১০:৩৯ পি.এম
কলকাতা হাইকোর্ট ভারতীয় নাগরিকের সাথে বিবাহিত এক বাংলাদেশি নারীর ভারতে প্রবেশে অভিবাসন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে বহাল রেখেছে। আদালত জানিয়েছে, বৈধ ভিসা থাকা সত্ত্বেও ওই নারীর জালিয়াতির মাধ্যমে ভারতীয় কাগজপত্র তৈরি করার কারণে কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ সঠিক ছিল।
আজ বুধবার (৭ অক্টোবর ২০২৪) বিচারপতি কৃষ্ণা রাও প্রদীপ বোসের দায়ের করা পিটিশনটি খারিজ করে দেন। পিটিশনে প্রদীপ বোস আদালতের কাছে তার স্ত্রীকে ভারতে প্রবেশ এবং তার সাথে থাকার অনুমতি দেওয়ার জন্য নির্দেশনা চেয়েছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, প্রদীপ বোস গত ৫ সেপ্টেম্বর কর্তৃপক্ষের কাছে তার স্ত্রী এবং নাবালক সন্তানের ভারতে প্রবেশের অনুমতি চেয়ে আবেদন করেন। পরে তিনি অভিযোগ করেন যে, অভিবাসন কর্তৃপক্ষ কোনো যুক্তিসঙ্গত কারণ দেখায়নি এবং তার স্ত্রী শ্রাবন্তী চৌধুরীকে ভারতে প্রবেশ করতে বাধা দিয়েছে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে
মামলার নথিপত্রে উল্লেখ করা হয়েছে, শ্রাবন্তী চৌধুরী প্রদীপ বোসের স্ত্রী হিসেবে 'মাল্টিপল-এন্ট্রি এক্স-ওয়ান' ভিসায় ভারতে নিয়মিত যাতায়াত করতেন। তার সর্বশেষ ভিসাটি ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর প্রদান করা হয়েছিল, যার মেয়াদ চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। চলতি বছরের এপ্রিল মাসে তিনি বাংলাদেশে আসেন এবং গত ২৩ আগস্ট ভারতে ফেরার সময় অভিবাসন সংক্রান্ত বিধিনিষেধের কারণে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
আদালতে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের (এফআরও) দাখিল করা রিপোর্টে উল্লেখ করা হয়, শ্রাবন্তী চৌধুরী একজন বাংলাদেশি নাগরিক এবং তার পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে তিনি জালিয়াতি ও অসদুপায় অবলম্বন করে ভারতের 'ভোটার কার্ড' ও 'প্যান কার্ড' তৈরি করেছেন।
কর্তৃপক্ষের আইনজীবী আদালতকে জানান, এসব জাল নথি তৈরির কারণে ওই নারীকে ভারতে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। 'ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫'-এর বিধান অনুযায়ী, কর্তৃপক্ষের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পূর্ণ অধিকার রয়েছে।
শুনানি শেষে কলকাতা হাইকোর্ট প্রদীপ বোসের দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দেয়। আদালত রায় দেয় যে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওই নারীর ভারতে প্রবেশে বাধা দিয়ে কোনো ভুল করেনি এবং তাদের সিদ্ধান্ত আইনানুগ। এর মাধ্যমে প্রদীপ বোসের স্ত্রীকে ভারতে ফিরিয়ে আনার আইনি প্রচেষ্টা সমাপ্ত হলো।
আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন