০৪:৪৯ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, যিনি বর্তমানে বিমসটেকের সভাপতি, আঞ্চলিক প্রতিশ্রুতিকে কার্যকর বাস্তবায়ন, বাস্তবমুখী সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, "বাংলাদেশ বঙ্গোপসাগরীয় অঞ্চলকে শান্তিপূর্ণ, স্থিতিস্থাপক ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি সোমবার (২০ জুলাই) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিমসটেকের তিন দশক: যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন।
শামা ওবায়েদ আরও বলেন, "বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক একীভূতকরণ, আঞ্চলিক যোগাযোগব্যবস্থা, বাণিজ্য ও বিনিয়োগ, ব্লু-ইকোনমি এবং জনকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা আরো এগিয়ে নিতে কাজ করছে।" এ লক্ষ্য অর্জনে সদস্য রাষ্ট্রগুলোকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন: ঈশ্বরদীতে জমি বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি
তিনি উল্লেখ করেন, "আঞ্চলিক সহযোগিতার সাফল্য নির্ভর করে ঘোষণার চেয়ে কার্যকর বাস্তবায়নের ওপর।"
তাহলে, বিমসটেকের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করে সদস্য দেশগুলোর অভিন্ন অঙ্গীকারকে বাস্তব উদ্যোগে পরিণত করতে হবে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, সেমিনারে উঠে আসা সুপারিশগুলো বাংলাদেশের বিমসটেক সভাপতিত্বকে আরো কার্যকর করতে সহায়ক হবে এবং সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা দেবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে বিমসটেকের মহাসচিব রাষ্ট্রদূত ইন্দ্র মণি পাণ্ডে বলেন, "নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন, বিদ্যুৎ গ্রিড আন্তঃসংযোগ, জ্বালানি সহযোগিতা, সাইবার ও সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমন, পর্যটন, ভিসা সুবিধাকরণ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিমসটেকের সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে।"
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
এর আগে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান স্বাগত বক্তব্য দেন।
সংস্থাটির গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদুজ্জামান এবং সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।
অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিপস) সভাপতি মেজর জেনারেল এ এন এম মুনিরুজ্জামান (অব.)।
আলোচনায় বিমসটেকের তিন দশকের অগ্রযাত্রা পর্যালোচনার পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং শান্তি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর বাস্তবমুখী সহযোগিতা জোরদারের ওপর জোর দেওয়া হয়।
আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার
সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন মন্ত্রণালয়, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাঙ্গন, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন