ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন


ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, খোলপেটুয়া নদীর বাঁধে ৩০০ ফুট ভাঙন

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে প্রায় ৩০০ ফুট এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শুরু হওয়া এই ভাঙনে নদীর দিকে একটি বড় অংশ বিলীন হয়ে গেছে। ভাঙন ক্রমেই মূল বেড়িবাঁধের দিকে অগ্রসর হওয়ার কারণে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজে নেমেছেন। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেড়িবাঁধের বাইরে ওয়াপদা সড়কসংলগ্ন প্রায় ১০০ ফুট চরের মতো অংশ ছিল। ঝড়ের পর ওই অংশে ভাঙন শুরু হয়। পরে তা ছড়িয়ে প্রায় ৩০০ ফুট এলাকাজুড়ে বিস্তৃত হয়। এতে চরের প্রায় ১০০ ফুট অংশ নদীতে বিলীন হয়ে গেছে। মূল ওয়াপদা সড়কের প্রায় ৩০ ফুট ঢালও ভেঙে নদীতে চলে গেছে। বর্তমানে ভাঙন মূল সড়কের দিকে অগ্রসর হচ্ছে।

ভাঙনের খবর ছড়িয়ে পড়লে প্রতাপনগর ইউনিয়নের বিভিন্ন মসজিদের মাইকে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পরে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাওলানা রিয়াছাদ আলীসহ আশপাশের এলাকার পাঁচ শতাধিক মানুষ ঘটনাস্থলে উপস্থিত হন।

বর্তমানে ভাঙনস্থলে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ চলছে। পাশেই অন্য কাজের জন্য আগে থেকে প্রস্তুত রাখা জিও ব্যাগ স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে এবং অর্থের বিনিময়ে শ্রমিক নিয়োগ করে ভাঙনস্থলে ফেলা হচ্ছে। তবে ভাঙনের গতি ও বিস্তৃতি নিয়ে উদ্বেগ কাটছে না স্থানীয়দের।

স্থানীয় এনজিওকর্মী মাওলানা জাহিদুল ইসলাম বলেন, বেড়িবাঁধের ভেতরের পাশে থাকা লেকটি ভাঙনের অন্যতম কারণ। ভাঙন দিয়ে নদীর পানি লোকালয়ে প্রবেশ করলে তালতলা বাজার, কুড়িকাহুনিয়া, প্রতাপনগর ফাজিল মাদ্রাসা, আল-আমিন মহিলা মাদ্রাসা, বন্যাতলা, বন্যাতলা স্কুল ও দরগাতলার আইটিসহ প্রতাপনগর এলাকার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হতে পারে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ

মাওলানা রিয়াছাদ আলী বলেন, সম্প্রতি কুড়িকাহুনিয়ায় দেখা দেওয়া ভাঙনের তুলনায় বন্যাতলার ভাঙনের পরিধি প্রায় পাঁচ গুণ বেশি। এখানেও ভাঙনের গতি অনেক বেশি। তবে ভাঙনস্থলের ৪০০ ফুটের মধ্যে কয়েক হাজার জিও ব্যাগ প্রস্তুত থাকায় প্রতিরোধকাজে কিছুটা সুবিধা হচ্ছে। কুড়িকাহুনিয়ার মতো এখানেও বেড়িবাঁধের ভেতর দিয়ে সমান্তরালভাবে একটি গভীর লেক রয়েছে বলে জানান তিনি।

পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা বিভাগ-২-এর অধীন ৭/২ নম্বর পোল্ডারে আকস্মিক এ ভাঙনের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। তবে কর্মকর্তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা নিজেদের সামর্থ্য অনুযায়ী বাঁধ রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত কিছু প্রাথমিক কাজ শুরু হয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে খোলপেটুয়া নদীর পানি লোকালয়ে ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই ভাঙন প্রতিরোধে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতি দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: বর্ষপূর্তিতে ম্যাগাজিন বর্ষবার্তা বের হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


আগে প্রশ্রয় দিত আ.লীগ, এখন দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের সংস্কার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যর্থতা নিয়ে বিএনপি সরকারের সমালোচনা করেছেন।

তিনি উল্লেখ করেন, "আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাদককারবারিদের প্রশ্রয় দিতেন, এখন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ঠিক একই ধরনের অভিযোগ উঠছে।" এ পরিস্থিতিতে পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহণে অক্ষম হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকা সম্পর্কেও মাদক নিয়ন্ত্রণের বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর মিলনায়তনে এনসিপির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, "বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না।"

এছাড়া ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য সংস্কার না হওয়া এবং ব্যাংক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।

সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, "বিএনপির ছত্রছায়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।"

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণের বিষয়েও আলোচনা হয়।

এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আবীদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল।

এ সময় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামলা হলে বিশ্ব জ্বালানি বাজারে বিপর্যয়ের আশঙ্কা: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


হামলা হলে বিশ্ব জ্বালানি বাজারে বিপর্যয়ের আশঙ্কা: ইরান

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ বা হামলা বিশ্বব্যাপী জ্বালানি বাজারে এক ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সম্প্রতি মস্কোয় অনুষ্ঠিত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর জোটের (জিইসিএফ) সম্মেলনের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্বেগ প্রকাশ করেন।

আব্বাস আরাঘচি উল্লেখ করেন, পারস্য উপসাগরের নিরাপত্তা শুধু এই অঞ্চলের দেশগুলোর জন্য নয়, বরং বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহকারী এবং ভোক্তা উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই অঞ্চলে সামরিক সংঘর্ষ ছড়িয়ে পড়ে, তাহলে এর মারাত্মক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের ওপর।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে কোনো ধরনের সামরিক হামলা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যেকোনো কিছুই ঘটা সম্ভব।”

অন্যদিকে, ২০২৫ ও ২০২৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত নিজেদের পারমাণবিক কেন্দ্রগুলো পুনরায় সচল বা মেরামত করার চেষ্টা করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, হামলায় ক্ষতিগ্রস্ত ওই পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণের কোনো পদক্ষেপের ইঙ্গিত আন্তর্জাতিক তদারকি সংস্থাটির নজরে আসেনি।

এদিকে ইয়েমেনের হুথি সমর্থিত বিভিন্ন সংবাদমাধ্যম দেশটির মোচা বন্দর এলাকা এবং আম রান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় বেশ কয়েকটি বিমান হামলার খবর নিশ্চিত করেছে। তবে এই বিমান হামলা কারা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত নিশ্চিত করা হয়নি। সূত্র: আল আরাবিয়া, তাসনিম নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ বিজিএমইএর উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ বিজিএমইএর উপদেষ্টার

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জাপানের বাজারে ৩ থেকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ), জাপানি ক্রেতাদের আগ্রহ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে, এই সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের বৈচিত্র্য বাড়ানো, ক্রেতাদের আস্থা অর্জন, ভিসা জটিলতা দূর করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর উপদেষ্টা কাজী সারওয়ার হাবিব।

জাপানে চার দশক ধরে বসবাসকারী এই ব্যবসায়ী নেতা উল্লেখ করেন, বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অবস্থান শক্তিশালী হলেও জাপানের বাজারে রপ্তানি বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে, এ বাজারে রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাপানের রাজধানী টোকিওর হোটেল নিউ ওতানিতে সময়ের আলোর বিশেষ প্রতিনিধি ও ডেপুটি চিফ রিপোর্টার রফিক রাফির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে কাজী সারওয়ার হাবিব জাপানের বাজারে পোশাক রপ্তানি, দুই দেশের বাণিজ্য সম্পর্ক, সম্ভাব্য বিনিয়োগ, ভিসা জটিলতা, দক্ষ জনশক্তি এবং উচ্চশিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করেন।

বর্তমানে বাংলাদেশ জাপানে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। কাজী সারওয়ার হাবিবের মতে, যথাযথ উদ্যোগ গ্রহণ করা হলে এ রপ্তানি ৩ থেকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।

তিনি বলেন, জাপানি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের মান, নকশা ও সরবরাহের সময়সীমা নিশ্চিত করতে হবে এবং তাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে হবে। বাংলাদেশের পোশাকশিল্পের সক্ষমতা তুলে ধরতে পারলে নতুন ক্রেতা আকর্ষণ করা সহজ হবে।

জাপানের বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের অবস্থান শক্তিশালী করতে বিজিএমইএও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। কাজী সারওয়ার হাবিব জানান, এ বছর সংগঠনটিতে ‘জাপান ডেস্ক’ চালু হয়েছে। তিনি দাবি করেন, বিজিএমইএর ৫২ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো জাপানি রাষ্ট্রদূত সংগঠনটির কার্যালয় পরিদর্শন করেছেন।

বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও রপ্তানি বাড়ানোর নতুন সুযোগ তৈরি করেছে। চুক্তির আওতায় তৈরি পোশাকসহ বাংলাদেশের ৭ হাজার ৩৭৯টি পণ্য জাপানের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ পাবে। তবে, এ সুবিধা কার্যকর হওয়ার সময়সূচি ও পণ্যভিত্তিক শর্তের ওপর নির্ভর করবে।

কাজী সারওয়ার হাবিব বলেন, ইপিএর সুবিধা কাজে লাগানোর পাশাপাশি রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়াতে হবে। জাপানি ক্রেতাদের চাহিদা বুঝে পণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণে উদ্যোগী হলে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন কাজী সারওয়ার হাবিব। তার মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বাড়লে বেসরকারি খাতে বিনিয়োগের সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, মঙ্গলবার টোকিওতে বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও গভর্নর মেস্তাকুর রহমানের সঙ্গে জাপানের ব্যবসায়িক নেতাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। সফরটিকে তিনি ‘স্বপ্নের মতো সফর’ হিসেবে অভিহিত করেন।

কাজী সারওয়ার হাবিব বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগের সম্ভাবনার কথা বলা হচ্ছে। এসব সম্ভাবনা বাস্তব বিনিয়োগে রূপ নিতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তবে, বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, নীতির ধারাবাহিকতা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে মনে করেন তিনি। তার মতে, জাপানি বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করেন। তাই, তাদের আস্থা অর্জনে সহজ প্রশাসনিক প্রক্রিয়া, স্থিতিশীল নীতিকাঠামো এবং দ্রুত ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার পরিবেশ প্রয়োজন।

বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন কাজী সারওয়ার হাবিব। তিনি বলেন, দুই দেশের উদ্যোক্তা, ক্রেতা ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়মিত যাতায়াতের সুযোগ থাকা প্রয়োজন। ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা থাকলে ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগের উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

তিনি জানান, জাপানের শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড ইউনিক্লো ও মুজির পক্ষ থেকেও জাপানি ও বাংলাদেশি কর্মীদের অনুপাত এবং ভিসা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে অনুরোধ জানানো হয়েছে বলে তিনি অবগত হয়েছেন।

কাজী সারওয়ার হাবিবের মতে, বেসরকারি খাতের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এরপর দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া গেলে জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো সহজ হবে।

জাপানে কর্মসংস্থান ও ব্যবসা সম্প্রসারণে ভাষাগত দক্ষতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন কাজী সারওয়ার হাবিব। তার মতে, জাপানি ভাষা জানা থাকলে বাংলাদেশি তরুণদের জন্য দেশটিতে কাজের সুযোগ বাড়তে পারে।

তিনি বলেন, বাংলাদেশে থেকেই এক থেকে দেড় বছর জাপানি ভাষা শেখার চেষ্টা করলে এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে তরুণদের জন্য জাপানে কাজের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে জাপানি ভাষার এন-২ পর্যায়ের দক্ষতা থাকলে বিভিন্ন পেশায় এগিয়ে থাকার সুযোগ রয়েছে।

কাজী সারওয়ার হাবিব বলেন, জাপানি ভাষায় দক্ষ তরুণেরা বাংলাদেশে থেকেও মাসে ৫০ হাজার থেকে এক লাখ টাকা বেতনের চাকরি পেতে পারেন। তবে, বেতন ও চাকরির সুযোগ কাজের ধরন, দক্ষতা, অভিজ্ঞতা ও নিয়োগদাতার শর্তের ওপর নির্ভর করবে।

তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে জাপানি ভাষা শিক্ষার সুযোগ বাড়ানো প্রয়োজন। পাশাপাশি জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে তরুণদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।

উচ্চশিক্ষার জন্যও জাপান বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে সম্ভাবনাময় গন্তব্য হতে পারে বলে মনে করেন কাজী সারওয়ার হাবিব। তিনি বলেন, দেশটিতে বিভিন্ন ধরনের বৃত্তির সুযোগ রয়েছে। যোগ্যতা অনুযায়ী বৃত্তি পেলে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় বহন করা সহজ হতে পারে।

তার মতে, জাপানে পড়াশোনার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জন করতে পারলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবেন। এতে ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখার সুযোগ তৈরি হবে।

কাজী সারওয়ার হাবিব দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগের সঙ্গে যুক্ত। তিনি মনে করেন, দুই দেশের সম্পর্ককে শুধু বাণিজ্যিক লেনদেনে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, দক্ষ জনশক্তি, প্রযুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রেও সম্প্রসারণ করতে হবে।

জাপানের বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়ানো এবং জাপানি বিনিয়োগ আকর্ষণের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ইপিএর সুবিধা ব্যবহার, পণ্যের মান ও বৈচিত্র্য বৃদ্ধি, ক্রেতাদের আস্থা অর্জন, ভিসা জটিলতা নিরসন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

কাজী সারওয়ার হাবিব বলেন, সরকার ও বেসরকারি খাত সমন্বিতভাবে কাজ করলে জাপানের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ আরো বিস্তৃত হবে। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ জোরদার হলে সম্ভাব্য বিনিয়োগ বাস্তবায়ন এবং রপ্তানি সম্প্রসারণের পথও সুগম হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনপুরায় কোস্টগার্ডের হাতে ১৩ মণ মা ইলিশ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


মনপুরায় কোস্টগার্ডের হাতে ১৩ মণ মা ইলিশ জব্দ

ভোলার মনপুরায় মেঘনা নদীতে মা ইলিশ শিকারের সময় নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলারবোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় চরপাতিলা সংলগ্ন মেঘনায় মা ইলিশ বোঝাই ট্রলারটি আটক করা হয় এবং হাজিরহাট সিট্রাক ঘাটে নিয়ে আসা হয় কোস্টগার্ডের সদস্যদের দ্বারা।

পরে সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে ট্রলার মালিক আবদুল হাই সিকদারকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক খান সালমান হাবিব।

এ সময় ট্রলারে থাকা ১৩ মণ মা ইলিশ বিতরণ করা হয় এতিম অসহায়দের মধ্যে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এ বিষয়ে জানান, ১৩ মণ ইলিশ বোঝাই ট্রলারটি আটক করা হয়েছে এবং পরে জব্দকৃত ইলিশ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এনে বিতরণ করা হয়েছে।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা জানান, ট্রলার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%