সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:০১ পি.এম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে যে পরিমাণ ভোট তিনি পাবেন, সেই অনুযায়ী গাছ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ আলভী। যদিও নির্বাচনে তিনি জয়ী হতে পারেননি, তবে প্রতিশ্রুতি থেকে তিনি সরে আসেননি। নিজের উপার্জনের অর্থ ব্যয় করে প্রথম পর্যায়ে ৭২৫টি গাছ প্রদান করে এই শিক্ষার্থী তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১১ প্রজাতির গাছ বিতরণ ও রোপণের উদ্যোগ নেওয়া হয়।
এই গাছগুলোর মধ্যে কিছু শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। বাকি গাছগুলো বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প শাখার কাছে হস্তান্তর করা হয়, যাতে সেগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করা যায়।
তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, "রাকসু নির্বাচনের পূর্বে আরিফ আলভী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন, জিতুন বা হারুন, ততগুলো গাছ ক্যাম্পাসে দেবেন। তার এই পরিবেশবান্ধব ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।"
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম সুলতানা ঐশি বলেন, ‘প্রতিটি ভোটের বিনিময়ে একটি করে গাছ দেওয়ার প্রতিশ্রুতি ছিল তার। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এখানে একাধিক গাছ নেওয়ার সুযোগ থাকলেও আমার একটি গাছ ভালো লেগেছে, তাই একটি নিয়েছি।’
জানতে চাইলে আরিফ আলভী বলেন, রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ১ হাজার ৭২৫ ভোট পেয়েছিলেন। তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, জিতি বা হারি, যত ভোট পাব, ততগুলো গাছ দেব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রথম ধাপে ১১ প্রজাতির ৭২৫টি গাছ তিনি দিয়েছেন। এগুলো নিজের উপার্জনের টাকা দিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ৬৪ জেলায় ১ হাজার ৭২৫টি করে গাছ দেওয়ার ইচ্ছা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক জানান, বিশ্বরোড এলাকায় পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক এলাকার জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, পৃথক লাইন স্থাপন হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। পাশাপাশি আবাসিক গ্রাহকদের গ্যাস সংকট কিছুটা কমবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ বলছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে চোলাইমদ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান। পুলিশ জানায়, চন্দ্রিমা থানা পুলিশ ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকা থেকে শামসুল হককে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৪ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
বোয়ালিয়া থানা পুলিশ মীরের চক এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে আবিদ হোসেন ও দেবাশীষ সরকারকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা এবং নগদ ৮ হাজার ৭৬০ টাকা জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এয়ারপোর্ট থানা পুলিশ মাঝিগ্রামে অভিযান চালিয়ে মেছের খান ওরফে বাবু, সাবিরুল ইসলাম ও গোলাম রব্বানীকে গ্রেপ্তার করে। এ সময় সাবিরুলের কাছ থেকে ১৫ পিস এবং রব্বানীর কাছ থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন মতিহার থানার মির্জাপুর পুলিশ ফাঁড়ি হরিজন পল্লি এলাকা থেকে অভয় কুমার সরকার ওরফে বিজয়কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
এ ছাড়া আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর, তাননিন হোসেন, রাব্বি, রনি ও রকি ওরফে বিশালকে গ্রেপ্তার করে। পুলিশ তাদের কাছ থেকে ৫৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৫৭০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দের কথা জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বজনহীন এক মানসিক প্রতিবন্ধী রোগীর চিকিৎসায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল। গুরুতর হাড় ভাঙার সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৯ বছর বয়সী আব্দুর রহিমের প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় তাঁর চিকিৎসা নিশ্চিত করা হয়।
গত ৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ২টা ৫৫ মিনিটে গুরুতর ফ্র্যাকচার নিয়ে আব্দুর রহিম রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর দ্রুত সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন (ORIF) অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা নির্ধারণ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর পাশে দেখাশোনার জন্য কোনো স্বজন বা পরিবারের সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতেও তাঁর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের সমন্বিত প্রচেষ্টায় প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র অর্থোপেডিক কনসালটেন্ট ডা. আশীষ ও জুনিয়র অর্থোপেডিক কনসালটেন্ট ডা. সুবীরের নেতৃত্বে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তী সময়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান ও হাসপাতালের কর্মীদের পরিচর্যায় রোগী বর্তমানে সুস্থতার পথে রয়েছেন।
রোগীর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করতে হাসপাতালের বিভিন্ন বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. নূয়েন খীসা বলেন, “মানবিকতা, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অসহায় মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব। এই উদ্যোগ তারই প্রমাণ।”
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, “রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সর্বদা অঙ্গীকারবদ্ধ।”
স্বজনহীন রোগীর চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা অধিদপ্তরের এ উদ্যোগ সরকারি স্বাস্থ্যসেবায় মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুনের ঘটনা ঘটেছে, যা এখন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে নতুন ভবনের তৃতীয় তলায়। এই ঘটনার খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানিয়েছেন, "আগুন নিয়ন্ত্রণে রয়েছে।" তবে তিনি উল্লেখ করেছেন যে, ঘটনাস্থলে প্রচুর ধোঁয়া থাকায় নিয়ন্ত্রণের কাজ এখনও চলছে। সদর ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
তিনি আরও জানান, "ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ