১০:৫০ এম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি যেকোনো বিষয়বস্তুতে স্পষ্ট লেবেল লাগানো বাধ্যতামূলক করে নতুন বিধিমালা কার্যকর করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ব্যবহারকারীরা যেন সহজে আসল ও এআই-সৃষ্ট উপাদানের মধ্যে পার্থক্য করতে পারেন, সেই উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, চ্যাটবটের মতো এআই সিস্টেম পরিচালনা করার সময় ব্যবহারকারীদের আগে থেকেই জানাতে হবে যে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন। একই সঙ্গে, এআই দিয়ে তৈরি টেক্সট, ছবি ও অন্যান্য কন্টেন্ট সহজে শনাক্ত করার জন্য ওয়াটারমার্ক বা বিশেষ চিহ্ন ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ‘ডিপফেক’ কন্টেন্টের ওপর। দেখতে আসল মনে হলেও, এআই দ্বারা তৈরি বা পরিবর্তিত যেকোনো টেক্সট, ছবি, ভিডিও কিংবা অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে।
আরও পড়ুন: জার্মানিতে রাশিয়ার সন্দেহভাজন গুপ্তচর ইউক্রেনীয় নাগরিক গ্রেপ্তার
এ ছাড়া আবেগ শনাক্তকরণ বা বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও ব্যবহারকারীকে অবহিত করা বাধ্যতামূলক করা হয়েছে।
ইইউ জানিয়েছে, যে সব প্রতিষ্ঠান এই নিয়ম মেনে চলতে ব্যর্থ হবে, তাদের বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়তে হবে। তবে শৈল্পিক, সৃজনশীল, ব্যঙ্গাত্মক ও কাল্পনিক কাজের ক্ষেত্রে এই নিয়ম থেকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। বিদ্যমান এআই সিস্টেমগুলোকে চলতি বছরের ২ ডিসেম্বরের মধ্যে নতুন এই বিধিমালার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন