০৬:৩৬ পি.এম
কুয়েতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন, হাশিশ, গাঁজা এবং মাদকজাত ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের পরিচালিত একটি অভিযানে মাদক ব্যবসার অভিযোগে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এই অভিযানটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘ নজরদারি ও তদন্তের পরে তার অবস্থান শনাক্ত করে বাসভবনে চালানো হয়।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
অভিযানে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে প্রায় ৬৬ গ্রাম ওজনের ১৮২টি হেরোইনের প্যাকেট, ১৪৪ গ্রাম ওজনের ৬৮টি হাশিশের প্যাকেট, প্রায় ১৬০ গ্রাম গাঁজা, ২৬৫ প্যাকেট সাইকোট্রপিক (মাদকজাত) ট্যাবলেট এবং অতিরিক্ত ১ হাজার ৭৫০টি মাদক ট্যাবলেট। এছাড়া, মাদক সংরক্ষণ এবং বিক্রির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি উদ্ধার হওয়া মাদক বিক্রি এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিন্তু অভিযানে আটক বাংলাদেশি নাগরিকের নাম কিংবা ছবি প্রকাশ করেনি কুয়েত কর্তৃপক্ষ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদক ব্যবসা ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থান বজায় রাখবে।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন