সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৪২ পি.এম
ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : নির্বাচন কমিশন (ইসি) অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক বা সমমান শিক্ষাসনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধন কার্যক্রমের মনিটরিং এবং প্রতিবেদন পাঠানোর নির্দেশনা প্রদান করেছে।
এ তথ্যটি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা যায়। এই চিঠিটি সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ সংশোধনের জন্য একটি পরিপত্র জারি করা হয়েছিল। উক্ত পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক বা সমমান শিক্ষাসনদ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যতীত) এর ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন 'ক' ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার দ্বারা নিস্পত্তি করা যাবে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের দায়িত্ব হবে তাদের অধীনস্থ কর্মকর্তাদের এই কার্যক্রম মনিটরিং করা। একই সাথে, দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যথাযথভাবে নিস্পত্তি হয়েছে কিনা তা সংযুক্ত ছকে প্রতিবেদন আকারে পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল একাউন্টে পাঠাতে হবে।
চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে যে, পরিপত্রের নির্দেশনা অনুযায়ী, ১৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের প্রতিবেদন সংযুক্ত ছকে ২১ সেপ্টেম্বরের মধ্যে পরিচালক (অপারেশন্স), এনআইডি উইং এর ইন্টারনাল একাউন্টে পাঠাতে হবে।
এছাড়া, প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাঠানোর জন্যও নির্দেশনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তামান্না আক্তার মৌ (২৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার স্বামী শাখাওয়াত হোসেন পালিয়ে গেছেন, এমন তথ্য জানিয়েছে পুলিশ।
এটি ঘটে সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদি এলাকায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুই দিন আগে তাদের তিন বছর বয়সী মেয়ে সাফা মনি খেলতে গিয়ে পড়ে মুখে আঘাত পায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। সোমবার সকালে তামান্নাকে ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান তার স্বামী। পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে তিনি তাকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তামান্নাকে উদ্ধার করে ভাঙ্গা গ্রীন প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, তামান্নার মৃত্যুর খবর পাওয়ার পর তার স্বামী শাখাওয়াত হাসপাতাল থেকে চলে যান। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ বলেন, "খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরের শুরু থেকে মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি ১৯০ জনে পৌঁছেছে। সেপ্টেম্বর মাসের ২১ দিনেই ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু ঘটেছে। অন্যদিকে, গত একদিনে ১ হাজার ৬৫৫ জন নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
এছাড়া, উল্লেখিত সময়ের মধ্যে ঢাকা বিভাগে ২৮১ জন, খুলনা বিভাগে ২৭১ জন, বরিশাল বিভাগে ২১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৬ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে দেশে ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগস্ট মাসে এই সংখ্যা ৪৩ জন ছিল এবং চলতি সেপ্টেম্বরের ২১ দিনের মধ্যে ৯৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে, ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৯০ জন মারা গেছেন।
ঢাকা বিভাগের দুই সিটি করপোরেশনসহ মোট ৮৭ জন ডেঙ্গুতে মারা গেছেন। এছাড়া, খুলনা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গ্রেপ্তার এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ অ্যাম্বুল্যান্সের মাধ্যমে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে। তার পরিবার জানায়, অ্যাম্বুল্যান্সের ভাড়া বাবদ ১৭ হাজার টাকা ধার নিতে হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার আলী এই তথ্য প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, মরিয়মের মৃত্যুর পর থেকে তার পরিবার আর্থিক ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। মরদেহ সাতক্ষীরায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাম্বুল্যান্স ভাড়ার টাকাও তাদের ধার করতে হয়েছে।
সিকান্দার আরও বলেন, এত বড় সংকটের মধ্যে এমপি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি বা কোনো খোঁজ নেননি।
মরিয়ম খাতুনের মৃত্যুর পর তার মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে স্বজনরা জানিয়েছেন। এ বিষয়ে এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ছিপছিপে চেহারা। শরীর জুড়ে লাবণ্যের ছাপ স্পষ্ট। বয়স যেন সংখ্যামাত্র। মালাইকা অরোরার ক্ষেত্রে তা যেন মিলে যায়। ৫২ বছর বয়সেও কীভাবে যৌবন ধরে রাখা যায় তা ভালো করেই জানেন ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল। কখনও পশ্চিমী পোশাকে, আবার কখনও বা দেশি লুকে আজও যেন ছ্যাঁকা দেন মালাইকা।
অভিনেত্রীর সোশাল মিডিয়ায় রোজই দেখা যায় শরীরচর্চার ভিডিও। যা দেখে যেন বিস্মিত হন অনুরাগীরা। সম্প্রতি একটি ভিডিওতে তার রূপরহস্য খোলসা করেছেন অভিনেত্রী। ক্লিনজিং থেকে ময়েশ্চারাইজিং, ঠোঁটের যত্ন নেওয়ার ধরন সবই পুঙ্খানুপুঙ্খ ব্যাখা করেছেন। মোট সাতটি ধাপের কথা জানিয়েছেন তিনি। মালাইকা জানান, দিনের চেয়ে রাতের বেলার রুটিন বেশি দীর্ঘ তার।
দিনভর নানা অনুষ্ঠান থাকে তার। স্বাভাবিকভাবেই মেকআপ করতে হয় অভিনেত্রীকে। সারাদিন পর রাতে বাড়ি ফিরে তার প্রথম কাজ মেকআপ তোলা। প্রথমে তিনি ক্লিনজিং বাম ব্য়বহার করেন। হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে মুখ মুছে নেন। কিছুক্ষণ পর ক্লিনজার দিয়ে ফের মুখ পরিষ্কার করেন। এভাবে ডবল ক্লিনজিং প্রক্রিয়ায় ত্বক পরিষ্কার করেন মালাইকা।
মুখ পরিষ্কারের পর মালাইকা ফেস মিস্ট ব্যবহার করেন। এরপর হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত প্রসাধনী ব্যবহার করেন অভিনেত্রী। রূপচর্চার এখানেই শেষ নয়। হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের শুষ্কতা দূর করে। বলিরেখা দূর করে ত্বক করে আরও টানটান এবং উজ্জ্বল। চোখের ড্রপ এবং জয়েন্টের ইঞ্জেকশনেও ব্যবহার হয় হায়ালুরোনিক অ্যাসিড।
পেপটাইড সিরামও ব্যবহার করেন মালাইকা। এই পেপটাইড সিরাম প্রতিদিন ব্যবহারের ফলে ত্বকের নিজস্ব সুরক্ষা বলয় মজবুত হয়। কোলাজেন তৈরি হয়। তার ফলে ত্বকের বলিরেখা কমায়। ত্বক নরম ও উজ্জ্বল রাখতেও সাহায্য করে পেপটাইড সিরাম।
সিরামের শেষ পর্বে চোখের তলায় ক্রিম মাখেন মালাইকা। খানিকটা সিরাম হাতেও মেখে নেন অভিনেত্রী। তার ফলে চোখের তলার চামড়া আরও টানটান হয়। ফোলাভাব দূর হয়। চোখের তলায় কালি পড়ার সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়।
সবশেষে ময়েশ্চারাইজার ব্যবহার করেন মালাইকা। যা তার ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা কখনই ময়েশ্চারাইজার মাখতে ভোলেন না অভিনেত্রী।
ত্বকের যত্নের পাশাপাশি ঠোঁটের ক্ষেত্রে কখনও কোনও অবহেলা করেন না মালাইকা। কারণ, লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। তা থেকে রেহাই পেতে লিপবাম মাখেন। তাতে ঠোঁট থাকে নরম ও সুন্দর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ