০৬:২৪ পি.এম
এভারকেয়ার হসপিটাল ঢাকা, স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে নারীদের জন্য বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি শুরু করেছে। ১১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালটির ব্রেস্ট ক্লিনিক ও মাস্টার হেলথ চেক ইউনিটে এই সেবা প্রদান করা হবে।
এই কর্মসূচির আওতায় নারীরা বিনামূল্যে স্তনের প্রাথমিক শারীরিক পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং ঝুঁকি মূল্যায়নের সুযোগ পাবেন। প্রয়োজন হলে পরবর্তী চিকিৎসার জন্যও পরামর্শ দেওয়া হবে।
এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ মন্তব্য করেন, "স্তন ক্যানসার দেরিতে শনাক্ত হলে অনেক ক্ষেত্রে চিকিৎসা জটিল হয়ে পড়ে। নিয়মিত স্ব-পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা এ রোগ শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" তিনি নারীদের নিজের স্বাস্থ্যের যত্নে সময় দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
হাসপাতালটির রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, "প্রতিটি নারীর নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। পরিবার, কাজ ও সামাজিক ব্যস্ততার কারণে অনেক নারী নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারেন না।" তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ নারীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সহায়ক হবে।
এভারকেয়ার হসপিটালসের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ জানান, "স্তন ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে প্রাথমিক শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ নারীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করতে চায়। সচেতনতা ও প্রাথমিক শনাক্তকরণ ক্যানসার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি মন্তব্য করেন।
হাসপাতালটির বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ১২ হাজারের বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। তাঁদের মধ্যে একটি বড় অংশ রোগের অগ্রসর পর্যায়ে চিকিৎসা নিতে আসেন। বিশেষজ্ঞরা মনে করেন, এই পরিস্থিতিতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং সচেতনতা বাড়ানো জরুরি।
এভারকেয়ার হসপিটাল ঢাকা উন্নত রোগ নির্ণয়ব্যবস্থা, অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞ এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাসেবার মাধ্যমে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে এবং পরীক্ষার সময় নির্ধারণ করতে হাসপাতালটির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন