বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০৫:০৯ পি.এম
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে সরকারের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। মালয়েশিয়া ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। এছাড়া, বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করার জন্য দেশটির কর্তৃপক্ষ সম্মতি প্রদান করেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষাও করাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার। দীর্ঘ সময় ধরে সেখানে বিপুলসংখ্যক কর্মী সুনামের সঙ্গে কাজ করে আসছেন এবং দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। তাই সরকার মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় কার্যকর করার পাশাপাশি একটি স্বচ্ছ, সুশৃঙ্খল ও ব্যাপক অংশগ্রহণমূলক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
এছাড়া, আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এখানে কোনো নির্দিষ্ট মেডিক্যাল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। সরকার চায়, কর্মীরা যেন সহজে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং কোনো ধরনের একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পান।
যেভাবে পরিচালিত হবে নিয়োগ ব্যবস্থা
জব অর্ডার সংগ্রহ
মালয়েশিয়ার কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত সকল বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ার শ্রমবাজার থেকে নিজেদের উদ্যোগে জব অর্ডার বা ডিমান্ড সংগ্রহ করতে পারবে।
কর্মী নির্বাচন
যে এজেন্সি জব অর্ডার সংগ্রহ করবে, সেই এজেন্সি বাংলাদেশে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে নিজের কর্মী নির্বাচন ও নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে। অর্থাৎ, কর্মী সংগ্রহ ও নির্বাচন করার দায়িত্ব সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির নিজের কাছেই থাকবে।
মালয়েশিয়ার প্রশাসনিক প্রসেসিং
যেখানে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক প্রসেসিং প্রয়োজন হবে, যেমন কলিং ভিসা, ই-ভিসা এবং অন্যান্য নির্ধারিত সরকারি প্রক্রিয়া, সেখানে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-সহ তালিকাভুক্ত অপর ২৫টি প্রসেসিং ও সার্ভিস এজেন্সি প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
বিএমইটি ক্লিয়ারেন্স
মালয়েশিয়ার প্রয়োজনীয় প্রসেসিং সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বাংলাদেশের নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মালয়েশিয়ার কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রতিটি বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি তার নিজের রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে তার নিজস্ব কর্মীদের বিএমইটি ক্লিয়ারেন্স সম্পন্ন করতে পারবে। অর্থাৎ, জব অর্ডার যে এজেন্সি সংগ্রহ করবে এবং কর্মী যে এজেন্সি নির্বাচন করবে, সেই এজেন্সি নিজের লাইসেন্সের অধীনেই তার কর্মীদের বাংলাদেশের সরকারি ক্লিয়ারেন্স সম্পন্ন করতে পারবে।
সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং অপর ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি প্রশাসনিক প্রসেসিংয়ের কাজ করবে। বিএমইটি-এর ছাড়পত্রের জন্য তারা অনুমোদিত এজেন্সিকে অনাপত্তিপত্র (এনওসি) দিতে পারবে। এর মাধ্যমে প্রতিটি রিক্রুটিং এজেন্সির নিজস্ব দায়িত্ব, জবাবদিহিতা এবং ব্যবসায়িক স্বাধীনতা বজায় থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর অঞ্চলের বিভিন্ন মসজিদে জুমার নামাজের খুতবা এক ও অভিন্ন করার সরকারি প্রস্তাবের ফলে তীব্র রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের মুসলিম ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।
বিরোধিতা বৃদ্ধি পাওয়ার পর জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের প্রধান দারাকশাঁ আন্দ্রাবি তার পূর্বের বক্তব্য থেকে সরে আসতে বাধ্য হন। তিনি জানিয়েছেন, সামাজিক ইস্যু বা সমসাময়িক সংকট নিয়ে কথা বলার বিষয়টি এখন থেকে স্বাধীন আলেম ও খতিবদের ইচ্ছার উপর নির্ভর করবে।
কী ছিল সেই বিতর্কিত প্রস্তাব?
সম্প্রতি জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে একটি ঘোষণায় বলা হয়েছে, অঞ্চলটির মসজিদগুলোর জুমার খুতবা অভিন্ন বা নির্ধারিত হওয়া উচিত। স্থানীয় বিজেপি নেত্রী দারাকশাঁ আন্দ্রাবি এই বোর্ডের নেতৃত্বে রয়েছেন। এই প্রস্তাবের বিরুদ্ধে কাশ্মীরের শীর্ষ ধর্মীয় স্কলার ও রাজনৈতিক নেতারা একে “ধর্মীয় বিষয়ে দায়িত্বজ্ঞানহীন হস্তক্ষেপ” বলে অভিহিত করেছেন।
গত রবিবার ওয়াকফ বোর্ড প্রায় দেড় হাজার শীর্ষ আলেম ও খতিবকে একটি বৈঠকে তলব করে। সেখানে জানানো হয়, বোর্ডের গঠিত একটি কমিটির তৈরি করা খুতবাই জুমার দিন সব মসজিদে একযোগে পাঠ করতে হবে। তবে উপস্থিত আলেমরা এর তীব্র প্রতিবাদ জানালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কথা না শুনে এককভাবে সিদ্ধান্ত চূড়ান্ত বলে দাবি করে।
ধর্মীয় স্বাধীনতা হরণের আশঙ্কা
কাশ্মীরের শীর্ষ ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই প্রস্তাবকে সরাসরি ধর্মীয় স্বাধীনতায় আঘাত হিসেবে চিহ্নিত করেছেন। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা (অনুচ্ছেদ ৩৭০) বাতিলের পর থেকে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ও নজরদারি বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ উপত্যকায় নতুন করে অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুতই দৃশ্যমান হবে। তিনি উল্লেখ করেন, দুদক এবং যৌথ তদন্ত দল তড়িৎগতিতে কাজ করছে।
শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার চার্জশিট প্রস্তুত হলেও, অধিকাংশ মামলার অনুসন্ধান ও তদন্ত এখনও শেষ করতে পারেনি দুদক। দুদকের তালিকায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর প্রকল্পে ৫০০ কোটি ডলার দুর্নীতির অভিযোগ, মুজিববর্ষের নামে অর্থ লুটপাট এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন করার মতো একাধিক দুর্নীতির অনুসন্ধান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসব বিষয়ে মন্তব্য করতে গিয়ে দুদক মহাপরিচালক বলেন, যৌথ তদন্তে দ্রুত কাজ শেষ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে, নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনতে সরকারের সব সংস্থার সঙ্গে দুদক কাজ করে যাচ্ছে বলে জানান মহাপরিচালক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন কমিশন দায়িত্ব গ্রহণের দেড় মাসের মধ্যে ১২১টি মামলা ও ৬১টি চার্জশিট আদালতে দাখিল করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে। বন্যার ফলে সড়ক ও বাড়িঘর ডুবে গেছে এবং বহু যানবাহন আটকে পড়েছে। এছাড়া, পরিস্থিতির অবনতি হওয়ায় ইস্তাম্বুলসহ ছয়টি প্রদেশে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি আজ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। এই সময় উদ্ধারকারী দলগুলো সড়ক থেকে পানি সরানোর পাশাপাশি ভূমিধস মোকাবেলা এবং পানিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।
ইস্তাম্বুল মেট্রোপলিটন পৌরসভার (আইএমএম) তথ্য অনুযায়ী, শহরের বেয়কোজ এলাকায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি ১৯৮৫ সালের পর শহরের সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনাগুলোর একটি। আইয়ুপসুলতানে ১৯০ দশমিক ৫ মিলিমিটার এবং সারিয়েরে ১৮৭ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
পৌরসভা জানিয়েছে, বন্যা ও দুর্যোগসংক্রান্ত ৬ হাজার ৯৩৭টি জরুরি প্রতিবেদন তারা পেয়েছে। অন্যদিকে, ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয় বুধবারের বৃষ্টিতে ১ হাজার ২৭৭টি বন্যার ঘটনা, ১৫টি ভূমিধস এবং ৪৭ জনের আটকে পড়ার তথ্য নথিভুক্ত করেছে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষ জরুরি উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। একই সঙ্গে বাসিন্দাদের ঘরে থাকার এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
ভারী বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৪ বছর বয়সী এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন। বন্যার পানিতে ডুবে থাকা সড়কে দুর্ঘটনার শিকার হয়ে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।
এদিকে, ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছে। শহরের প্রধান দুটি বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটায় অবতরণ করতে না পারা ৪৩টি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। বন্যার কারণে মেট্রো স্টেশন, আন্ডারপাস এবং প্রধান সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে, ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ৪৩টি বিমান বিকল্প বিমানবন্দরে চলে যায়। এর মধ্যে ৩৯টি ফ্লাইট তুরস্কের অভ্যন্তরে এবং চারটি ফ্লাইট দেশের বাইরে পাঠানো হয়েছে।
প্রচণ্ড বাতাস ও বাতাসের গতির আকস্মিক পরিবর্তনের কারণে সাবিহা গোকচেন বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে ব্যাহত হয়েছে। এ ধরনের পরিস্থিতিকে ‘উইন্ড শিয়ার’ বলা হয়, যা বিমান উড্ডয়ন ও অবতরণের সময় ঝুঁকি তৈরি করতে পারে। বুধবার রাত ১০টা ২ মিনিটে ওই বিমানবন্দরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। এর আগে সৌদি আরব জানিয়েছিল যে, তাদের প্রতিরক্ষা বাহিনী মদিনার দিকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
বার্তা সংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেছেন যে, তারা ওই দিন সৌদি ভূখণ্ডে কোনো ধরনের অভিযান পরিচালনা করেনি।
তিনি বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আজ সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো অভিযান চালানো হয়নি। মদিনায় হামলার বিষয়ে সৌদি শত্রুপক্ষের দাবি নির্লজ্জ ও প্রকাশ্য মিথ্যাচার।’
এদিকে, সৌদি আরবের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিহতের যে দাবি করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ