ফিরে পাওয়ার কারণে স্থানীয় নেতাকর্মীরা পাঁচ নেতাকে গণসংবর্ধনা প্রদান করেছেন।
অতীতের সব ভুলে, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, ডিসেম্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নেতারা। তারা বলেছেন, "আমড়া কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ভেদাভেদ ভুলে দলের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁই।"
পাবনার ঈশ্বরদীতে দলীয় সিদ্ধান্ত, শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে গত ৯ মাস আগে দল থেকে বহিষ্কার হওয়া ৫ যুবদল নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। গত ২১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "বহিষ্কারের পর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্বপদে পুনর্বহাল করা হলো।"
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় শহরের রেলগেট ট্র্যাফিক মোড়ে এবং সাড়ে ১২টায় উপজেলার মুলাডুলিতে এই গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া পাঁচ নেতাকর্মী হলেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু ও সদস্য মো. মতিয়ার রহমান।
এই সংবর্ধনা উপলক্ষ্যে দলের পক্ষ থেকে আওয়ামী ফ্যাসিবাদের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঈশ্বরদী থেকে মুলাডুলি রেলগেট পর্যন্ত মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি মুলাডুলি পৌছালে সেখানে উপস্থিত নেতাকর্মীরা যুবদলের পাঁচ নেতাকর্মীকে সংবর্ধনা জানান। এতে প্রধান অতিথি ছিলেন জাকির হোসেন জুয়েল। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রা নিয়ে পদ ফিরে পাওয়া পাঁচ নেতাকর্মীকে নিয়ে ঈশ্বরদীতে এলে শহরের রেলগেট ট্র্যাফিক মোড়ে গণসংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা উল্লেখ করেন, গত ১৭ বছরে অপরিসীম নির্যাতন, জুলুম অত্যাচার, পুলিশি হয়রানি ও মামলা মোকদ্দমায় জর্জরিত ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, যুবদলের জাকির হোসেন জুয়েলসহ দলের বেশ কয়েকজনকে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে তাদের বহিষ্কার করা হয়েছিল। তবে কেন্দ্রীয় কমিটি সহানুভূতির সঙ্গে যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। বক্তারা জাকারিয়া পিন্টুসহ আরও নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
সংবর্ধনার জবাবে স্বপদ ফিরে পাওয়া পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, "আমড়া ভেদাভেদ ভুলে দলের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁই।" তিনি আরও বলেন, "দল যখন যে সিদ্ধান্ত নিয়েছে তা আমড়া সব সময় মাথা পেতে গ্রহণ করেছি। আজ দলীয় সিদ্ধান্তেই আবারও দলে ফিরতে পেরেছি।" তিনি জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ভাইয়ের উদ্দেশে বলেন, "বিগত সময়ে যা হয়েছে সব ভুলে বিএনপিকে শক্তিশালী করে এসব নৈরাজ্যবাদীদের উৎখাত করতে হবে।" তিনি সকলকে সুন্দর পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুর জেনারেল হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতালের আইসিইউ বিভাগে এই ঘটনাটি ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাই রকিবুল হাসান রিপনের বিরুদ্ধে এই অভিযোগ করেন হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান।
ডা. মাহাবুবুর রহমান জানান, সকালে পুরুষ ওয়ার্ডের কেবিনে ভর্তি হওয়া এক রোগী নিয়ে আসেন রকিবুল হাসান রিপন। এসময় তিনি আইসিইউ বিভাগের জন্য একটি শয্যার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু আইসিইউ বিভাগে কোনো শয্যা খালি ছিল না। একপর্যায়ে রিপন একজন রোগীকে অন্য বিভাগে স্থানান্তর করে ওই রোগীকে শয্যা দেয়ার প্রস্তাব করেন। তবে চিকিৎসক সাফ জানিয়ে দেন যে, রোগী সরিয়ে কোনোভাবেই শয্যা দেয়া সম্ভব নয়।
তিনি আরও জানান, বারবার অনুরোধ করায় বিরক্ত হয়ে তিনি রিপনকে ‘কচলাকচলি’ না করার আহ্বান জানান। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন রিপন। ঘটনার একপর্যায়ে তিনি মারার জন্য তেড়ে আসেন এবং দরজা পার হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এসময় আইসিইউতে থাকা লোকজন ফটকটি বন্ধ করে দেন, ফলে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগের বিষয়ে রকিবুল হাসান রিপন জানান, তিনি শয্যার জন্য বারবার অনুরোধ করেছেন। তবে চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দটি শুনে তিনি আপত্তি জানান। এসময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। গালিগালাজের কথা স্বীকার করলেও শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি তিনি অস্বীকার করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে এলজিইডির আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা শেষ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ প্রশংসনীয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমানের নেতৃত্বে রাজশাহী এগিয়ে যাচ্ছে। এখানকার অভিজ্ঞতা গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমে কাজে লাগাতে চান তাঁরা।
এ সময় বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান, রাসিকের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন।
কর্মশালায় রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
গত ২৪ নভেম্বর কর্মশালার উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। কর্মশালার অংশ হিসেবে ওই দিন রাতে হোটেল গ্র্যান্ড রিভারভিউতে অনুষ্ঠিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’-এ কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে রাজশাহী সিটি কর্পোরেশন। জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসকের হাতে পুরস্কার তুলে দেন।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য তিনি যেখানে যান, সেখানেই বই বিতরণ করেন। কখনো যমুনার তীরে, কখনো দুর্গম চরের আঁকাবাঁকা মেঠোপথে, আবার কখনো বিদ্যালয়ের আঙিনায়। তার হাতে থাকে বই, চোখে থাকে সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন। বইয়ের পাতায় পাতায় তিনি বুনে দেন স্বপ্নের বীজ, যা অজানাকে জানার আগ্রহ জাগিয়ে তোলে। তার বিশ্বাস, "একটি বই বদলে দিতে পারে একটি জীবন, আর আলোকিত একজন মানুষ বদলে দিতে পারে একটি সমাজ।" এই মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে যমুনাবেষ্টিত টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের স্বপ্নের সারথি হয়ে উঠেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসান।
যমুনার বুকে জেগে থাকা ভূঞাপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে দারিদ্র্য, নদীভাঙন, দুর্গম যোগাযোগব্যবস্থা এবং জীবনসংগ্রাম অনেক শিশুর শিক্ষাজীবনের নিত্যসঙ্গী। কৃষিজীবী ও স্বল্প আয়ের পরিবারের সন্তানদের কাছে পাঠ্যবইয়ের বাইরের বই অনেক সময় অধরা থেকে যায়। অথচ এই বইগুলোই তাদের চিন্তার জগৎকে প্রসারিত করতে, কল্পনার দুয়ার খুলে দিতে এবং জীবনের লক্ষ্য নির্ধারণে নতুন দিশা দেখাতে পারে। সেই উপলব্ধি থেকেই দুর্গম জনপদের শিক্ষার্থীদের কাছে জ্ঞানের আলো পৌঁছে দিতে বইকে বেছে নিয়েছেন তিনি।
যে প্রান্তেই তিনি যাচ্ছেন, সুযোগ পেলেই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন বই। কখনো দর্শন, কখনো বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, কখনো বা বিশ্ববরেণ্য মনীষীদের জীবন ও কর্মের গল্প। অ্যারিস্টটল, প্লেটোর দর্শন থেকে শুরু করে জ্ঞান-বিজ্ঞান ও মননশীল সাহিত্যের নানা বিষয় কোমলমতি শিক্ষার্থীদের হাতে জায়গা করে নিচ্ছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন প্রান্তে নিজ উদ্যোগে হাজারের বেশি বই বিতরণ করেছেন তিনি।
এই উদ্যোগের উদ্দেশ্য কেবল বই বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের চিন্তা, মনন ও মূল্যবোধের বিকাশ ঘটানো। কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী, কেউ বিজ্ঞানী- এমন বড় স্বপ্ন দেখার সাহস জোগানোর পাশাপাশি তিনি তাদের সৎ, বিনয়ী, মানবিক ও উদার মানুষ হওয়ার প্রেরণা দেন। বই পড়ার অভ্যাস গড়ে তুলে তরুণ প্রজন্মকে মাদক, হতাশা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার বার্তাও পৌঁছে দিচ্ছেন। তার কাছে শিক্ষার প্রকৃত সার্থকতা শুধুমাত্র ভালো ফলাফল কিংবা বড় কোনো পেশায় প্রতিষ্ঠিত হওয়া নয়, বরং জ্ঞান, বিবেক ও মানবিকতায় সমৃদ্ধ একজন মানুষ হয়ে ওঠা।
দায়িত্বের মাঝেও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানো, তাদের স্বপ্নের কথা শোনা এবং হাতে একটি বই তুলে দেওয়ার এই প্রচেষ্টা যেন তার দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে এক মানবিক অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি জানেন, একটি বই হাতে তুলে দিলেই হয়তো রাতারাতি বদলে যাবে না কোনো শিশুর জীবন। কিন্তু সেই বইয়ের একটি পৃষ্ঠা, একটি গল্প কিংবা একটি ভাবনা হয়তো কোনো একদিন তার জীবনের গতিপথ বদলে দিতে পারে। চরের পথে পথে বই হাতে স্বপ্ন ফেরির গল্প নিছক বই বিতরণের গল্প নয়, এটি সম্ভাবনাময় একটি প্রজন্মের হাতে আলোর মশাল তুলে দেওয়ার গল্প। যমুনার ভাঙনে যেখানে প্রতিনিয়ত হারিয়ে যায় মানুষের বসতভিটা, শৈশবের স্মৃতি এবং পূর্বপুরুষের ঠিকানা, সেখানে বইয়ের পাতায় পাতায় নতুন ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন বুনছেন মাহবুব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানী ঢাকার মিরপুরে আবারও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার সময় দুর্বৃত্তদের কণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার পর হঠাৎ করে মধুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসটি মিল্লাত ক্যাম্পের সংলগ্ন রাস্তায় পার্কিং করা অবস্থায় ছিল।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বশিরও আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধুমতী বাসটির আংশিক পুড়ে গেছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ