ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ডিএমপি’র ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২,৪৪৯টি মামলা


ডিএমপি’র ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২,৪৪৯টি মামলা

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর বিভিন্ন স্থানে শনিবার ট্রাফিক আইন কার্যকর করার উদ্দেশ্যে পৃথক অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ২,৪৪৯টি মামলা দায়ের করেছে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, রমনা ট্রাফিক বিভাগ ৬৬টি মামলা দায়ের করেছে। এই মামলাগুলোর মধ্যে চারটি বাস, একটি ট্রাক, নয়টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা অন্তর্ভুক্ত রয়েছে।

লালবাগ ট্রাফিক বিভাগ ১০০টি মামলা দায়ের করেছে, যার মধ্যে তিনটি বাস, চারটি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, পাঁচটি সিএনজিচালিত অটোরিকশা এবং ৭৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ঢাবি শিক্ষক দুলাল কান্তি বাসায় ফিরেছেন, পরিবার অভিযোগ করেছে অপহরণের

মতিঝিল ট্রাফিক বিভাগ ২৮৫টি মামলা দায়ের করেছে। এই মামলার তালিকায় ১৩টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৫৯টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১৫৩টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।

ওয়ারী ট্রাফিক বিভাগ ৩০৫টি মামলা দায়ের করেছে, যার মধ্যে ১২টি বাস, ১৮টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৪৭টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১২০টি মোটরসাইকেল রয়েছে।

এদিকে, তেজগাঁও ট্রাফিক বিভাগ ১২৯টি মামলা দায়ের করেছে। এই মামলাগুলোর মধ্যে ছয়টি বাস, একটি ট্রাক, আটটি কাভার্ড ভ্যান, ২১টি সিএনজিচালিত অটোরিকশা এবং ৪৫টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।

মিরপুর ট্রাফিক বিভাগ ১৮টি বাস, ২৭টি ট্রাক, ৫২টি কাভার্ড ভ্যান, ৫৩টি সিএনজিচালিত অটোরিকশা এবং ১৮৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মোট ৪৭৬টি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন: কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫১৯ জন আটক

তবে, উত্তরা ট্রাফিক বিভাগ সবচেয়ে বেশি মামলা দায়ের করেছে। উত্তরা ট্রাফিক বিভাগের দায়ের করা মামলার সংখ্যা ৬৭০টি, যার মধ্যে ৬২টি বাস, ১২টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৯৬টি সিএনজিচালিত অটোরিকশা এবং ২৬০টি মোটরসাইকেল রয়েছে।

একইসঙ্গে, গুলশান ট্রাফিক বিভাগ ৪১৮টি মামলা দায়ের করেছে; এর মধ্যে ৭১টি বাস, ছয়টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫০টি সিএনজি-চালিত অটোরিকশা এবং ১১৯টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।

ডিএমপি জানায়, এই অভিযান চলাকালে মোট ৪৯১টি যানবাহন ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে এবং ৩৮২টি যানবাহনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ডিএমপি ট্রাফিক বিভাগ জানায়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: কুমিল্লায় যুবদল নেতা কাউছার আলমকে কুপিয়ে হত্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ জন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের কারণে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনা শুরু হয় গত (২৬ সেপ্টেম্বর) শনিবার সকালে। উপজেলার ইছাপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তার ও বকুল গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে বাড়িঘর ভাঙচুরের অভিযোগও উঠেছে। দেশীয় অস্ত্র হাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

জানা যায়, গত শনিবার স্থানীয় বাজারে আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথাকাটাকাটির জেরে প্রথমে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনার পর রোববার সকাল সাতটা থেকে আবারও সংঘর্ষ শুরু হয়। সকাল দশটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে সংঘর্ষ চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। এ সময় স্থানীয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পূর্ববিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটঘরিয়ায় বিএনপির বিক্ষোভ, দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


আটঘরিয়ায় বিএনপির বিক্ষোভ, দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতার অভিযোগ

আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে পাবনার আটঘরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করা বিক্ষোভ মিছিলটি আটঘরিয়া উপজেলা স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা সমাবেশে মিলিত হন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা কর্মসূচিতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, "দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।" তিনি আরও বলেন, "কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।" তিনি নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান।

উপজেলা বিএনপির সদস্যসচিব মোনোয়ার হোসেন আলম কর্মসূচি পরিচালনা করেন। তিনি বলেন, "দেশের জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।" তিনি উল্লেখ করেন, "রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, নৈরাজ্য কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবেই কাম্য নয়।" তিনি বলেন, "গণতান্ত্রিক অধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবে।"

সমাবেশে বক্তব্য রাখেন আটঘরিয়া পৌর বিএনপির সভাপতি আজহার আলী, পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন তুষার এবং উপজেলা বিএনপির সহসভাপতি ও আতাইকুলা থানা বিএনপির অব্যয় আহ্বায়ক রবিউল ইসলাম রবি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ মন্ডল ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা ও সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী।

এ ছাড়া দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দার রানা ও সাধারণ সম্পাদক কাউসার হোসেন, একদন্ত ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আকুব্বর হোসেন আঁকু, মাছপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিদ্দিকুর রহমান, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আরিফুল ইসলাম আরিফ ও রফিকুল ইসলাম রফিক এবং একদন্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হায়ফায় কাদিয়ানিদের সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট ও ভারতীয় রাষ্ট্রদূতের উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


হায়ফায় কাদিয়ানিদের সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট ও ভারতীয় রাষ্ট্রদূতের উপস্থিতি

ইসরায়েলের হায়ফা শহরে সম্প্রতি অনুষ্ঠিত অমুসলিম কাদিয়ানি (আহমদীয়া) সম্প্রদায়ের ২৯তম বার্ষিক সম্মেলন মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি করেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন গণহত্যাকারী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ এবং ইসরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জে পি সিং, যারা সরাসরি অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন। বিশ্বে মুসলিম নিধনে শীর্ষে অবস্থানকারী ইসরায়েল ও ভারত কর্তৃক অমুসলিম কাদিয়ানি সম্প্রদায়কে 'মুসলিম সম্প্রদায়ের মডেল' হিসেবে তুলে ধরা নিয়ে বিভিন্ন ইসলামি বিশ্লেষক ও আলেম সমাজ ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

১৭ সেপ্টেম্বর হায়ফায় অনুষ্ঠিত সম্মেলন বা 'জলসা সালানা'য় ঐতিহাসিক মদিনার সনদের দোহায় দিয়ে বর্তমান সময়ের প্রেক্ষিতে যৌথ নাগরিকত্ব, বিভিন্ন সম্প্রদায়ের পারস্পরিক সম্পর্ক, সামাজিক দায়িত্ববোধ ও শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজোগ কাদিয়ানিদের কথিত ‘সহাবস্থান ও সহনশীলতার প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেন এবং গোষ্ঠীটিকে মুসলিম সম্প্রদায় হিসেবে তুলে ধরে মুসলিম-ইহুদি সংলাপে তাদের কথিত ভূমিকার প্রশংসা করেন। অপরদিকে, ভারতীয় রাষ্ট্রদূত জে পি সিং কাদিয়ানি সম্প্রদায়ের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তাদের নীতিকে বিশ্ব দরবারে অনুসরণের আহ্বান জানান।

প্রেসিডেন্ট হারজোগের সঙ্গে হায়ফার মেয়র ইয়োনা ইয়াহাভ, ইহুদি ধর্মীয় অনেক নেতা, শিক্ষাবিদ, নেসেটের (ইসরায়েলের পার্লামেন্ট) সদস্য, হায়ফার প্রাক্তন মেয়র এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত জে পি সিংসহ কয়েকটি দেশের কূটনৈতিকরা অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেন। সম্মেলনের পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ইসরায়েলি প্রেসিডেন্ট লেখেন, "বিশ্বের আরও মানুষ যদি এই জমায়েত দেখতে পেত এবং ইসরায়েলি সমাজের এই সুন্দর রূপটি জানতে পারত!" তিনি সম্প্রদায়টির নেতা আমির মুহাম্মদ শরীফ ওদাহকে উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।

সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ভারতীয় রাষ্ট্রদূত বলেন, "আহমদিয়া সম্প্রদায়ের হৃদয়ে ভারত এক বিশেষ স্থান দখল করে আছে।" তিনি আহমদিয়া সম্প্রদায়ের মূল বাণী—"সবাইকে ভালোবাসো, কাউকেও ঘৃণা করো না"—উদ্ধৃত করে বলেন যে, এটি আমাদের সকলের সমষ্টিগত জীবনদর্শনের অংশ হওয়ার যোগ্য একটি নীতি।

ঐতিহাসিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের প্রধান প্রধান ইসলামি সংস্থা এবং সর্বসম্মত আলেম সমাজ কাদিয়ানি সম্প্রদায়কে তাদের মৌলিক আকীদাগত ভিন্নতার কারণে অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। এ প্রেক্ষিতে সচেতন আলেম সমাজের মতে, ঐতিহাসিক মদিনা সনদের দোহাই দিয়ে নিজেদের আসল পরিচয় ঢেকে রাখার অপচেষ্টা চালালেও কাদিয়ানিদের ভয়ঙ্কর রূপ বরাবরই উম্মোচিত হয়েছে। ইসরায়েল ও ভারতের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এই সম্প্রদায়টির প্রকৃত প্রক্সি গোষ্ঠী হিসেবে প্রমাণ করে।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে যেখানে ইসরায়েল ও ভারতের মুসলিমবিরোধী নীতি ও নিপীড়ন নিয়ে সাধারণ মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ বিদ্যমান, সেখানে এই দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা কাদিয়ানি সম্প্রদায়কে 'আদর্শ মুসলিম প্রতিনিধি' হিসেবে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছে। প্রকৃত মুসলিমদের কণ্ঠস্বরকে আড়াল করতে এবং সাধারণ মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই এই প্রক্সি গোষ্ঠীটিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিশ্বে মুসলিমদের অস্তিত্ব অস্বীকারকারী হিন্দুত্ববাদী ও জায়নবাদীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি প্রাথমিকে মেধাবীদের নিয়োগপত্র দিতে হবে: ইসলামী আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১১ পি.এম


সরকারি প্রাথমিকে মেধাবীদের নিয়োগপত্র দিতে হবে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে রাজনৈতিক চিন্তাভাবনার কারণে অনেককে বঞ্চিত করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মাওলানা গাজী আতাউর রহমান রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই কথা বলেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য থাকে, তাহলে তাকে সরকারি চাকরির জন্য অনুপযুক্ত বিবেচনা করা যেতে পারে। তবে, প্রার্থী বা তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করে নিয়োগের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া গ্রহণযোগ্য নয়।

গাজী আতাউর রহমান বলেন, সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য প্রার্থী ও তাদের পরিবারের রাজনৈতিক পরিচয় যাচাই করার প্রথা জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়েও ছিল। মেধার অধিকারকে কেন্দ্র করে যে গণ-অভ্যুত্থান ঘটেছিল, তার পর গঠিত সরকারের সময়েও রাজনৈতিক চিন্তাভাবনার কারণে মেধাবীদের বঞ্চিত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, মেধায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগপত্র প্রদান করতে হবে।

সরকারি চাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পুলিশ ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাইয়ের প্রচলিত রীতির সমালোচনা করে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এই ব্যবস্থা ব্রিটিশ আমলের ধারাবাহিকতা। সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন দমন করতে তখন চাকরিপ্রার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই করা হতো।

স্বাধীনতার পরও এই চর্চা অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, দলীয় সরকারগুলো সাধারণত গোয়েন্দা সংস্থার যাচাইয়ের মাধ্যমে বিরোধী দল ও মতের অনুসারী এবং তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করে। একই প্রক্রিয়ায় নিজেদের লোকদের নিয়োগ নিশ্চিত করা হয়। জনপ্রশাসনের দলীয়করণেও এই যাচাই প্রক্রিয়া ভূমিকা রাখে বলে মন্তব্য করেন তিনি।

গাজী আতাউর রহমান সতর্ক করে বলেন, বিএনপি সরকারও যদি আগের সরকারগুলোর মতো একই ধারাবাহিকতা অনুসরণ করে, তাহলে নতুন করে আন্দোলনের পরিস্থিতি তৈরি হতে পারে।

বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ সকল প্রার্থীর নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%