বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৩৩ পি.এম
মানিকগঞ্জের ঘিওর বাজারে একটি অভিযান পরিচালনা করে ৭,৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে এবং তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ যৌথভাবে এই অভিযানটি সম্পন্ন করে।
মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর বাস্তবায়ন নিশ্চিত করতে মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম। অভিযানের পর, জব্দকৃত জালটি ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার এবং সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানায়, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিওনেল মেসির অবসর ঘোষণার পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক কে হবেন, এ নিয়ে আলোচনা অব্যাহত ছিল। কোচ লিওনেল স্কালোনি সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরোর নাম ঘোষণা করেছেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টায় আর্জেন্টিনার প্রথম পরীক্ষা হবে। কর্ডোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে মেসি ছাড়া প্রথমবার মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ সময় বুধবার স্কালোনি রোমেরোর অধিনায়কত্বের ঘোষণা দেন। তিনি রোমেরোর অনুপস্থিতিতে দুজন বিকল্প অধিনায়কের নামও প্রকাশ করেছেন, যাদের মধ্যে একজন হলেন এমিলিয়ানো মার্তিনেজ এবং অন্যজন লাউতারো মার্তিনেজ।
স্কালোনি বলেন, “কুটি রোমেরো হবে অধিনায়ক। দ্বিতীয় অধিনায়ক এমিলিয়ানো মার্তিনেজ এবং তৃতীয় লাউতারো মার্তিনেজ।”
এই তিনজনই মেসির দীর্ঘ দিনের সতীর্থ এবং ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য।
সূত্র: মুন্দো আলবিসেলেস্তে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইতালির আনকোনায় অবস্থিত ফিনক্যানতিয়েরি শিপইয়ার্ডে মঙ্গলবার গভীর রাতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে একজন শ্রমিকের করুণ মৃত্যু ঘটেছে এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহত শ্রমিকের বয়স ৫৫ বছর এবং তিনি একজন তিউনিসীয় নাগরিক। অপরদিকে, আহত ব্যক্তি ২৯ বছর বয়সী একজন বাংলাদেশি।
সূত্র অনুযায়ী, আহত বাংলাদেশি শ্রমিককে বর্তমানে আনকোনা আঞ্চলিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, তাঁর শারীরিক অবস্থার কারণে তাঁকে পিসার একটি বিশেষায়িত বার্ন সেন্টারে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
এই দুই শ্রমিক একটি ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে কর্মরত ছিলেন এবং যখন তারা জাহাজে কাজ করছিলেন, ঠিক তখনই হঠাৎ আগুন লেগে যায় এবং তারা তীব্র শিখায় আটকা পড়ে যান।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর বুধবার শিপইয়ার্ডের বাইরে ফিয়োম, ফিম এবং উইলম নামের স্থানীয় শ্রমিক ইউনিয়নগুলি বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা একযোগে ৮ ঘণ্টার কর্মবিরতি বা ধর্মঘটের ডাক দিয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, ইতালিতে কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব এবং দুর্ঘটনাজনিত মৃত্যু একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কর্মক্ষেত্র দুর্ঘটনা বীমা সংস্থা আইএনএআইএল-এর গত সপ্তাহে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে ইতালিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনার কারণে ১,১৮৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। যদিও এটি ২০২৪ সালের তুলনায় ৩৭ জন কম (৩.০২% হ্রাস), তথাপি হিসাব অনুযায়ী ইতালিতে প্রতিদিন গড়ে ৩ জনেরও বেশি মানুষ কর্মক্ষেত্রে প্রাণ হারাচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি ২৪৫ জনে পৌঁছেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত একদিনে নতুন করে ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর দেশে মোট ৭৯ হাজার ৬২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১২ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২১০ জন, খুলনা বিভাগে ২৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ২১১ জন, রংপুর বিভাগে ৯৯ জন এবং সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৭৩ হাজার ৮৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৮২ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অনার বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং কানেক্টেড প্রযুক্তি নির্ভর একটি বৃহৎ ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছে, যা স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে যাবে। প্রতিষ্ঠানটি স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস, ল্যাপটপ, টিভি এবং অন্যান্য স্মার্ট ডিভাইসগুলোকে একত্রিত করে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী কাজ করার প্রযুক্তি নিয়ে এগোচ্ছে।
ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সোমবার আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নতুন পরিকল্পনা এবং প্রযুক্তির অগ্রগতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে দেশের বাজারে প্রথমবারের মতো অনারের রোবট ফোন প্রদর্শন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের নতুন ব্র্যান্ড লোগোও উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অনারের নতুন স্লোগান ‘ডেয়ার টু বি’-এর ধারণা উপস্থাপন করা হয়। প্রযুক্তিকে মানুষের প্রয়োজনের সঙ্গে সহজভাবে যুক্ত করা এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহারকে সহজতর করাই এই স্লোগানের মূল উদ্দেশ্য বলে জানানো হয়।
অনার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জিটিএম পরিচালক লিও পেই মন্তব্য করেন, "বাংলাদেশে অনার স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করলেও এখন ফোন তাদের বিস্তৃত স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের একটি অংশ।" তিনি বলেন, ফোন, ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস, ল্যাপটপ ও টিভিগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে কাজ করতে পারে।
অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও জানান, "বাংলাদেশের মানুষ এমন প্রযুক্তি চায়, যা দৈনন্দিন জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে যায়।" তিনি আরও বলেন, রোবট ফোনও অনারের বৃহৎ ইকোসিস্টেমের একটি অংশ। সামনে আরও নতুন প্রযুক্তি ও ডিভাইস বাজারে আনা হবে।
অনুষ্ঠানে অনার ম্যাজিক৯ প্রো আনার পরিকল্পনার কথাও জানানো হয়। প্রতিষ্ঠানটি জানায়, আগামী কয়েক মাসের মধ্যে ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে। চলতি বছরের ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে উন্মোচিত এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি সিনেমা ক্যামেরা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারির সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি এবং সিনেমাটোগ্রাফার সুমন সরকার উপস্থিত ছিলেন। তারা অ্যারি প্রযুক্তি নিয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন। রোবট ফোন নিয়ে রায়হান রাফি বলেন, "ডিভাইসটি দিয়ে পরীক্ষামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সম্ভাবনা রয়েছে।" তিনি উল্লেখ করেন, প্রচলিত ফিল্ম ক্যামেরা আকারে বড় হওয়ায় অনেক পরিস্থিতিতে প্রয়োজনীয় শট নেওয়া কঠিন হয়ে পড়ে। রোবট ফোনের ক্যামেরা যেকোনো জায়গায় রেখে শুট করা এবং ক্যামেরার স্বয়ংক্রিয় মুভমেন্টের সুবিধা কাজে লাগানো যেতে পারে।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, অনার বর্তমানে বাংলাদেশে স্থানীয়ভাবে ডিভাইস উৎপাদন করছে। তিনি দাবি করেন, উৎপাদনের মান বিশ্বের সেরা কারখানাগুলোর সমমানের। ধাপে ধাপে অনারের অন্যান্য ডিভাইসও বাংলাদেশের বাজারে আনার পরিকল্পনার কথা জানান তিনি।
তিনি বলেন, "১৯৯৮ সাল থেকে পার্টনারদের মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে আসছে তাদের প্রতিষ্ঠান।" গ্রাহকদের পরামর্শ ও সমালোচনাকে গুরুত্ব দিয়ে প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের মাধ্যমে এগিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিনও বক্তব্য দেন।
অনুষ্ঠানের বিশেষ এক্সপেরিয়েন্স জোনে অনারের বিভিন্ন ইকোসিস্টেম পণ্য প্রদর্শন করা হয়। রোবট ফোনের পাশাপাশি নতুন ফোল্ডেবল স্মার্টফোন ম্যাজিক ভি৬, বিভিন্ন স্মার্টফোন, ট্যাবলেট, ইয়ারবাড, হেডফোন ও স্মার্টওয়াচও প্রদর্শিত হয়।
এ ছাড়া বাংলাদেশে ল্যাপটপ ও টিভি বাজারে বড় পরিসরে প্রবেশের প্রস্তুতির কথাও জানায় অনার। ল্যাপটপে একাধিক সিরিজের পণ্যের পাশাপাশি টিভি বিভাগে ৩২ থেকে ১০০ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন মডেল এবং আধুনিক ডিসপ্লে প্রযুক্তি আনার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ