১১:২১ পি.এম
উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কিছু ভারতীয় নাবিক। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশেপাশে বাণিজ্যিক জাহাজে কর্মরত এই নাবিকরা দাবি করেছেন, সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে ‘ভারতীয় ক্রু’ বহনকারী জাহাজগুলো বারবার হামলার শিকার হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে তারা দ্রুত সহায়তার আহ্বান করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান এবং হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকার দায়িত্ব পালনরত ভারতীয় নাবিকরা নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক হামলাগুলোর ফলে ভারতীয় নাবিক থাকা জাহাজগুলো বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে নাবিকদের উদ্বিগ্ন ও আতঙ্কিত অবস্থায় দেখা যায়। সেখানে তারা বলছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং হামলার মধ্যে তারা কার্যত বন্দী হয়ে পড়েছেন। ভিডিওগুলোর মধ্যে একটি যেখানে একজন নাবিককে বলতে শোনা যায়, ‘পরিস্থিতি খুব খারাপ’ এবং ‘শুধু ভারতীয় নাবিক থাকা জাহাজগুলোতেই হামলা হচ্ছে।’
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
একজন নাবিক বলেন, ‘আমরা ইরানে রয়েছি এবং এখানে পরিস্থিতি অত্যন্ত খারাপ। শুধু ভারতীয় ক্রু থাকা জাহাজগুলোই হামলার শিকার হচ্ছে। অন্যের যুদ্ধে আমাদের কেন জড়িয়ে পড়তে হবে? আমরা সামরিক বাহিনীর সদস্য নই। আমরা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছি এবং তেল পরিবহন ও বৈশ্বিক বাণিজ্যে অবদান রাখছি।’
ওই নাবিক জানান, সম্প্রতি যে জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন, তিনি আগে সেই জাহাজেই কাজ করতেন। তার কথায়, ‘আমি ওই জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, ওমানের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’
অন্য এক নাবিকের দাবি, বিশ্বের বিভিন্ন প্রান্তে ১৩ লাখের বেশি ভারতীয় নাবিক কাজ করলেও তাদের দুর্দশার কথা কেউ গুরুত্ব দিয়ে শুনছে না।
এর আগে গত সপ্তাহে নিষেধাজ্ঞার আওতায় থাকা ‘মেরিভেক্স’ নামের একটি তেলবাহী ট্যাংকারে কর্মরত ভারতীয় নাবিকরা জরুরি বার্তা পাঠিয়েছিলেন। তাদের মতে, ওমান উপকূলে হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং সেটি ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বার্তায় নাবিকরা ‘দয়া করে সাহায্য করুন’ বলে আবেদন জানিয়েছিলেন। এর আগে ওমান উপকূলের কাছে ভারতীয় নাবিক বহনকারী একাধিক তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলার খবর পাওয়া যায়।
এসব হামলায় একটির ঘটনায় তিন ভারতীয় নাবিক নিহত হন। পাশাপাশি ২৪ ভারতীয় নাবিক বহনকারী আরেকটি জাহাজও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীতে জাহাজটির সব আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়।
আল জাজিরার উদ্ধৃত একটি বার্তায় এক নাবিক বলেছেন, ‘মার্কিন নৌবাহিনীর হামলায় আমাদের ইঞ্জিন কক্ষে ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। জাহাজের নিচের অংশে বড় ছিদ্র হয়ে গেছে। এখানে ২৪ জন ক্রু রয়েছে, সবাই ভারতীয়। দ্রুত সাহায্য প্রয়োজন।’
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন