১০:৩২ পি.এম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২৭-এর ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দল পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। পাঁচটি ম্যাচ খেলে তারা একটিতেও পরাজিত হয়নি।
প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের জালে গোল করলেও নিজেদের জালে একটিও গোল হজম করতে হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় দলকে। অধিনায়ক রোকনুজ্জামান রোকনসহ খেলোয়াড়দের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ইশাম উজ্জামান শিহাব প্রতিযোগিতায় সেরা গোলরক্ষকের পুরস্কার অর্জন করেছেন। রাজশাহী কলেজের শিক্ষার্থী ও অধিনায়ক রোকনুজ্জামান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: আইপিএল নিলামে ইতিহাসের প্রথম বাবা-ছেলে জুটি মোহাম্মদ নবী ও হাসান ঈসাখিল
জাতীয় বিশ্ববিদ্যালয় ফুটবল দলের কোচ মো. তাজুল ইসলাম, ম্যানেজার মো. সুজাউদ্দৌলা (উপপরিচালক) এবং সহকারী ম্যানেজার শাহিন আহমেদ (সহকারী পরিচালক)। নয় দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ‘ক’ বিভাগে ২০টি এবং ‘খ’ বিভাগে ১৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের এই অর্জন অত্যন্ত গর্বের। টানা দ্বিতীয়বার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড়দের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা, দলীয় সমন্বয়ের ফল। পুরো টুর্নামেন্টে তারা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে এবং নিজেদের জালে কোনো গোল হজম না করে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।”
গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায়ও জাতীয় বিশ্ববিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবারও অপরাজিত থেকে শিরোপা ধরে রাখার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির ফুটবল দল নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
আরও পড়ুন: ফার্নান্দেস: পর্তুগালের সতীর্থরা রোনালদোকে অসম্মান করেননি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন