০৪:৪৩ এম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি প্রতিরোধের জন্য। প্রশ্ন প্রণয়ন, মুদ্রণ ও সংরক্ষণ— পুরো প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন ফেসলক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং প্রশ্নপত্র পিএসসির নিজস্ব প্রেসে মুদ্রিত হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য প্রকাশ করা হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে পিএসসির সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আব্দুল বারী এসব তথ্য তুলে ধরেন। সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ প্রশ্ন করেছিলেন, লাখ লাখ শিক্ষিত, বেকার ও স্বপ্নবাজ তরুণের রক্ত-ঘামে অর্জিত স্বপ্ন রক্ষার্থে বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতিমুক্ত রাখার জন্য কমিশন কী ধরনের কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
জবাবে মো. আব্দুল বারী পিএসসির নেওয়া বেশ কয়েকটি আধুনিক ও কঠোর পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন। জালিয়াতি রোধে পিএসসির নেওয়া পদক্ষেপগুলো হলো-
নিজস্ব ডিজিটাল প্রেসে প্রশ্ন মুদ্রণ
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র পূর্বে বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে মুদ্রিত হতো। বর্তমানে এটি পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে মুদ্রিত হচ্ছে। প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে যুক্ত সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা মুদ্রণ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেসে অবস্থান করেন। তাদের কাছে বাইরের সঙ্গে যোগাযোগের জন্য কোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস থাকে না। পুরো কার্যক্রমটি পিএসসি চেয়ারম্যান নিজে মনিটরিং করেন।
ভল্টে ‘ফেসলক’ ও সার্বক্ষণিক পুলিশ
আরও পড়ুন: আ.লীগের অধ্যায় ৫ আগস্টেই শেষ, চুয়াডাঙ্গায় শিবিরের মোটরসাইকেল শোডাউন
বিসিএস পরীক্ষার জন্য ব্যবহৃত ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। এখন শুধুমাত্র সংশ্লিষ্ট সদস্য এবং মনোনীত কর্মকর্তারা ‘ফেসলকের’ মাধ্যমে ভল্টরুমে প্রবেশ করতে পারেন। ভল্টরুম এলাকায় সাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশ্নপত্র সংরক্ষিত ভল্টরুমের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
বাসায় নয়, কমিশনে বসেই প্রশ্ন প্রণয়ন
পূর্বে প্রশ্নকর্তারা বাসা থেকে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। বর্তমানে এ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে তারা পিএসসিতে এসে গোপনীয় কক্ষে বসে প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ করেন এবং তা সিলগালা অবস্থায় সরাসরি সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেন। ওইদিনই তা ভল্টে সংরক্ষণ করা হয়। প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
খাতা মূল্যায়নে কড়াকড়ি ও অটোমেশন
আরও পড়ুন: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার
লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা আনতে সার্কুলার পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে পরীক্ষকরা উত্তরপত্র বাসায় নিতে পারেন না। কমিশনে এসে টিমের মাধ্যমে খাতা মূল্যায়ন করতে হয়। এছাড়া আবেদন গ্রহণ থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত কার্যক্রম অটোমেশন করা হয়েছে। ওএমআর মেশিনের মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রস্তুত করায় এতে দুর্নীতির কোনো সুযোগ নেই।
মৌখিক পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা
মৌখিক বা ভাইভা পরীক্ষার ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে। পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে নির্ধারণ করা হয় কোন প্রার্থী কোন বোর্ডে পরীক্ষা দেবেন এবং কোন বিশেষজ্ঞ কোন বোর্ডে দায়িত্ব পালন করবেন। আগে থেকে এটি জানার কোনো সুযোগ না থাকায় মৌখিক পরীক্ষার স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে সংসদে জানানো হয়।
আরও পড়ুন: শ্যামলীতে ‘ঠিকানা’ পরিবহনের বাসে আগুন, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন