ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বেনাপোল বন্দরের কনটেইনার স্ক্যানিং মেশিন তিন বছর ধরে অচল, ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে


বেনাপোল বন্দরের কনটেইনার স্ক্যানিং মেশিন তিন বছর ধরে অচল, ব্যবসায়ীদের ভোগান্তি বাড়ছে

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা অত্যাধুনিক কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিন দীর্ঘ তিন বছর ধরে অচল অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই প্রযুক্তিনির্ভর যন্ত্রের অকার্যকর অবস্থার কারণে আমদানি করা পণ্যবাহী ট্রাকের ভেতরে থাকা মালামাল পরীক্ষা করা হচ্ছে প্রচলিত কায়িক পদ্ধতিতে। এর ফলে একদিকে পণ্য খালাসে বাড়তি সময় লাগছে, অন্যদিকে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি আমদানি পণ্যের আড়ালে নিষিদ্ধ সামগ্রী, মাদক, অস্ত্র কিংবা শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য শনাক্তের সক্ষমতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে বিপুলসংখ্যক পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এসব আমদানি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা, সন্দেহজনক চালান পরীক্ষা এবং চোরাচালান প্রতিরোধে আধুনিক স্ক্যানিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ক্যানিং মেশিন সচল থাকলে পণ্যবাহী ট্রাক বা কনটেইনারের ভেতরের মালামাল না খুলেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা সম্ভব। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি নিষিদ্ধ ও ঝুঁকিপূর্ণ পণ্য শনাক্ত করাও সহজ হয়। কিন্তু প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মোবাইল স্ক্যানিং মেশিনটি দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায়, সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বন্দর ব্যবহারকারীরা।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ২০২০ সালের এপ্রিলে চীনের সহযোগিতায় প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে বন্দরে কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিনটি স্থাপন করা হয়। স্থাপনের পর চীনা প্রকৌশলীরা সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাদের যন্ত্রটি পরিচালনার প্রশিক্ষণ দেন। মেশিনটির মাধ্যমে পণ্যবাহী ট্রাকের ভেতরের মালামাল না খুলেই বিশেষ প্রযুক্তিতে পরীক্ষা করা সম্ভব হতো। এতে পণ্য খালাসের সময় কমানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল।

আরও পড়ুন: পাথর কোয়ারি খুললে লাখো মানুষের কর্মসংস্থান ফিরবে

তিনি জানান, চালুর কিছুদিন পর থেকেই মেশিনটিতে বিভিন্ন ধরনের কারিগরি সমস্যা দেখা দেয়। একাধিকবার মেরামতের মাধ্যমে এটি সচল করা হলেও ২০২৩ সালের নভেম্বর মাসে আবার বিকল হয়ে পড়ে। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও মেশিনটি পুরোপুরি সচল করা সম্ভব হয়নি। স্ক্যানিং মেশিন অচল থাকায় সন্দেহজনক পণ্যবাহী ট্রাকের মালামাল পরীক্ষা করতে অনেক ক্ষেত্রে বস্তা, কার্টন ও প্যাকেট খুলে সরাসরি যাচাই করতে হচ্ছে। এতে পণ্যের মোড়ক ও প্যাকেট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পণ্য খালাসে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, স্ক্যানিং মেশিন সচল না থাকায় অনেক ক্ষেত্রে সন্দেহজনক পণ্যবাহী ট্রাকের মালামাল নামিয়ে সরাসরি পরীক্ষা করতে হয়। এতে পণ্যের প্যাকেট ও মোড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি খালাস প্রক্রিয়ায় অতিরিক্ত সময় ব্যয় হয়। বিশেষ করে দ্রুত সরবরাহের প্রয়োজন এমন পণ্যের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

তিনি আরো বলেন, আধুনিক স্ক্যানিং ব্যবস্থা চালু থাকলে অল্প সময়ে পণ্যের ভেতরের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হতো। তাই ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে দ্রুত মেশিনটি সচল করা প্রয়োজন। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান জানান, ২০২৪ সালের ১৪ নভেম্বর অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বেনাপোল বন্দরের কার্গো টার্মিনাল উদ্বোধন করেন। ওই সময় কাস্টমসের স্ক্যানিং মেশিন অচল থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে বর্তমানে বন্দরের কার্গো টার্মিনালে স্থাপিত পৃথক স্ক্যানিং মেশিনের মাধ্যমে আমদানি করা পণ্যের চালান স্ক্যানিং কার্যক্রম সম্পন্ন হচ্ছে বলে তিনি জানান।

এদিকে বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, স্ক্যানিং মেশিন মেরামতের ব্যয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান অতীতে জটিলতার কথা জানিয়েছিল। এ বিষয়ে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে পুলিশের হাতে সোপর্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের বাসে আগুন, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩১ এম


শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের বাসে আগুন, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

রাজধানীর শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ‘ঠিকানা’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনাটি ঘটে।

শেরেবাংলা থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মঙ্গলবার রাতে বাসটি আসাদ গেটের দিকে যাচ্ছিল। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পৌঁছালে কে বা কারা বাসটিতে আগুন দেয়। তবে বাসে কোনো যাত্রী ছিল না। চালক ও তার একজন সহকারী ছিলেন। তারা কেউ হতাহত হননি।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় বাসের আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি। কে বা কারা আগুন দিয়েছে, তা খোঁজার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইইউবির ২৭তম সমাবর্তনে ২০৬৭ শিক্ষার্থীর সনদ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ এম


আইইউবির ২৭তম সমাবর্তনে ২০৬৭ শিক্ষার্থীর সনদ বিতরণ

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৭তম সমাবর্তন অনুষ্ঠিত হলো, যেখানে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের দুই হাজার ৬৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এই সমাবর্তন অনুষ্ঠানটি পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা বহুদিন ধরে বহু ধারায় বিভক্ত। সবার শিক্ষার সুযোগ, মান এবং অর্জিত দক্ষতার মধ্যে রয়েছে ব্যপক বৈষম্য ও বিভাজন। এর গ্রহণযোগ সমাধান অত্যন্ত জরুরি। বহুধারার মধ্যে সমন্বয় করে একটি সমন্বিত জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এখন সময়ে দাবি। বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আমাদের শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। তবে, এই অগ্রযাত্রায় নিজেদের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। নিজের শেকড়ের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থেকে নিজের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।’

তিনি আরো বলেন, ‘উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী, কর্মমুখী, দক্ষতাভিত্তিক পাঠ্যক্রম প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক ও কারিগরী শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। আমাদের তরুণদের শুধু চাকুরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ কর্মী, উদ্যোক্তা এবং কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ‘আমাদের সবচেয়ে বড় শক্তি হলো কোটি তরুণ প্রাণ। এই শক্তি, অদম্য উদ্যম আর নিত্যনতুন উদ্ভাবনের ওপর ভিত্তি করেই গড়ে উঠবে আগামীর উজ্জ্বল ও আলোকিত বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় যে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দিয়েছে, তাকে কাজে লাগিয়ে নিজেদের উদ্যোক্তা এবং উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের অর্থনীতি এক সাহসী ও দূরদর্শী লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের স্বপ্ন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং এক কোটি নতুন উচ্চমূল্যের চাকুরি সৃষ্টি করা। তরুণদের মেধা, সততা এবং পরিশ্রমই সেই লক্ষ্য অর্জনের মূল চালিকাশক্তি।’

সমাবর্তন বক্তা অধ্যাপক আইনুন নিশাত স্নাতকদের উদ্দেশ্যে বলেন, ‘দুনিয়া খুব দ্রুত বদলাচ্ছে। জ্ঞানের পরিমণ্ডল খুব দ্রুত বদলাচ্ছে। প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সামনে আসছে। আধুনিক টেকনিক আসছে। তুমি যে বিষয়েই পড়ো না কেন, নতুন নতুন প্রোডাক্ট আসছে। বিশ্লেষণ ও সমস্যা সমাধানের নতুন নতুন উপায় সামনে আসছে। তোমাদের অভিনন্দন, তোমরা কোর্স সম্পন্ন করেছো, কিন্তু শেখার পরিধি শেষ হয়নি, কারণ এখন তোমাদের প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে।’

আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন বলেন, ‘চীন, ভিয়েতনামের মতো এশিয়ার দ্রুত উন্নয়নশীল দেশগুলো শিক্ষায় বিপুল বিনিয়োগ করছে। বাংলাদেশ এখনো শিক্ষাখাতে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই, কারণ অচিরেই হয়তো আমরা জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ হওয়া দেখতে পাবো।’

স্নাতকদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, ‘জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানোও আমাদের দায়িত্ব। মানবিকতা ও সহমর্মিতা ছাড়া শিক্ষা পূর্ণতা পায় না। আমি আশা করি, তোমরা যুক্তিবাদী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। ভিন্নমতকে সম্মান করবে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে এবং নিজের কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখবে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড রাষ্ট্রপতি কাছে ডিগ্রি প্রদানের জন্য গ্র্যাজুয়েটদের উপস্থাপন করেন। সমাবর্তন অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজিস্ট্রার আসিফ পারভেজ।

আইইউবির ২৭তম সমাবর্তনের ভ্যালেডিক্টোরিয়ান হিসেবে মনোনীত হন চ্যান্সেলর্স গোল্ড মেডেল প্রাপ্ত ফিনান্স বিভাগের শিক্ষার্থী মারজান ফেরদৌস তাসবিহ। এছাড়াও চ্যান্সেলর্স গোল্ড মেডেল পান আরো দুই স্নাতক: ফিনান্স বিভাগের নাহিয়ান ইসলাম আসিফ ও মার্কেটিং বিভাগের শাদমান সাকিব হাসান। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম এবং নেতৃত্বের গুণাবলীসহ বিভিন্ন প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য অলরাউন্ডার অ্যাওয়ার্ড পান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইকরাম হোসেন আকিফ।

স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফলের জন্য আয়শা শামীম, সামিম রহমান ভুঁইয়া, তাসনুবা তাসনিম আনিতা, হিমেল শর্মা, ইয়াজদি জামান ও মাহমুদা আক্তার মুনিরা এবং স্নাতকোত্তর পর্যায়ে অসাধারণ ফলাফলের জন্য তাহসিনা মাহতাব অনন্যা, যায়মা জোহরা, রাবিয়াহ বিনতে হোসাইন ও ফাহমিদা চৌধুরীকে পুরস্কৃত করা হয়।

অ্যাকাডেমিক স্বীকৃতির পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সফল শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়। কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করেন জান্নাতুল ফেরদৌস মোহনা। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সম্মাননা পান আবুল কাশেম (আশিকুর রহমান) ও ফারহানা আজিজাহ্ আরিফ। স্পোর্টস অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড লাভ করেন নূর জারিন তাসনিম (ব্যাডমিন্টন), হৃদয় দেব (ক্রিকেট), অমিত বিক্রম রায় (দাবা) ও তিভা তাশা (বাস্কেটবল)।

সমাবর্তনের মূল অনুষ্ঠান শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে জনপ্রিয় মেটাল ব্যান্ড ওয়ারফেজ। পাশাপাশি ছিলো আইইউবি মিউজিক ক্লাব, আইইউবি ডান্স ক্লাব এবং আবৃত্তিলোকের পরিবেশনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের সিদ্ধান্ত জীবন-মৃত্যুর প্রশ্ন’ - গ্রেটা থুনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ এম


‘জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের সিদ্ধান্ত জীবন-মৃত্যুর প্রশ্ন’ - গ্রেটা থুনবার্গ

সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ মন্তব্য করেছেন যে, জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের সিদ্ধান্ত কোটি মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ এসে তিনি বিশ্বনেতাদের রাজনৈতিক নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। তিনি সতর্ক করেন যে, জলবায়ু পরিবর্তনের প্রভাব যাঁরা ইতিমধ্যে ভোগ করছেন, তাঁদের জীবন ও জীবিকার ওপর এসব সিদ্ধান্তের সরাসরি প্রভাব রয়েছে।

এদিকে, বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরার দুই শিক্ষার্থী নওশীন ইসলাম ও নুর আহমদও কপ-৩১-এ অংশগ্রহণ করেছেন। তাঁরা উপকূলীয় অঞ্চলের শিশুদের অধিকার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে সম্মেলনে যোগ দেন। সম্মেলনস্থলে তাঁদের স্বাগত জানান গ্রেটা থুনবার্গ। এ সময় তিনি বাংলাদেশের যুব জলবায়ু ন্যায়বিচার আন্দোলনের কর্মী ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন।

গ্রেটার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের উপকূলীয় তরুণদের জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক সংযোগের বিষয়টিকে সামনে এনেছে। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের শিশুদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের উদ্বেগ বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই সম্মেলনে অংশ নিয়েছেন নওশীন ও নুর আহমদ।

আন্তালিয়ায় সম্মেলনস্থলে গ্রেটার উপস্থিতি তরুণ জলবায়ুকর্মী ও অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনেকে তাঁর সঙ্গে দেখা করেন, মতবিনিময় করেন এবং ছবি তোলেন। তিনি বিভিন্ন বিক্ষোভেও অংশ নেন। এ সময় জলবায়ু সংকটের জরুরি পরিস্থিতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি অবকাঠামোর পরিবেশগত প্রভাব নিয়েও কথা বলেন।

গ্লাসগোতে কপ-২৬-এর পর জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার কার্যকারিতা নিয়ে তিনি সমালোচনা করেন। পরবর্তী সময়ে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির বাইরে থেকে বিভিন্ন দেশের তৃণমূল পর্যায়ের জলবায়ু আন্দোলনে সক্রিয় থাকেন।

বিশ্বনেতাদের সমালোচনা করে থুনবার্গ বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় মাত্রা ও গতিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। প্রতিবছর অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু আলোচনা ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে কি না, সেই প্রশ্নও তিনি তোলেন।

তিনি বলেন, ‘আমাদের এখনো লড়াই চালিয়ে যেতে হবে।’ তিনি অর্থবহ জলবায়ু পদক্ষেপ নিতে সরকারগুলোর ওপর জনসাধারণের ধারাবাহিক চাপ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

আন্তালিয়ায় তিনি আধুনিক প্রযুক্তি অবকাঠামোর পরিবেশগত প্রভাব নিয়েও আলোচনা করেন। বিশেষ করে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার যে জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি করছে, সেই বিষয়টি তিনি সামনে আনেন।

সম্মেলন ঘিরে সুশীল সমাজের সংগঠন ও তরুণ আন্দোলনকর্মীদের বিভিন্ন বিক্ষোভেও যোগ দেন থুনবার্গ। এসব কর্মসূচি থেকে সরকারগুলোর কাছে আরও জোরালো রাজনৈতিক অঙ্গীকার এবং জলবায়ুনীতির বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।

তাঁর উপস্থিতি জলবায়ু আন্দোলনে তৃণমূল পর্যায়ের সংগঠন ও তরুণদের ভূমিকার বিষয়টি আবারও সামনে এনেছে। জলবায়ু নিয়ে সরকারগুলোর প্রতিশ্রুতি এবং বাস্তব পদক্ষেপের মধ্যে যে ব্যবধান রয়েছে, তা নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সুইডেনে স্কুলশিক্ষার্থীদের জলবায়ু ধর্মঘটের মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান গ্রেটা থুনবার্গ। ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে তাঁর একক প্রতিবাদ থেকে পরে বিশ্বজুড়ে ‘ফ্রাইডেজ ফর ফিউচার’ আন্দোলনের সূচনা হয়। তিনি জলবায়ু সংকট মোকাবিলায় ব্যর্থতার জন্য বিভিন্ন সময় সরকারগুলোর সমালোচনা করেছেন এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ দ্রুত কমানোর দাবি জানিয়েছেন।

এবার আন্তালিয়ায় তাঁর উপস্থিতির সময় কপ-৩১-এ জলবায়ু অর্থায়ন, অভিযোজন সহায়তা, নিঃসরণ কমানো এবং প্যারিস চুক্তি বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।

৯ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চরম আবহাওয়ার ঘটনা, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং প্যারিস চুক্তির ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা অতিক্রমের ঝুঁকি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে।

উন্নয়নশীল দেশগুলো অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে আরও সহজলভ্য, পর্যাপ্ত ও পূর্বানুমানযোগ্য অর্থায়ন দাবি করছে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার গতি এবং জলবায়ু অর্থায়নের দায়িত্ব বণ্টন নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

কপ-৩১-এর সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো রাজনৈতিক অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া। বিশেষ করে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমা রক্ষা, জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায্যভাবে সরে আসা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা।

বাংলাদেশের সাতক্ষীরার দুই শিক্ষার্থীর অংশগ্রহণও মনে করিয়ে দেয়, জলবায়ু সংকট শুধু আন্তর্জাতিক আলোচনার বিষয় নয়। উপকূলীয় অঞ্চলের শিশু ও তরুণদের জীবন, অধিকার এবং ভবিষ্যতের সঙ্গে এটি সরাসরি যুক্ত। তাঁদের কণ্ঠ আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় কতটা গুরুত্ব পায়, সেটিও কপ-৩১-এর অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।

থুনবার্গের উপস্থিতি সরকারগুলোর ওপর প্রতিশ্রুতির বাইরে গিয়ে বাস্তব পদক্ষেপ নেওয়ার চাপ আরও বাড়িয়েছে। জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে কপ-৩১-এর সাফল্য নির্ভর করবে সম্মেলনের অঙ্গীকার মানুষের জীবন, জীবিকা ও নিরাপত্তা রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখছে, তার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি কেনাকাটায় বিশেষ ছাড়ের বিধানসহ বিল উত্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ এম


সৌরবিদ্যুৎ স্থাপনে সরকারি কেনাকাটায় বিশেষ ছাড়ের বিধানসহ বিল উত্থাপন

জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে, যার উদ্দেশ্য সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ দ্রুততর করা। এই বিলের মাধ্যমে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি ছাড়াই সরঞ্জাম কেনার সুযোগ রাখা হয়েছে।

বিলে উল্লেখ করা হয়েছে, নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ ৫ কোটি টাকার পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার সুযোগ থাকবে।

মঙ্গলবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে, বিলটি পরীক্ষা করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলটি উত্থাপনের সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান বিরোধিতা করেন। তিনি অভিযোগ করেন যে, সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে, যা আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদের ক্ষমতা ক্ষুণ্ন করেছে।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তার আপত্তির জবাব দেন।

বিলে বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে অগ্রাধিকার পাবে ওপেক্স বা পরিচালন ব্যয়ভিত্তিক মডেল। এই মডেলে সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। চুক্তি অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ বা তার মূল্য সমন্বয় করা হবে।

যেসব প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বা নিয়মিত আয় রয়েছে, তারা ক্যাপেক্স বা মূলধনি ব্যয়ভিত্তিক মডেলেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে। এই ব্যবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজের অর্থে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনবে ও স্থাপন করবে, এবং এর মালিকানাও তাদের থাকবে।

গ্রাহক, সেবাদানকারী প্রতিষ্ঠান এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করার বিধান রাখা হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য।

চুক্তিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের স্থান, বিদ্যুতের ব্যবহার ও বণ্টন, উদ্বৃত্ত বিদ্যুতের ব্যবস্থাপনা, মালিকানা, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের বিষয়গুলো নির্ধারণ করা হবে।

বিলে কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড়ের বিধানও রয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্র পদ্ধতিতে পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার জন্য আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা হবে। বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কেনাকাটায় ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক হবে না।

ই-জিপি হল সরকারি কেনাকাটার অনলাইন পদ্ধতি, যার মাধ্যমে দরপত্র আহ্বান, জমা ও মূল্যায়ন করা হয়।

বিলে সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে নীতিগত দিকনির্দেশনা দিতে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। জেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি থাকবে।

বিলে বর্ণিত বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট ক্ষমতার প্রকল্প রাখা হয়েছে, তবে বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এই ব্যবস্থার আওতায় পড়বে না।

বিলের মধ্যে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরির জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। চোরাই যন্ত্রাংশ জেনেশুনে কেনা, বিক্রি বা নিজের কাছে রাখার ক্ষেত্রেও একই শাস্তির বিধান রয়েছে।

এছাড়া, সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রাংশের ক্ষতি করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। অনুমতি ছাড়া অন্য কাউকে সৌরবিদ্যুতের সংযোগ দেওয়া এবং সৌরবিদ্যুৎ স্থাপন বা রক্ষণাবেক্ষণের কাজে বাধা দেওয়ার ক্ষেত্রেও সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বিদ্যুৎমন্ত্রী বলেন, “দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ প্রয়োজন। এ লক্ষ্যে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-৩০ প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও জানান, “আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুৎ কেনার জন্য প্রণোদনাও ঘোষণা করা হয়েছে।”

বিদ্যুৎমন্ত্রী জানান, প্রচলিত আইন ও বিধির আওতায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি এবং বাসাবাড়ির ছাদ, আঙিনা বা উপযুক্ত স্থানে বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম পরিচালনার সুযোগ না থাকায় গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়।

অধ্যাদেশটিতে সৌরবিদ্যুৎ স্থাপনের দুটি মডেল, সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন, ত্রিপক্ষীয় চুক্তি, বিশেষ কেনাকাটা পদ্ধতি এবং উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের বিনিময়ে প্রণোদনার বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশটিকে আইনে রূপান্তরের জন্য সংসদে বিল আনা হয়েছে বলে জানান তিনি।

বিলটি উত্থাপনের আগে আপত্তি জানিয়ে সংসদ সদস্য নাজিবুর রহমান বলেন, “সংসদ কার্যকর থাকা অবস্থায় আইন প্রণয়নের স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ না করে অধ্যাদেশ জারি করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি কৌশলপত্র গত জুলাইয়ে প্রণয়ন করা হয়। এরপর ১ সেপ্টেম্বর ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রণোদনা ঘোষণা করা হয়।

তিনি বলেন, “তখন জাতীয় সংসদের অধিবেশন চলছিল। ১০ সেপ্টেম্বর অধিবেশন শেষ হওয়ার পর ১৯ অক্টোবর অধ্যাদেশ জারি করা হয়।”

নাজিবুর রহমান প্রশ্ন তোলেন, সংসদ কার্যকর থাকা সত্ত্বেও কেন অধ্যাদেশ জারির প্রয়োজন হল? তিনি বলেন, “এই যে যে প্রক্রিয়ায় এটা আনা হয়েছে এটা সংসদের আইন প্রণয়ন সংক্রান্ত সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।”

সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে সরকারের প্রতি দাবি তোলেন তিনি।

নাজিবুর রহমান বলেন, “একটি কার্যকর সংসদ থাকা অবস্থায় সংসদ এবং সংশ্লিষ্ট স্থায়ী কমিটিকে পাশ কাটিয়ে অধ্যাদেশ জারির কারণ স্পষ্ট করতে হবে।”

তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের কার্যত অনুমোদন দেওয়ার যন্ত্রে পরিণত করা হচ্ছে। অধ্যাদেশ জারির জন্য জরুরি পরিস্থিতি কী ছিল, তার ব্যাখ্যাও চান তিনি।

নাজিবুর রহমানের অভিযোগ, কিছু অধ্যাদেশ জারির পেছনে বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে।

এদিকে নাজিবুর রহমানের আপত্তির জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ব্যাখ্যায় বিরোধীদলীয় সংসদ সদস্য ভুল করেছেন। আগের দিন অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হয়েছিল সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী।

“এখন সেটিকে নতুন বিল হিসেবে আনা হয়েছে। বিলটি সংসদীয় কমিটিতে যাবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর সংসদে প্রতিবেদন দেওয়া হবে।”

সংসদ আইন প্রণয়নের সার্বভৌম মন্তব্য করে মন্ত্রী বলেন, “সংসদের অধিবেশন না থাকা অবস্থায় জরুরি পরিস্থিতিতে অধ্যাদেশ জারির বিষয়ে রাষ্ট্রপতির সন্তুষ্টি তার নিজস্ব বিবেচনার বিষয়। সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের আওতায় রাষ্ট্রপতির সেই সিদ্ধান্ত নিয়ে আদালতেরও প্রশ্ন তোলার সুযোগ নেই।”

আইনমন্ত্রীর বক্তব্যের পর আবারও আপত্তি জানান নাজিবুর রহমান। তিনি বলেন, “রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা এবং অধ্যাদেশ জারির কারণ সম্পর্কে জনগণকে জানানো দুটি আলাদা বিষয়। ব্যতিক্রমী পরিস্থিতিতে অধ্যাদেশ জারির সুযোগ থাকলেও সেটিকে নিয়মিত আইন প্রণয়নের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়।”

সরকার কেন সংসদের অধিবেশন শেষ হওয়ার পর অধ্যাদেশ জারি করল সে বিষয়ে ব্যাখ্যা দাবি করেন তিনি।

বিতর্কের পর বিলটি আনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেন, “বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে বিকল্প জ্বালানি ব্যবহারের প্রয়োজনীয়তা বেড়েছে। বাংলাদেশও দ্রুত সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চায়। আগামী গ্রীষ্মে লোডশেডিংয়ের চাপ কমাতে গ্রীষ্ম শুরুর আগেই পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার চেষ্টা করছে সরকার। এ জন্য সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে চায় সরকার। সে জন্য নীতিমালা ও প্রণোদনার বিষয়গুলো একত্র করে আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিলটি এখনো আইন হিসেবে পাস হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, সংসদীয় স্থায়ী কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার পর আইন প্রণয়নের পরবর্তী ধাপ সম্পন্ন হবে।

এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল বিলটি উত্থাপনের অনুমতির প্রস্তাব কণ্ঠভোটে দেন। প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হলে বিদ্যুৎমন্ত্রী ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%