ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

সাটুরিয়ায় ধূমপান নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা


সাটুরিয়ায় ধূমপান নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ধূমপান নিয়ে সৃষ্ট বিরোধের ফলস্বরূপ প্রতিপক্ষের হামলায় রমজান আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় সাটুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন রোববার (১৫ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।

আরও পড়ুন: হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আমিনুল হক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে সিগারেট খাওয়ার কারণে স্থানীয় নূর মোহাম্মদ (২২) এবং আশিক (১৮) নামের দুই যুবকের মধ্যে বিরোধ তৈরি হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন।

এই ঘটনার পর আনোয়ার হোসেনের বাড়িতে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে রমজান আলী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তাঁর মৃত্যু ঘটে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন: নিতপুর ফাজিল মাদরাসায় শিক্ষার্থীদের কুরআনের উদ্বোধনী সবক, ‘আত-তাকওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন আদালতের স্থগিতাদেশে ট্রাম্পের গলফ কোর্স সংস্কার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


মার্কিন আদালতের স্থগিতাদেশে ট্রাম্পের গলফ কোর্স সংস্কার পরিকল্পনা

ওয়াশিংটন ডিসির একটি ঐতিহাসিক পৌর গলফ কোর্সের সংস্কারের পরিকল্পনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা অস্থায়ীভাবে স্থগিত করেছেন একজন ফেডারেল বিচারক। রবিবার (১৫ নভেম্বর) থেকে ‘ইস্ট পোটোম্যাক গলফ লিংকস’ বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল প্রশাসন। তবে শনিবার (১৪ নভেম্বর) রাতে মার্কিন জেলা বিচারক আনা সি. রেয়েস এক আদেশে কোর্সটি খোলা রাখার নির্দেশ দেন।

বিচারক আনা সি. রেয়েস তার আদেশে উল্লেখ করেন, সাধারণ মানুষের ব্যবহারের জন্য এই গলফ কোর্সটিকে ট্রাম্পের পছন্দের চ্যাম্পিয়নশিপ কোর্সে রূপান্তর করার উদ্যোগটি পরিবেশ আইন লঙ্ঘন করেছে। তিনি আরও বলেন, প্রশাসন নির্বাহী ক্ষমতার সীমারেখা অতিক্রম করেছে।

সংস্কারের পূর্বে জনসাধারণকে নোটিশ দেওয়া এবং তাদের মতামত নেওয়ার যে বাধ্যতামূলক আইনি নিয়ম রয়েছে, তা ন্যাশনাল পার্ক সার্ভিস মানেনি। বিচারক স্পষ্টভাবে বলেন, প্রেসিডেন্টকে খুশি করার জন্য ১৫ নভেম্বরের মধ্যে পার্কটি বন্ধ করার জন্য আইনি নিয়ম উপেক্ষা করা যায় না।

মামলায় বিচার বিভাগ দাবি করেছিল যে নিরাপত্তার কারণে কোর্সটি বন্ধ করা হচ্ছে। তবে বিচারক এই যুক্তিকে ‘অজুহাত’ হিসেবে অভিহিত করেন। তিনি মনে করেন, ঐতিহাসিক এই পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলে সাধারণ গলফার ও ওয়াশিংটনবাসীর অপূরণীয় ক্ষতি হবে।

এর আগে, গত অক্টোবরেও যথাযথ নোটিশ ছাড়াই ওই কোর্স থেকে ৪০০টির বেশি গাছ কেটে ফেলায় প্রশাসনের ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারক রেয়েস। সে সময় সরকারি আইনজীবীরা তাকে বিভ্রান্ত করেছেন কি না, তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন।

রায়ের আগে শনিবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ট্রাম্প জায়গাটিকে ‘আবর্জনার দ্বীপ’ বলে উল্লেখ করেন এবং এটি অত্যন্ত বিপজ্জনক বলে দাবি করেন। বিচারক কম খরচে দ্রুত সংস্কার কাজে বাধা দিচ্ছেন বলেও তিনি অভিযোগ তোলেন।

অন্যদিকে, রায়ের পর মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র সিএনএনকে জানান, তারা আদালতে প্রশাসনের পরিকল্পনা জোরালোভাবে রক্ষা করবেন এবং এই আদেশ বিশ্বমানের গলফ কোর্স তৈরির মূল পরিকল্পনায় কোনো বাধা সৃষ্টি করবে না।

উল্লেখ্য, ওয়াশিংটনকে নিজের মতো করে সাজাতে ট্রাম্প যেসব নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেন, এটি তার অন্যতম। এর আগে পোটোম্যাক নদীর তীরে বিজয় তোরণ নির্মাণ এবং কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের মতো উদ্যোগগুলোও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোহানেসবার্গ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


জোহানেসবার্গ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রবিনের অভিষেক

বাংলাদেশ দল জোহানেসবার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশের জার্সিতে মাহফিজুল ইসলাম রবিনের অভিষেক ঘটছে প্রোটিয়ার মাটিতে।

বাংলাদেশ একাদশে ৩ পেসারের সঙ্গে ১ স্পিনার রাখা হয়েছে। একমাত্র স্পিনার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং ইবাদত হোসেন চৌধুরী। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা আগের দিন ঘোষণা করা একাদশ নিয়েই খেলতে নামছে।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মারক্রাম, মারকাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), উইয়ান মাল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ড্যান পিটারসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি ১৫ লাখ টাকা নেন তমা মির্জা?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি ১৫ লাখ টাকা নেন তমা মির্জা?

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয় ও বহুমুখী প্রতিভার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১০ সালে মাত্র তিন লাখ টাকার পারিশ্রমিক নিয়ে তার বড় পর্দায় যাত্রা শুরু হয়, আর আজ তিনি বাংলা সিনেমার অন্যতম সফল ও প্রভাবশালী নায়িকা হিসেবে পরিচিত। সময়ের সঙ্গে সঙ্গে তার কাজের পরিধি পরিবর্তিত হয়েছে, পারিশ্রমিক বেড়েছে এবং ওটিটি ও করপোরেট দুনিয়ায় তার নতুন পরিচিতি তৈরি হয়েছে।

ছোটবেলা থেকেই নাচের প্রতি তমার বিশেষ ঝোঁক ছিল। সেই নাচের অভিজ্ঞতা থেকেই তিনি বিনোদন অঙ্গনে প্রবেশ করেন। ২০১০ সালে পরিচালক এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে শাকিব খানের বিপরীতে তার বড় পর্দায় অভিষেক ঘটে।

তবে, এই পথচলা মোটেও সহজ ছিল না। প্রথম দিকে তার সিনেমাগুলো আশানুরূপ সাফল্য পায়নি এবং মনমতো গল্প ও বড় প্রযোজনা প্রতিষ্ঠান না পাওয়ায় তাকে কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে।

শুরুর দিকের সংগ্রাম পেরিয়ে তমার জন্য বড় পরিবর্তন নিয়ে আসে অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমাটি। ২০২১ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, এই ছবিতে কাজ করার পর তিনি বুঝতে পেরেছেন যে, চলচ্চিত্রে টিকে থাকতে হলে কেবল গ্ল্যামার নয়, কঠোর পরিশ্রম ও ভালো কাজের প্রয়োজন। পরিচালক কাজী হায়াৎ ও সোহানুর রহমান সোহানের অবদানও তার ক্যারিয়ার গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই রাষ্ট্রীয় স্বীকৃতি তার অভিনয়জীবনে নতুন মোড় নিয়ে আসে। এরপর ‘গ্রাস’, ‘অহংকার’ ও ‘গহীনের গান’-এর মতো ছবিতেও তিনি নিজের ছাপ রাখেন।

বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তমা তার প্রতিভা প্রমাণ করেছেন। ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’তে ‘পাখি’ চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি দর্শকদের মনে গভীর দাগ কাটেন। পরবর্তী সময়ে ‘ফ্রাইডে’, ‘বুকের মধ্যে আগুন’ এবং ‘আমলনামা’-র মতো কাজেও তিনি প্রশংসিত হন।

তবে, তমার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে ২০২৩ সালে। রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে ‘ময়না’ চরিত্রে অভিনয় করে তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ছবিটি ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর ‘দাগি’র মতো প্রজেক্টেও তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

পারিশ্রমিকের খাতা

এক যুগেরও বেশি সময়ের শোবিজ যাত্রায় সাফল্যের সঙ্গে তমা মির্জার পারিশ্রমিকও বেড়েছে কয়েকগুণ। তিন লাখ টাকায় চুক্তিবদ্ধ হওয়া সেই নতুন মুখটি এখন কাজের মূল্যায়ন হিসেবে ছবিপ্রতি প্রায় ১৫ লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তবে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক ও কাজের ধরন অনুযায়ী এতে কিছুটা তারতম্য হয়ে থাকে।

অভিনয়ের পাশাপাশি চলতি বছরের আগস্টে একটি বেসরকারি ব্যাংকের ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে করপোরেট পেশায় যুক্ত হয়ে নতুন পরিচয়ে ধরা দিয়েছেন তমা মির্জা। তবে, তিনি বড় পর্দাকে ছাড়ছেন না—এই বার্তা স্পষ্ট করে দিয়ে তিনি প্রমাণ করেছেন, কাজের প্রতি একাগ্রতা থাকলে যেকোনো বাধা পেরিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানো সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেফতার

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ এবং ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জাহিদুল ইসলাম তমাল (২৬), মো. হাবিব (৩৮) এবং মো. শামীম আহম্মেদ (৩১)।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় জাহিদুল ইসলাম তমাল ও হাবিবকে গ্রেফতার করে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ। তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

একই রাতে, তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় শামীম আহম্মেদকে গ্রেফতার করে ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি দল। তার বিরুদ্ধে জিএমপির সদর থানায় দুটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%