০৮:১৯ পি.এম
সাংবাদিককে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি এক ভিডিও বক্তব্যে পাল্টা প্রশ্ন রেখেছেন, যাঁরা তাঁকে অপদস্থ করছেন এবং বয়কটের ডাক দিয়েছেন, তাঁরা কি তাঁর কাছে ক্ষমা চাইবেন?
সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে পরীমনি অভিযোগ করেছেন যে, তাঁকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি বয়কটের ডাক দেওয়া হচ্ছে। এমনকি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি জানান।
ভিডিওতে বক্তব্যের এক পর্যায়ে পরীমনি বলেন, ‘কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, বয়কটের ডাক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: রাজের ‘ফিরে আসার গল্পে’ অভিনয় করছেন ফেস অফ টুমরোর রাইসা
ক্ষমা চাওয়ার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আচ্ছা, আপনি একজন মানুষকে স্যরি বলাবেন বা আপনি আশা করেন যে একজন মানুষ আপনাকে স্যরি বলবে তার ভুলের জন্য। আচ্ছা, তো আসলে কিভাবে স্যরি বলাবেন? মানে কী বলে বলাবেন যে তুমি এই জিনিসগুলো তুমি রং (ভুল) করেছ, এগুলোর জন্য তোমাকে স্যরি বলা উচিত বা তুমি স্যরি বলো। তা আপনি কী করতে চান? আপনি একটা মানুষের গলা টিপে ধরছেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না অবধি তুই স্যরি বলবি, তুই মরে যাবি—এভাবে আসলে স্যরি বলানো যায়, সম্ভব।’
নিজের গালাগালের প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, ‘আচ্ছা, এটার জন্য যদি আমি স্যরি বলি, তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই স্যরি বলতে হবে। তুমি গালাগাল করতে পারবা না।...যা ইচ্ছা তা-ই করুক, তুমি জীবনেও এটা নিয়ে কথা বলতে পারবা না, তোমাকে স্যরি বলতে হবে। সে তো বলতে হবে।’
এরপর নিজের বিরুদ্ধে আন্দোলন ও ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে অভিনেত্রী বলেন, ‘আপনারা একটা ইগো থেকে রাস্তায় নেমে গেলেন, নেমে যেয়ে আন্দোলন করলেন, জামাইবন্দনা শুরু করছেন। আমাকে শেম করলেন, অপদস্থ করলেন, গালিটা দিলেন—এই রাইটটা আপনাদের কে দিয়েছে?’
পরীমনির অভিযোগ, তাঁকে বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দেওয়া হচ্ছে, যাতে তাঁকে কোনো কাজ না দেওয়া হয়। বক্তব্যের শেষে তিনি প্রশ্ন করেন, ‘মানে এসব করে আপনারা আমাকে স্যরি বলাবেন?’
আরও পড়ুন: সাদিয়ার বয়স কি সত্যিই ৩৩?
এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন পরীমনি। তিনি দাবি করেন, অনুষ্ঠানে এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করেন। পরে তাঁর গাড়িতে হামলা এবং অনুষ্ঠানস্থলের একটি স্টল ভাঙচুর করা হয়। নিরাপত্তাহীনতা বোধ করায় তিনি গুলশান থানায় ফোন করেন। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়েছিল বলে জানান অভিনেত্রী।
এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন আদালত প্রাঙ্গণে ছবি ও ভিডিও ধারণের সময় তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে অভিনেত্রী অভিযোগ করেন, ওই সাংবাদিক তাঁকে স্পর্শ করেছেন।
অভিযোগ অস্বীকার করে রবিউল হোসাইন পরীমনির বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনেন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।
আরও পড়ুন: হোটেলে পেঁয়াজ-আলু ছিল, আজ বলিউডের পরিচিত মুখ পঙ্কজ ত্রিপাঠি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন