শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:২৫ পি.এম
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের সামরিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ‘স্টারশিল্ড’ (Starshield) ব্যবহারের ওপর নতুন বিধিনিষেধ আরোপের ফলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর শতভাগ সামরিক মিশন ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস (Axios) এ তথ্য প্রকাশ করেছে।
অ্যাক্সিওসের সঙ্গে কথা বলতে গিয়ে ওই কর্মকর্তা বলেছেন, "নতুন বিধিনিষেধের কারণে বর্তমানে আমাদের শতভাগ মিশনই ব্যর্থ হচ্ছে।"
তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি, ঠিক কোন ধরনের সামরিক অভিযানগুলো ব্যাহত হয়েছে। অন্যদিকে, স্টারশিল্ডের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়টি স্পেসএক্সের একজন মুখপাত্র সরাসরি অস্বীকার করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত ‘ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটি’র শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্টারশিল্ড ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাটের কথা তুলে ধরেন।
তিনি জানান, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাটির গতির সীমা কমিয়ে ঘণ্টায় ১৬১ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের হাতছাড়া হওয়া ভূখণ্ডগুলোর আকাশসীমায় স্টারলিংক (Starlink) সেবা সীমিত করা হয়েছে—যা কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত দেয়। সূত্র: অ্যাক্সিওস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেক ভ্যালি পর্যটকদের জন্য খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়লেও, প্রকৃতপক্ষে পর্যটনকেন্দ্রটি চালুর ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। প্রশাসন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে, গুজবে বিভ্রান্ত হয়ে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা না দিতে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী জানিয়েছেন, সাজেক পর্যটনকেন্দ্র আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার বিষয়ে নতুন কোনো নির্দেশনা বা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, সাজেক ভ্যালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমিতির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে পর্যটকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে এবং সাজেকের উদ্দেশে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত রিসোর্ট ও গাড়ি বুকিংয়ের ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ তাদের ফেসবুক পেজে উল্লেখ করেছে, সাজেকবাসীর পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি চলবে। সংগঠনটি বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে পর্যটকদের সাজেকের উদ্দেশে যাত্রা না করার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাজেকের উদ্দেশে রওনা হলে কেউ কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ক্ষতির সম্মুখীন হলে তার দায় ‘সাজেক গণ অধিকার রক্ষা কমিটি’ ও ‘অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ বহন করবে না।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সড়কে অবরোধ চলমান রয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীতের আগমনে অনেকের ঘুমের সময় বৃদ্ধি পায়। রাতে যথেষ্ট ঘুমানোর পরেও সকালে ক্লান্তি অনুভব করা হয় এবং দিনের বেলাতেও ঝিমুনি দেখা দেয়। এই ক্লান্তির জন্য শুধুমাত্র ঠাণ্ডা আবহাওয়া দায়ী নয়; বরং দিনের আলো কমে যাওয়া, শরীরের জৈবিক ঘড়ির পরিবর্তন এবং দৈনন্দিন অভ্যাসের প্রভাবও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যাওয়ার ফলে শরীরের ঘুম ও জেগে থাকার স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসতে পারে। জয়পুরের সিকে বিড়লা হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অতিরিক্ত পরিচালক চিকিৎসক নিরঞ্জন সিং এ বিষয়ে বিশদ ব্যাখ্যা করেছেন।
দিনের আলো কমে যাওয়ার প্রভাব
মানুষের শরীরের ২৪ ঘণ্টার ঘুম ও জেগে থাকার চক্রকে সার্কাডিয়ান রিদম বা জৈবিক ঘড়ি বলা হয়। আলো এই চক্রের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতকালে দিনের আলো কমে যায় এবং অনেকেই ঘরের ভেতর অধিক সময় কাটান। এর ফলে ঘুমের জন্য দায়ী হরমোন মেলাটোনিনের নিঃসরণ এবং শরীরের ঘুম-জাগরণের ছন্দে পরিবর্তন আসতে পারে।
ফলস্বরূপ, দিনের বেলাতেও ঘুমঘুম ভাব অনুভূত হতে পারে। সূর্যের আলো কম পাওয়ার কারণে মেজাজ এবং সতর্কতা প্রভাবিত হতে পারে। এর ফলে শরীর ভারী লাগা বা কাজের প্রতি মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে।
ঠাণ্ডায় শারীরিক পরিশ্রম কমে যাওয়া
শীতের সকালে হাঁটতে বা ব্যায়াম করতে অনেকের অনীহা দেখা দেয়। ঠাণ্ডার কারণে বাইরে চলাফেরা ও শরীরচর্চা কমে গেলে শরীর আরো অলস ও নিস্তেজ লাগতে পারে। নিয়মিত শারীরিক সক্রিয়তা কমে যাওয়ার সঙ্গে ক্লান্তির অনুভূতি বৃদ্ধি পেতে পারে।
খাদ্যাভ্যাস ও পানির ঘাটতি
শীতকালে অনেকেই তুলনামূলক ভারী খাবার গ্রহণ করেন। তাছাড়া, ঠাণ্ডার কারণে তৃষ্ণা কম অনুভূত হওয়ায় অনেকেই পর্যাপ্ত পানি পান করতে ভুলে যান। খাবারের অনিয়ম এবং শরীরে পানির ঘাটতি ক্লান্তি বাড়াতে পারে।
অন্য শারীরিক সমস্যাও কারণ হতে পারে
শীতের জন্য সব ক্লান্তিকে দায়ী করা সঠিক নয়। রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা, ভিটামিন বি১২ বা ভিটামিন ডি-এর ঘাটতি, ডায়াবেটিস এবং ঘুমের সমস্যা থেকেও দীর্ঘস্থায়ী ক্লান্তি হতে পারে।
শীতের অন্ধকারাচ্ছন্ন দিনগুলোতে কারো কারো মেজাজ ও শক্তির মাত্রায় পরিবর্তন দেখা দিতে পারে। কিছু ক্ষেত্রে এটি সিজনাল অ্যাফেক্টিভ ডিজঅর্ডার বা ঋতুভিত্তিক বিষণ্নতার লক্ষণ হতে পারে।
ক্লান্তি কমাতে যা করবেন
চিকিৎসক নিরঞ্জন সিংয়ের পরামর্শ অনুযায়ী, শীতেও প্রতিদিন ঘুমাতে যাওয়ার এবং ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট রাখা জরুরি। দিনের আলোয় কিছুটা সময় বাইরে কাটানোর চেষ্টা করা উচিত। পাশাপাশি নিয়মিত ব্যায়াম, সুষম খাবার এবং পর্যাপ্ত পানি পান শরীরের কর্মক্ষমতা বজায় রাখতে সহায়তা করে।
যদি পর্যাপ্ত ঘুমের পরও দীর্ঘদিন ক্লান্তি কাটে না, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে অকারণে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা মাথা ঘোরানোর মতো উপসর্গ দেখা দিলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। মেজাজের পরিবর্তন বা কোনো কিছুতে আগ্রহ হারিয়ে ফেলার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।
শীতের স্বাভাবিক অলসতা এবং কোনো শারীরিক সমস্যার কারণে তৈরি হওয়া দীর্ঘস্থায়ী ক্লান্তির মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশের লক্ষ্যে চট্টগ্রামের সন্দ্বীপে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সন্দ্বীপ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও ইবতেদায়ী মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
পরীক্ষার নিয়ন্ত্রক ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ তিনজন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এক কথায় উত্তর দেওয়ার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে।
পরীক্ষা শেষে ‘শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ভূমিকা’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। সঞ্চালনা করেন আলোকিত সন্দ্বীপের সহযোগী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন।
আলোচনায় অংশ নেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, বৃত্তি পরীক্ষার সচিব ও প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী, ঘাটমাঝির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোস্তফা, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহসভাপতি এম এ হাশেম, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া রিপন এবং আকবর হাট পাঠশালার প্রধান শিক্ষক জেসমিন আকতার প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষায় উৎসাহিত করার ক্ষেত্রে মেধাবৃত্তি পরীক্ষা কার্যকর উদ্যোগ।
উল্লেখ্য, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে সন্দ্বীপে সাতটি শিক্ষা ও সাংস্কৃতিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে—পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা (২০১৪), চতুর্থ শ্রেণির চিত্রাঙ্কন প্রতিযোগিতা (২০১৫), তৃতীয় শ্রেণির হাতের লেখা প্রতিযোগিতা (২০১৬), মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন কর্মশালা ও সংবর্ধনা (২০১৮), তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (২০১৮), উচ্চমাধ্যমিক পর্যায়ের ক্যারিয়ার গাইডলাইন কর্মশালা ও সংবর্ধনা (২০২২) এবং অবসরপ্রাপ্ত গুণী শিক্ষকদের সংবর্ধনা (২০২২)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ও জোরালো অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল। মাদক কারবারিদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, “হয় মাদক ছাড়ুন, নতুবা এলাকা ছাড়ুন। আমরা মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ও জোরালো অভিযান করবো।”
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন কঠোর বার্তা দেন ডিবি পুলিশের এই কর্মকর্তা। তাঁর এই বক্তব্য মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের কঠোর অবস্থানের বিষয়টি তুলে ধরেছে।
ঠাকুরগাঁও জেলায় মাদক নির্মূল, মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের শনাক্ত এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ জরুরি।
সচেতন মহলের প্রত্যাশা, ডিবি পুলিশের এ কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকলে ঠাকুরগাঁও জেলায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।
মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়তে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ