ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত


নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁ, ১৬ নভেম্বর ২০২৬ : আজ জেলায় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যা দিনব্যাপী চলেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ এই কর্মশালার উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী।

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই কর্মশালায় নওগাঁ, জয়পুরহাট ও চাপাইনবাবগঞ্জ জেলার মোট ৬৪ জন টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি ও পবিত্র কুরআন অবমাননার অভিযোগ, RDCS Cyber Team-এর Owner আকাশের উদ্যোগে ফেসবুক অ্যাকাউন্ট অপসারণ

দিনব্যাপী এই কর্মশালায় বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, সিনিয়র সাংবাদিক মহসীন উল হাকিম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো. কায়েস উদ্দিন, শফিক ছোটন, হারুন অর রশিদ, এম আর রকি প্রমুখ।

পরে সোমবার সন্ধ্যায় টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদার-এর সভাপতিত্বে আয়োজিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মহসীন উল হাকিম, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিক ছোটন, মো. কায়েস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা ৭২ হাজার ইরাক-কুয়েত প্রত্যাগতদের ১০ দফা দাবিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা ৭২ হাজার ইরাক-কুয়েত প্রত্যাগতদের ১০ দফা দাবিতে

প্রত্যাগত ৭২ হাজার ইরাক-কুয়েত নাগরিকদের ১০ দফা ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রত্যাগতরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এই আহবান জানান, যাতে ৭২ হাজার প্রত্যাগতদের অমিমাংশিত ১০ দফা দাবী বাস্তবায়িত হয়।

মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম। নেতৃবৃন্দ বর্তমান সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তাদের ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কার্যকরী উদ্যোগ গ্রহণের আহবান জানান। তারা বলেন, ইরাক-কুয়েত প্রত্যাগতদের অর্থায়নে ক্রয়কৃত রাজধানী ঢাকার কালাচাঁদপুরস্থ ভাটারা মৌজায় ১৫১ দশমিক ৫৪ কাঠা জমি আনুপাতিক হারে প্রত্যাগতদের নামে ফেরত দিতে হবে।

এছাড়া, বিএমইটিতে প্রত্যাগতদের রক্ষিত মূল পাসপোর্ট এবং আউটপাশ ফেরত দিতে হবে। ইরাক-কুয়েত ক্ষতিগ্রস্ত প্রত্যাগতদের নামে আই ডি কার্ড অথবা প্রত্যায়নপত্র বিএমইটির সিদ্ধান্ত মোতাবেক দ্রুত বিতরণ করতে হবে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রত্যাগত মিজানুল হক মিজান, মো. লোকমান হোসেন, মিয়া আবদুল হান্না ন, মো. লাবীব উদ্দিন, আবুল হোসেন, এস এম ওয়ালী উল্লাহ ঢালী, খোরশেদ আলম, মো. আবদুল হাই ভূইয়া, খন্দকার তোফাজ্জলহোসেন।

নেতৃবৃন্দ আরও বলেন, ইরাক-কুয়েত যুদ্ধ চলাকালীন সময়ে ৯ মাস ছুটি ঘোষণা করা হয়েছিল। ওই ৯ মাসের বকেয়া বেতন ভাতা, ৪৪৪ জন যুদ্ধবন্দির ক্ষতিপূরণ প্রদান এবং হাজার হাজার প্রত্যাগতদের সোনালী ব্যাংকে জমাকৃত দিনারের বিনিময় মূল্য বা টাকা অনতিবিলম্বে ফেরত দিতে হবে।

প্রত্যাগতদের ওয়ারিশগণকে অগ্রাধিকারভিত্তিতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে। তারা উত্থাপিত দশ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা এস এম জাকারিয়া ও স্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তা এস এম জাকারিয়া ও স্ত্রী বরখাস্ত

বাংলাদেশ সেনাবাহিনী জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নে নেতৃত্ব দেওয়া ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন এবং তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করেছে। এই সিদ্ধান্ত রাষ্ট্রবিরোধী তৎপরতা, দুর্নীতি ও অব্যাখ্যাত সম্পদের অভিযোগে তদন্তের ফলস্বরূপ এসেছে।

গত রোববার সেনাসদরের মিলিটারি সেক্রেটারির শাখা ১২ নভেম্বর পৃথক আদেশে এই দুই কর্মকর্তাকে বরখাস্ত করে। ১৭ নভেম্বর অপরাহ্ণ থেকে দুটি বরখাস্তই কার্যকর হবে, যার মাধ্যমে তাদের সামরিক চাকরির আনুষ্ঠানিক অবসান ঘটবে। সেনা সূত্র আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থানের সময় জাকারিয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার স্ত্রী ফাতিমার নামে বিপুল সম্পদ নিবন্ধিত থাকার বিষয়টি কর্তৃপক্ষ শনাক্ত করার পর তিনি তদন্তের আওতায় আসেন। অভিযোগ রয়েছে, এই দম্পতি এসব সম্পদের সন্তোষজনক কাগজপত্র দেখাতে বা অর্থের উৎস ব্যাখ্যা করতে ব্যর্থ হন। বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা জাকারিয়া ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের অধিনায়ক ছিলেন।

আরও জানা গেছে, ঢাকা সেনানিবাসভিত্তিক এই ফরমেশন সরাসরি সেনাসদরের অধীনে পরিচালিত হতো। ২০২৪ সালের ১৯ জুলাই বিক্ষোভ তীব্র হলে হাসিনা সরকার কারফিউ জারি করে সেনা মোতায়েন করে। ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের নেতৃত্বাধীন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সদস্যদের সঙ্গে জাকারিয়ার ব্রিগেডের সেনা সদস্যরাও ঢাকাজুড়ে মোতায়েন ছিলেন।

একই সময়ে আবাসিক এলাকায় ব্লক রেইডসহ নিরাপত্তা অভিযান চলছিল। সন্ধ্যার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকা ঘিরে ফেলে বাড়ি বাড়ি তল্লাশি চালান এবং শিক্ষার্থী ও বিরোধী দলের কর্মীদের আটক করেন। আটক ব্যক্তিদের অনেককে পরে আগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই সময়ে ঢাকায় অন্তত ২ হাজার ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ভিডিও ফুটেজে সামরিক সদস্যদের উপস্থিতিতে গ্রেপ্তারের দৃশ্য দেখা গেছে। ওই প্রতিবেদনে সংশ্লিষ্ট দুই ব্রিগেডের অধিনায়ক হিসেবে জাকারিয়া ও ইমরানকে চিহ্নিত করা হয়। জাকারিয়ার সম্পৃক্ততা কেবল মোতায়েন সেনাদের নেতৃত্ব দেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না।

তাদের দাবি, বিক্ষোভ দমনে তিনি ব্যক্তিগতভাবে কঠোর ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছিলেন। জানা যায়, অভ্যুত্থানকালীন আচরণ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৫ এপ্রিল ইমরানসহ আরও চার কর্মকর্তার সঙ্গে জাকারিয়াকে ঢাকা সেনানিবাসে গৃহবন্দি করা হয়। ২০২৬ সালের নভেম্বর নাগাদ জাকারিয়াকে ব্রিগেডের অধিনায়কত্ব থেকে সরিয়ে কোনো ফরমেশনের দায়িত্ব ছাড়াই সেনাসদরে সংযুক্ত রাখা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


যশোরে সেনাবাহিনীর সিগন্যালস কোরের অধিনায়ক সম্মেলন ও ৭ম কোর পুনর্মিলনী

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : যশোর সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে (এসটিসিএন্ডএস) কোর অব সিগন্যালস-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সম্মেলনে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রের ক্রমপরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া, আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার জন্য কোরের সকল সদস্যকে নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও, তিনি এসটিসিঅ্যান্ডএস এ আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লেতে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

সিগন্যালস কোরের ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এসময় তিনি সিনগ্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মহান স্বাধীনতা যুদ্ধে ও বিভিন্ন সময়ে অবদান ও অর্জনের ওপর আলোকপাত করেন। তিনি ভবিষ্যতে সকলকে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিনগ্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট; মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর; ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনী এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ; সিগন্যালস কোরে কর্মরত, অবসরপ্রাপ্ত সদস্যগণ ও পরিবারবর্গসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, মুসলিমদের বাংলাদেশে পাঠানোর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ, মুসলিমদের বাংলাদেশে পাঠানোর আশঙ্কা

ভারতের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ফলে নাগরিকত্বের প্রশ্নে বিপাকে পড়েছেন দেশটির অনেক মুসলিম। তাদের মধ্যে কেউ কেউ আটক হচ্ছেন এবং আবার কিছু ক্ষেত্রে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে, ভারতের নাগরিকত্ব দাবি করা অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে অবস্থান করছেন।

৩৮ বছর বয়সী সাহিদা ফকির এর মধ্যে একজন। তিনি গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হন। সন্তানকে তিনি বলেছিলেন, অল্প সময়ের মধ্যে ফিরে আসবেন। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তিনি পরিবারের কাছে ফিরে আসতে পারেননি। বর্তমানে তিনি বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে রয়েছেন।

সাহিদার অভিযোগ, সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য তাকে আটক করে গাড়িতে তুলে নেন। এ সময় তার মুঠোফোনও কেড়ে নেওয়া হয়, যেখানে পরিচয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছিল। পরে তাকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, ওই পুলিশ সদস্যরা মুম্বাই পুলিশের অপরাধ শাখার সদস্য ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলার সময় সাহিদা জানান, পেছন থেকে একজন তার হাত ধরে গাড়িতে উঠতে বলেন। তিনি কী ঘটতে যাচ্ছে, তা বুঝতে পারেননি।

ভোটার তালিকা সংশোধনে উদ্বেগ

রয়টার্স ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে, যাদের স্বজনেরা ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক কিংবা দেশ থেকে বিতাড়নের শিকার হয়েছেন। তাদের অনেকের কাছে ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি রয়েছে, এবং তাদের বাবা-মা ও ভাইবোনদের নামও এখনো ভোটার তালিকায় রয়েছে।

ভারতে সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা গেছে, এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা।

বিশেষ করে পশ্চিমবঙ্গে এর প্রভাব বেশি পড়েছে। চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।

এদিকে বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।

ভোটার তালিকা ও বিতাড়ন অভিযান

গত ৫ নভেম্বর হরিয়ানায় এক নির্বাচনি সমাবেশে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়ার বিষয়টি একসঙ্গে উল্লেখ করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে প্রথমে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। এরপর তাদের খুঁজে বের করে দেশ থেকে বিতাড়ন করা হবে।

বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে চলমান ধরপাকড়ের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বহু মানুষ সীমান্ত পেরিয়ে দুই দেশে ছড়িয়ে পড়েন। ফলে দুই বাংলার বিভিন্ন পরিবারের আত্মীয়স্বজন দুই পাশে বসবাস করছেন। এ কারণে নাগরিকত্ব ও অভিবাসনের প্রশ্নটি সেখানে দীর্ঘদিন ধরেই সংবেদনশীল।

আদালতে আইনি লড়াই

সাহিদা ফকিরের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় একটার দিকে তাকে কাঁটাতারবিহীন একটি অরক্ষিত সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। কয়েক ঘণ্টা কাদামাখা পথে হাঁটার পর এক কৃষক তাকে দেখতে পান এবং নিজের বাড়িতে আশ্রয় দেন।

তবে মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে আসাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে যথাযথ প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আদালতের নথি অনুযায়ী, একই অভিযানে বাংলাদেশি হিসেবে শনাক্ত আরও ১৪৮ জনের সঙ্গে সাহিদাকেও পাঠানো হয়েছিল।

স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সাহিদার স্বামী জুম্মান। গত আগস্টে ভারতের সুপ্রিম কোর্টে করা আবেদনে তার পরিবার বলেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কারও নাগরিকত্ব বাতিল হয়ে যায় না। যথাযথ যাচাই ছাড়া কাউকে দেশ থেকে বের করে দেওয়ার সুযোগ নেই।

রয়টার্সের পর্যালোচনা করা নথিতে দেখা গেছে, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার ছিলেন। সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে ভোটার তালিকায় ছিল।

তবে মুম্বাইয়ের বিদেশি নিবন্ধন কার্যালয় কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি। সাহিদা এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, পুলিশ ফোন কেড়ে নেওয়ায় সেখানে থাকা পরিচয়সংক্রান্ত নথি দেখানোর সুযোগ পাননি তিনি।

আটক কেন্দ্রে থাকতে হয়েছে ৩২ দিন

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন নাসিরুদ্দিন শেখ নামের এক ফেরিওয়ালা। কলকাতা হাইকোর্টে করা আবেদনে তিনি ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তাদের আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও আটক করা হয়েছিল।

নাসিরুদ্দিন জানান, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকেসহ আরও ২২ জনকে আটক করে। তাদের মধ্যে ১৯ জনের নাম সংশোধিত ভোটার তালিকায় পাওয়া যাওয়ায় ১৪ দিন পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু তালিকায় নাম না থাকায় তাকে ও অন্য তিনজনকে ৩২ দিন আটকে রাখা হয়।

নাসিরুদ্দিনের দাবি, এক পুলিশ কর্মকর্তা তাকে বলেছিলেন, ভোটার তালিকায় নাম নেই, তাই তিনি বাংলাদেশি। পরে আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয়।

তিনি জানান, যে কেন্দ্রে তাদের রাখা হয়েছিল, সেখানে ৬০ জনের বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল। আটকের আগে স্বাস্থ্য পরীক্ষা ও আঙুলের ছাপ নেওয়া হয়। বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না বলে জানান তিনি।

যদিও পুলিশ ও সরকারি আইনজীবীরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্র নেই। তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশিদের জন্য তৈরি একটি অস্থায়ী কেন্দ্রে মানুষের অবস্থানের আলামত পেয়েছেন রয়টার্সের সাংবাদিকেরা।

মানবাধিকারকর্মী কিরীটী রায় বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় থাকলেও ট্রাইব্যুনালগুলোতে মামলার নিষ্পত্তি হচ্ছে অত্যন্ত ধীরগতিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%