ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নতুন মজুরি ঘোষণার পর কাজে যোগ দিয়েছেন আশুলিয়ার পোশাক শ্রমিকরা


নতুন মজুরি ঘোষণার পর কাজে যোগ দিয়েছেন আশুলিয়ার পোশাক শ্রমিকরা

নতুন মজুরি ঘোষণার পর আশুলিয়ার শিল্পাঞ্চলে উত্তেজনা ও অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। যদিও কিছু কারখানা এখনও বন্ধ রয়েছে, অধিকাংশ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম সচল রেখেছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, কাঠগড়া ও নিশ্চিন্তপুর এলাকার বেশিরভাগ কারখানায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে ফিরে আসেন। তাদের গলায় আইডি কার্ড ঝুলিয়ে, দলে দলে কর্মস্থলে ফিরতে দেখা গেছে।

তবে শ্রম আইনের ১৩(১) ধারার আওতায় - অর্থাৎ ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে - ১২টি কারখানা এখনও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

আরও পড়ুন: আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক হাবিবুর রহমান আহত

এছাড়া, ৩টি কারখানায় আজও কর্মবিরতি ও সাধারণ ছুটির নোটিশ ঝুলতে দেখা গেছে। শুক্রবার ছুটির দিনেও উৎপাদন ঘাটতি পূরণ করতে সাভার-আশুলিয়ায় ১১৮টি কারখানা খোলা ছিল।

শিল্প পুলিশ-১ এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, সচল কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

গুরুত্বপূর্ণ মোড় ও কারখানার সামনে অতিরিক্ত পুলিশ, এসআরবি ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বহিরাগতদের উসকানি ঠেকাতে নজরদারি চলছে।

শ্রমিকরা জানাচ্ছেন, তারা কাজ ও শান্তি চান। নতুন মজুরি দ্রুত গেজেট আকারে প্রকাশ হলে শিল্পাঞ্চলে সম্পূর্ণ স্বস্তি ফিরে আসবে।

আরও পড়ুন: কাউনিয়ায় সন্ত্রাস মামলার এজাহারনামীয় যুবলীগ নেতা মোশাররফ হোসেন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ এম


বাউফলে আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং পটুয়াখালী জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। আজ শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে বিএনপি নেতা আশরাফ হোসেন রাজুর ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


নবীনগরে বিএনপি নেতা আশরাফ হোসেন রাজুর ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু (৫৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কনিকাড়া গ্রামের বাসিন্দা বাছির মিয়ার পুত্র।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নবীনগরে নিজ বাসভবনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আশরাফ হোসেন রাজু। তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেল ৩টার সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গতকাল শুক্রবার রাতে জেলা পরিষদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলার নেতৃবৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাদ জোহর নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর তাঁর নিজ গ্রামের খেলার মাঠে তৃতীয় জানাজা শেষে কনিকাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

তিনি নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক এবং সর্বশেষ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

আশরাফ হোসেন রাজুর এই অকাল ও মর্মান্তিক প্রয়াণে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৬ জন আহত, মোটরসাইকেলে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৬ জন আহত, মোটরসাইকেলে আগুন

ফেনীর দাগনভূঞায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে বন, পরিবেশমন্ত্রী ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার একটু আগে ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে ৪০ থেকে ৪৫টি হোন্ডা বহর পরিবেশমন্ত্রীর আলাইয়াপুর গ্রামের বাড়ির সামনে দিয়ে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাটের দিকে যাচ্ছিল। এ সময় মন্ত্রীর বাড়ির দিক থেকে লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করা হয় বলে দাবি করা হয়। দুই দিক থেকে ঘিরে তাদের বেধড়ক পেটানো হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

ফটিকের অনুসারী ১১ জন কর্মী আহত হন। তাঁদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অন্যদিকে মন্ত্রীর ভাই ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী ফেনী জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন দাবি করেন, তারা হোন্ডা বহর নিয়ে মন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করলে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়েন। এ সময় তাদের তিনজন কর্মী আহত হন। পরে দাগনভূঞা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আলাইয়াপুর এলাকায় দমদমে অবস্থা বিরাজ করছে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন আবুল বাশার, হৃদয় সওদাগর, মেহেদী হাসান, ফয়সাল, শিবলু, মহিদুল ইসলাম রাকু, তানভীর, মো. শামীম, ইয়াকুব আলী, সুয়েল ও জহিরুল হক সুয়েল প্রমুখ।

কাজী জামশেদুর রহমান ফটিক সাংবাদিকদের তিনি বলেন, শুক্রবার বিকেলে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীর হাট বাজারে তাদের একটি খেলার উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নিয়ে রওনা দেন। বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির সামনে গেলে জসিম, রাজু ও স্বপন নামের কয়েকজনের নেতৃত্বে তাঁর নেতাকর্মীদের গুলি ছুড়তে ছুড়তে ধাওয়া দেওয়া হয়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ১২ থেকে ১৩টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামসহ প্রায় ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

জসীমউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক, ফেনী জেলা শ্রমিক দল: তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার দিন তিনি নিজের মাছের খামারে কর্মরত ছিলেন। পরে শুনতে পান, থানা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নাম ধরে বহিষ্কৃত নেতা ফটিকের লোকজন গালিগালাজ করছে। এ সময় বেশ কয়েকটি বোমা ফোটানো হয়। তখন এলাকার নারী-পুরুষ দলবেঁধে প্রতিরোধ করলে তাদের হামলায় এলাকার তিনজন কর্মী আহত হন।

আকবর হোসেন আহ্বায়ক, দাগনভূঞা উপজেলা বিএনপি: তিনি সাংবাদিকদের জানান, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে চার-পাঁচটি বোমা ফোটানো হয়। তারই পরিপ্রেক্ষিতে এলাকার জনগণ সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং তাদের ধাওয়া দেয়।
উভয় পক্ষ একে অপরকে হামলার জন্য দায়ী করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, নিহত-আহত ১২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


হুথিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা, নিহত-আহত ১২১

ইয়েমেনের সরকারি বাহিনী ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানকে আরও জোরদার করেছে। এক দিনের মধ্যে বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হুথিদের বিভিন্ন অবস্থান ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। তাদের বক্তব্য অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে এসব অভিযানে অন্তত ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন। এ সময় হুথিদের ৮১টি সামরিক যান এবং বিভিন্ন সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, ‘ডন অব ইয়েমেন’ (ইয়েমেনের ভোর) সামরিক অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান, সমাবেশ, সামরিক শক্তিবৃদ্ধি ও প্রতিরক্ষা স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আল-নুজাইলি আরও জানান, পরিচালিত অভিযানের মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি কামানের গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন হামলা এবং ২৬টি রকেট হামলা অন্তর্ভুক্ত রয়েছে। এসব হামলায় হুথিদের সামরিক সক্ষমতা ও রসদ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী দাবি করেছে যে, এতে ৮১টি সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর হয়েছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়েমেনের তাইজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাইজ শহরের পূর্ব ও পশ্চিমাঞ্চল ছাড়াও আল-দাবাব ও সাবির ফ্রন্টে হুথিদের অবস্থান, সমাবেশ এবং নতুন করে আসা যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি বাহিনীর সঙ্গে স্থানীয় প্রতিরোধযোদ্ধারাও এসব লড়াইয়ে অংশগ্রহণ করেন।

এছাড়া মারিব ও আল-জউফ প্রদেশের উত্তর ও পশ্চিমাঞ্চল, তুর আল-বাহা, আল-মাকাতিরাহ, মুকাইরাস, আল-দালি ও শাবওয়া অঞ্চলেও সংঘর্ষ ও সামরিক অভিযান চালানো হয়েছে। বিশেষ করে মারিবের মাবিক ও আল-সাওয়ালিহ এলাকায় হুথিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। কিরশ ফ্রন্টের তানসুম পাহাড় ও হাওয়ামিরা এলাকাতেও হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

ইয়েমেনে সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষের তীব্রতা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে রাজধানী সানাসহ দেশের বিস্তীর্ণ এলাকা দখল করার পর থেকে হুথিদের সঙ্গে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সংঘাত চলমান রয়েছে। ২০১৫ সালের মার্চে হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনীকে সহায়তা করতে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট অভিযান শুরু করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পরবর্তী সময়ে তা ভেঙে পড়ে। চলতি বছরের জুলাই থেকে দুই পক্ষের মধ্যে লড়াই আবারও তীব্র হয়ে উঠেছে।

এদিকে, শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। ইয়েমেনে চলমান সংঘাতের পাশাপাশি সৌদি আরবের ওপর হুথিদের এ ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

অন্যদিকে, শুক্রবার ইয়েমেনের তাইজ প্রদেশের আল-তুরবাহ এলাকায় একটি ভবনে বিমান হামলায় ১১ জন নিহত হওয়ার দাবি করেছে হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, নিহতদের অধিকাংশই শিশু। ভবনটিতে আইসক্রিম বিক্রেতা কয়েকজন শিশু বসবাস করত বলেও দাবি করা হয়েছে। ধ্বংসস্তূপ থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।

তবে হামলার দায় নিয়ে দুই পক্ষের বক্তব্যে পরস্পরবিরোধিতা রয়েছে। হুথিরা এ হামলার জন্য সৌদি আরবকে দায়ী করলেও তাইজের সরকারি কর্তৃপক্ষ দাবি করেছে, ওই এলাকায় কোনো বিমান হামলা হয়নি; বরং বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য হুথিদের দায়ী করেছে তারা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি জানিয়েছে, হতাহতের সংখ্যা, হামলার ধরন ও দায়ী পক্ষের বিষয়ে দুই পক্ষের দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আরব নিউজ, আলজাজিরা ও এপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%