ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিএনপি অকৃতজ্ঞ, আ. লীগের মিছিলের পেছনের কারিগর সরকার: গোলাম পরওয়ার


বিএনপি অকৃতজ্ঞ, আ. লীগের মিছিলের পেছনের কারিগর সরকার: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন যে, সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় তাদের খরচে নিয়োগ করা বিশেষজ্ঞদের ৩৮টি সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব উপেক্ষা করেছে। তিনি বিএনপিকে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিয়ে বলেন, অতীতে জামায়াত বিএনপিকে সমর্থন দিয়েছিল, কিন্তু সরকার গঠনের পর জামায়াতের কেন্দ্রীয় আমীরকে কারাগারে পাঠানো হয়। তিনি উল্লেখ করেন, বিএনপি জামায়াতের বিরুদ্ধে অন্ধ বিরোধিতায় লিপ্ত রয়েছে এবং তাদের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন তিনি। জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি বর্তমানে অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। ১৯৯১ এবং ২০০১ সালে জামায়াত বিএনপিকে সমর্থন দিয়েছিল, কিন্তু ক্ষমতায় আসার পর তারা জামায়াতের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

তিনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা দেশের বিভিন্ন স্থানে লুটপাটের সিন্ডিকেট গঠন করেছে। অফিস, আদালত, হাট-বাজার, মাঠ দখল করে দুর্নীতির রেকর্ড গড়েছে। জামায়াতের বিরুদ্ধে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও নিষিদ্ধ একটি দল কীভাবে মিছিল করতে পারে? তিনি চ্যালেঞ্জ করে বলেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগের প্রমাণ থাকলে তা প্রকাশ করা হোক।

আরও পড়ুন: গ্রাহকের বাড়িতে পল্লী বিদ্যুতের ডিজিএম, ১ লাখ ১০ হাজার টাকার বিল নামলো ১১৮২ টাকায়

মিয়া গোলাম পরওয়ার সংসদে বিরোধী দলের সহযোগিতা না করার অভিযোগকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেন, জামায়াত সংকট মোকাবিলায় ৩৮টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সচল করতে বিশেষজ্ঞ নিয়োগ করে মতামত তৈরি করে সরকারের কাছে পৌঁছানো হয়েছে। কিন্তু সরকার বিরোধিতার খাতিরে সহযোগিতা না করে বিরোধিতার নীতি আঁকড়ে রয়েছে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত সরকার দেশে অশান্তি সৃষ্টি করছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে শেখ হাসিনার সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত সরকার গণ-অভ্যুত্থানের পরাজিত শেখ হাসিনাকে বিভিন্ন সময়ে অপতথ্য দিয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা গণ-অভ্যুত্থানের পর জনগণের মুখোমুখি হয়েছেন, তাদের বক্তব্যের সুযোগ দেওয়া উচিত নয়। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ এবং অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ‘শিক্ষা শিবির’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন: জাতীয় ছাত্রশক্তি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে নাঈম ও ইমরান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


মাগুরায় স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে স্ত্রী আটক

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের নিকটে পশ্চিম রাজাপুর গ্রামে, নিজ আবাসে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

​

নিহত যুবকের নাম রাব্বি মন্ডল (৩৫)। তিনি পশ্চিম রাজাপুর গ্রামের নজরুল মন্ডলের পুত্র।

আটক ফারজানা একই উপজেলার আমতৈল গ্রামের ফায়জার হোসেনের কন্যা।

​

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে পারিবারিক কলহের কারণে রাব্বি মন্ডলকে তার স্ত্রী ফারজানা বেগম ধারালো অস্ত্রের সাহায্যে গলা কেটে (জবাই করে) নৃশংসভাবে হত্যা করেন। খবর পেয়ে শ্রীপুর থানার একটি চৌকস পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার প্রাথমিক সত্যতা যাচাই করে নিহত রাব্বি মন্ডলের স্ত্রী ফারজানা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পারিবারিক বিরোধের কারণে নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা গভীর তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে নবনিযুক্ত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


বাগেরহাটে নবনিযুক্ত পুলিশ সুপারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বাগেরহাট, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলামের সঙ্গে জেলার স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় নবনিযুক্ত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে তার কর্মপরিকল্পনা তুলে ধরেন।

পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, "বাগেরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও সাইবার অপরাধ নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। পুলিশের সেবা যেন সাধারণ মানুষ সহজে ও দ্রুত পেতে পারে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সমাজের নানা অসংগতি ও অপরাধের চিত্র তুলে ধরার মাধ্যমে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।"

নবনিযুক্ত পুলিশ সুপার উল্লেখ করেন, "মাদক ও সাইবার অপরাধ বর্তমানে জননিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় পুলিশ সুপার সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাগেরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিদুর রহমান, ডিআইওয়ান মো. মাসুম বিল্লাহসহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. জামিরুল ইসলাম গত বুধবার বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. খলিলের সাফল্য কামনা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান লাভরভের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


ড. খলিলের সাফল্য কামনা ও সম্মিলিত বৈশ্বিক পদক্ষেপের আহ্বান লাভরভের

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের দায়িত্ব পালনের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তার সাফল্য কামনা করেছেন।

লাভরভ আশা প্রকাশ করেছেন যে, সাধারণ পরিষদের বর্তমান অধিবেশন বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ এবং হুমকি মোকাবিলায় দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ প্রদান করবে।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ চলাকালে খলিলুর রহমানের সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। রুশ দূতাবাসের একটি বিবৃতিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকের সময় উভয়েই অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপের একটি প্রতিনিধিত্বশীল ফোরাম হিসেবে সাধারণ পরিষদের গুরুত্ব তুলে ধরেন।

তারা সাধারণ পরিষদের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করার পাশাপাশি পারস্পরিক সম্মানভিত্তিক সংলাপ পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। লাভরভ আশা প্রকাশ করেন যে, অধিবেশনের কার্যক্রম পেশাদারভাবে পরিচালিত হবে এবং তা রাজনৈতিকীকরণমুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম রেকর্ড উচ্চতায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


মিউজ এআই চালুর পর মেটার শেয়ারের দাম রেকর্ড উচ্চতায়

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ : সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটার শেয়ারের দাম চলতি সপ্তাহে ২০২৫ সালের গ্রীষ্মের সর্বোচ্চ পর্যায়ে ফিরে এসেছে। বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে কোম্পানিটির নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী বা এজেন্ট ‘মিউজ’ এর ফলে শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

মিউজের মাধ্যমে বিজ্ঞাপনের বাইরেও নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার, মেটার শেয়ারের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে গেছে। এর আগে সোমবার, শেয়ারের দাম এক লাফে ১১ শতাংশের বেশি বৃদ্ধি পায়, যা ২০২৫ সালের এপ্রিলের পর এক দিনে সবচেয়ে বড় উত্থান হিসেবে চিহ্নিত হয়েছে।

বর্তমানে মেটার শেয়ারের দাম প্রায় ৭৭৮ ডলার। মার্চের শেষের দিকে শেয়ারের দাম প্রায় ৫২৫ ডলারে নেমে গিয়েছিল। তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর মেটার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর প্রভাব নিয়ে দুটি আদালতের রায়ের পর ওই দরপতন ঘটেছিল।

জুলাইয়ের শেষ দিকেও মেটার শেয়ারে আবার পতন ঘটে। কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল ব্যয়ের কারণে কোম্পানিটির আয়-ব্যয়ের হিসাব চাপের মধ্যে পড়ে। চলতি বছর এআই খাতে মেটার ব্যয় ১৪৫ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।

মেটার আয়ের প্রায় পুরোটাই বিজ্ঞাপননির্ভর। ফলে এআই খাতে এত বিপুল বিনিয়োগ করে কোম্পানিটি শেষ পর্যন্ত কতটা আর্থিক সুবিধা পাবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ রয়েছে।

এরপর গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে এবং ১৮ সেপ্টেম্বর কানাডায় মিউজ চালু করা হয়। বর্তমানে এই দুই দেশে এটি ব্যবহার করা যাচ্ছে।

মিউজ একটি বহুমুখী এআই সহকারী বা ‘এজেন্ট’, যা ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ করতে পারে। যেমন—ভ্রমণের বুকিং দেওয়া, ই-মেইল পাঠানো কিংবা অনলাইনে কেনাকাটা করা।

শুধু ১৮ বছরের বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য মিউজ উন্মুক্ত। এটি বিনামূল্যে ব্যবহার করা গেলেও ব্যবহারের সীমা রয়েছে। বেশি ব্যবহারের জন্য মাসে ২০ ডলার বা ১০০ ডলারের দুটি ঐচ্ছিক সাবস্ক্রিপশন সুবিধা রয়েছে।

অ্যাপ বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাপটোপিয়া জানিয়েছে, চালুর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর আমেরিকায় আইফোনে মিউজ ১৮ লাখ বার ডাউনলোড হয়েছে। তুলনায়, ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি ২০২৩ সালের মে মাসে অ্যাপ হিসেবে চালুর পর একই সময়ে ১৩ লাখ বার ডাউনলোড হয়েছিল।

বুধবার, মেটার বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনে কোম্পানিটি জানায়, শিগগিরই মিউজ তাদের স্মার্ট চশমাতেও ব্যবহার করা যাবে। একই সঙ্গে ওয়ালমার্টের মতো খুচরা বিক্রেতাদের সঙ্গে অংশীদারত্বের কথাও জানিয়েছে মেটা। এর ফলে মিউজের মাধ্যমে হওয়া কেনাকাটা থেকে কমিশন আয়ের সুযোগ তৈরি হবে।

তবে অনলাইন বাণিজ্য জায়ান্ট অ্যামাজন রোববার মিউজকে তাদের ওয়েবসাইট ব্যবহারে বাধা দেয়। অ্যামাজনের অভিযোগ, মেটার এআই এজেন্ট ওয়েবসাইট ব্রাউজ করার সময় নিজেকে এআই এজেন্ট হিসেবে পরিচয় দেয়নি এবং গ্রাহকদের লগইন তথ্য সংরক্ষণ করেছে। মেটা অবশ্য বলেছে, মিউজ ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা পেমেন্টের তথ্য দেখতে পায় না।

বৃহস্পতিবার বিনিয়োগ ব্যাংক জেপিমরগ্যান মেটার শেয়ারের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৯২০ ডলার করেছে। প্রতিষ্ঠানটির মতে, মিউজ ‘চ্যাটজিপিটির পর ভোক্তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত এআই অ্যাপ্লিকেশন’ হয়ে উঠতে পারে।

তবে অন্য কয়েকজন বিশ্লেষক এখনো এ বিষয়ে সংশয়ী। গবেষণা প্রতিষ্ঠান ওপেনহাইমারের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, মাত্র ৮ শতাংশ মার্কিন নাগরিক অন্য অ্যাপের পাসওয়ার্ড মেটার কাছে সংরক্ষণ করতে আস্থা রাখেন। অথচ এ ধরনের এআই সহকারী বা এজেন্টকে ব্যবহারকারীর হয়ে কাজ করতে এসব তথ্যের প্রয়োজন হতে পারে। একই জরিপে গুগলের ক্ষেত্রে এই আস্থার হার ছিল ৩০ শতাংশ।

মিউজের সম্ভাব্য প্রসারের ক্ষেত্রে মেটার বিশাল ব্যবহারকারীভিত্তি একটি বড় সুবিধা হতে পারে। কোম্পানিটির দাবি, তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিদিন ৩৬০ কোটির বেশি মানুষ সক্রিয় থাকেন।

২০২৩ সালে মেটা থ্রেডস চালু করে। ইলন মাস্ক টুইটার কেনার কয়েক মাস পর এক্সের সঙ্গে প্রতিযোগিতা করতে থ্রেডস চালু করা হয়।

মাত্র পাঁচ দিনে থ্রেডসে ১০ কোটি সাইনআপ হলেও পরে এর প্রবৃদ্ধির গতি কমে যায়। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের হিসাবে, চলতি বছরের জানুয়ারিতে থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ১৪ কোটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%