১২:২৩ পি.এম
ঝালকাঠিতে আজ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যা সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এই ক্যাম্পে সাধারণ মানুষ চক্ষু পরীক্ষা, চশমা প্রদান এবং ছানি অস্ত্রোপচারসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
সোমবার সকালে ঝালকাঠি সরকারি কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার এই ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
স্বেচ্ছাসেবী সংস্থা সাজিদা ফাউন্ডেশন ভিশন স্প্রিং ও গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করেছে। এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ৩৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের জন্য প্রয়োজন অনুযায়ী চশমা প্রদান, ছানি রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থা এবং রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকের পরামর্শও প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের আন্দোলনেও তাঁরা পাশে ছিলেন : প্রতিমন্ত্রী সোহেল মনজুর
এই কার্যক্রম সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবির এবং সাজিদা ফাউন্ডেশনের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এস. এম জিয়াউদ্দিন হায়দার উল্লেখ করেন, "মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য।" তিনি বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন। এই ধরনের বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক। এর মাধ্যমে চোখের বিভিন্ন রোগ শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা, চশমা প্রদান এবং ছানি রোগীদের অস্ত্রোপচারের সুযোগ তৈরি হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন