ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

উত্তর কোরীয় হ্যাকারদের ভুয়া ভিডিও কলের ফাঁদে ৪০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি


উত্তর কোরীয় হ্যাকারদের ভুয়া ভিডিও কলের ফাঁদে ৪০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি

মার্কিন কর্তৃপক্ষের দাবি, রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা উত্তর কোরিয়ার, ভুয়া ভিডিও কলের মাধ্যমে মানুষের পরিচয়সংক্রান্ত তথ্য চুরি করে ৪০ কোটি ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসের মধ্যে ৯০০ জনেরও বেশি মানুষ এই প্রতারণার শিকার হয়েছেন। এফবিআই এই প্রতারণার কৌশলটির নাম দিয়েছে ‘ফেসস্টিলার’ বলে।

এফবিআইয়ের সাইবার বিভাগের পরিচালক ব্রেট লেদারম্যান মন্তব্য করেন, উত্তর কোরিয়ার সরকার তাদের অবৈধ অস্ত্র কর্মসূচিতে অর্থ যোগাতে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি এভাবে কয়েক শত কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি গ্রেফতার

এক সপ্তাহ আগে, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স জানিয়েছিল, ভুয়া চাকরির সাক্ষাৎকারের ফাঁদে ফেলে হ্যাকাররা তাদের কাছ থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। এই অর্থের পরিমাণ ৪৭০ কোটি ব্রিটিশ পাউন্ডের সমান।

মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, এই ঘটনার পেছনে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী জড়িত। তবে পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফেসস্টিলার’ নামের নতুন এই প্রতারণার কৌশলে মূলত ক্রিপ্টোকারেন্সি ও ওয়েব৩ খাতে কর্মরত ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে যারা ওপেন-সোর্স সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজ করেন, তারা এই হ্যাকারদের প্রধান লক্ষ্য।

এফবিআই ও আদালতের নথি অনুযায়ী, ‘ফেসস্টিলার’ প্রতারণার সঙ্গে যুক্ত হ্যাকাররা ভুয়া ভিডিও কলের মাধ্যমে মানুষের পরিচয়সংক্রান্ত তথ্য চুরি করে। এ জন্য তারা জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের নকল সংস্করণ ব্যবহার করে। হ্যাকাররা আগে থেকে ধারণ করা ভিডিও দেখিয়ে ভুক্তভোগীদের ভিডিও কলে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানায়।

আরও পড়ুন: ন্যায়বিচারের অপেক্ষায় লাখো রোহিঙ্গা জনগোষ্ঠী

এসব ভিডিওতে এমন ব্যক্তিদের দেখা যায়, যাদের সঙ্গে ভুক্তভোগীদের আগে থেকেই পরিচয় রয়েছে। ফলে ভিডিও কলটি আসল বলে মনে হয়। তবে কল চলাকালে হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে অডিওতে সমস্যা হচ্ছে বলে ভান করে।

এরপর ভুক্তভোগীর কম্পিউটার বা মোবাইলের পর্দায় একটি বার্তা দেখানো হয়। এতে অডিওর সমস্যা সমাধানের জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়। কিন্তু সমস্যা সমাধানের নামে ওই লিংকে ক্লিক করলেই ভুক্তভোগীর ডিভাইসে ম্যালওয়্যার (ক্ষতিকর সফটওয়্যার) ডাউনলোড হয়ে যায়। এর মাধ্যমে হ্যাকাররা ভুক্তভোগীর যোগাযোগের তালিকা (কন্টাক্ট লিস্ট) এবং বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুযোগ পেয়ে যায়।

ফলে তারা আরো নতুন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, হ্যাকাররা গোপনে এসব ভিডিও কল রেকর্ড করে রাখে। পরে সেই রেকর্ড করা ভিডিও ব্যবহার করে নতুন ব্যক্তিদের প্রতারণার ফাঁদে ফেলে।

এফবিআই ‘ফেসস্টিলার’কে অত্যন্ত কার্যকর একটি প্রতারণার কৌশল হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির মতে, এই কৌশলের মাধ্যমে হ্যাকাররা প্রযুক্তিগতভাবে দক্ষ এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন ব্যক্তিদেরও সহজে বিভ্রান্ত করতে পারে।

আরও পড়ুন: গাজার শীতকালীন সহায়তায় ৫০ হাজার ডলার অনুদান দিলেন মডেল বেলা হাদিদ

বৃহস্পতিবার এক বিবৃতিতে এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি বলেন, এই প্রতারণায় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের প্রতি মানুষের আস্থা এবং ব্যক্তিগত পরিচিতির সম্পর্ককে কাজে লাগানো হয়। তিনি আরো বলেন, ‘আপনি যদি মনে করেন, এমন পরিস্থিতিতে কখনোই আপনার প্রতারিত হওয়ার আশঙ্কা নেই, তাহলে বুঝতে হবে আপনি বিষয়টি যথেষ্ট গভীরভাবে বিবেচনা করছেন না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সেনা নিহত

তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্যের মৃত্যু ঘটেছে। এই দুর্ঘটনাটি বৃহস্পতিবার সন্ধ্যায় মালাতিয়া প্রদেশে ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম তুর্কি টুডের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় চার সেনা সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মালাতিয়া প্রদেশের রাজধানী শহরের দক্ষিণ উপকণ্ঠে সামানকয় এলাকায় সন্ধ্যার দিকে এস-৭০ মডেলের সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

একটি বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হেলিকপ্টারটিতে থাকা চার সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। নিহত সেনা সদস্যদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

এছাড়া, তুর্কি সশস্ত্র বাহিনী এবং দেশবাসীর প্রতি সমবেদনা জানানো হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী এবং চিকিৎসক দলের সদস্যরা পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের এজেন্টদের সম্মান জানাতে টুকুর ব্যতিক্রমী আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


নির্বাচনের এজেন্টদের সম্মান জানাতে টুকুর ব্যতিক্রমী আয়োজন

নির্বাচনের ফলাফল ঘোষণার পর অনেক রাজনৈতিক নেতাই পোলিং এজেন্টদের খোঁজ নেন না। তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন। এই সভার পাশাপাশি, প্রায় দুই হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। দুটি বড় গরু জবাই করে পোলাও-মাংস রান্না করা হয় এবং একাধিক দফায় খাবার পরিবেশন করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা। সভায় অংশগ্রহণ করেন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টরা। সভার শেষে, প্রতিমন্ত্রী তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

মতবিনিময় সভায় পোলিং এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "আমার নির্বাচনে ভোটের দিন যাদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছি, বিশ্বাস করেছি, তারা হচ্ছেন আপনারা। আপনারা সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে সকাল থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

তিনি আরও বলেন, "আমি চিন্তা করেছি, যারা ভোটের দিন আমার জন্য দায়িত্ব পালন করেছেন, তাদের সঙ্গে দেখা হবে না, সাক্ষাৎ হবে না, মতবিনিময় হবে না- এটা হতে পারে না। সেজন্য উদ্যোগ নিয়ে এ আয়োজন করেছি।"

পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, "আপনারা যেভাবে আমার জন্য কাজ করেছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ আপনাদের কথা বিশ্বাস করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেই প্রত্যাশা আমি পূরণ করব, ইনশাআল্লাহ। আপনাদের ফোন নম্বর আমি ইতোমধ্যে লিপিবদ্ধ করেছি। আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে, কথা বলব। আপনারাই হচ্ছেন বিএনপির মূল প্রাণ।"

দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে। দলের মাধ্যমে আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ন রাখব, ইনশাআল্লাহ। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। টাঙ্গাইলে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব, যাতে আগামী পাঁচ বছরে উন্নয়নের দিক থেকে টাঙ্গাইল দেশের মধ্যে এক নম্বরে থাকে।"

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

এর আগে, টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টরা একে একে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাদের বক্তব্য শোনেন প্রতিমন্ত্রী। পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা।

নির্বাচনে যারা মাঠপর্যায়ে তার বিজয়ের জন্য কাজ করেছেন, তাদের সম্মান জানাতে এই আয়োজনকে দলীয় নেতাকর্মীরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচনের পরও পোলিং এজেন্টদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং তাদের মতামত শোনার এ উদ্যোগ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের একটি দৃষ্টান্ত।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।

এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও গবেষণাকর্মে যুক্ত করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


শিল্পপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন ও গবেষণাকর্মে যুক্ত করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন, পরিমার্জন ও গবেষণাকর্মে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন।

এছাড়া, তিনি জানান, শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞতা শ্রেণিকক্ষে তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শনের সুযোগ তৈরির পরিকল্পনা করছে কমিশন।

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষাকে কর্মবাজারের চাহিদার সঙ্গে যুক্ত করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে তিনি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন। একই সঙ্গে, তিনি শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শন করে সেখানকার কাজের ধরন ও সমস্যাগুলো বোঝার ওপর গুরুত্ব দেন।

অধ্যাপক মামুন আহমেদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। অনেক শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না।

তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে।

শিল্পপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কাজে লাগানোর আহ্বান জানিয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, ওষুধ, বস্ত্র ও টেলিযোগাযোগ খাতের অনেক প্রতিষ্ঠান সফটওয়্যার, প্রযুক্তি ও যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, উৎপাদন বা রাসায়নিক প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলেও বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের জন্য মাইক্রোপিপেটের টিপসের মতো সামগ্রীও আমদানি করতে হয়। এসব সমস্যার সমাধানে দেশের গবেষকদের সক্ষমতা কাজে লাগানো প্রয়োজন।

অধ্যাপক মামুন আহমেদ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরির আহ্বান জানান। তিনি বলেন, এসব প্রস্তাব ইউজিসিতে জমা দিলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে। তার মতে, গবেষণার অগ্রাধিকার হওয়া উচিত শিল্প ও দেশের বাস্তব সমস্যার সমাধান।

তিনি গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রাখার পরামর্শ দিয়ে বলেন, কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, ওষুধ ও রাসায়নিক শিল্প এবং পর্যটন খাতের সমস্যা নিয়েও যৌথ গবেষণার সুযোগ রয়েছে।

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করতে সফট স্কিল উন্নয়ন ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে। এ ছাড়া, প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তি ধনকুবেরদের পছন্দের কারণ: চীনা বংশোদ্ভূত নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


প্রযুক্তি ধনকুবেরদের পছন্দের কারণ: চীনা বংশোদ্ভূত নারীরা

বিশ্বের প্রযুক্তি খাতের শীর্ষ ধনকুবেরদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। চীনা বংশোদ্ভূত নারীরা তাদের অনেকের জীবনসঙ্গী কিংবা প্রেমিকার তালিকায় স্থান করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান কয়েনবেসের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান আর্মস্ট্রং—এদের মধ্যে অনেকের জীবনেই এই সম্পর্কের উদাহরণ দেখা যায়।

কিন্তু সিলিকন ভ্যালির ধনকুবেরদের জীবনে চীনা বংশোদ্ভূত নারীদের উপস্থিতি বেশি দেখা যায় কেন? এটি কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে শিক্ষা, পেশাগত যোগ্যতা ও সামাজিক পরিবেশের প্রভাব? সম্প্রতি যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

যাদের জীবনসঙ্গী চীনা বংশোদ্ভূত নারী

সিলিকন ভ্যালির ধনকুবেরদের মধ্যে মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান অন্যতম পরিচিত মুখ। তাদের পরিচয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। প্রিসিলা ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া একটি চীনা পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ ও সমাজসেবী। স্বামীর সঙ্গে মিলে পরিচালনা করছেন ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামের একটি প্রতিষ্ঠান। ২০২৪ সালে ফোর্বস সাময়িকীর বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকাতেও তিনি স্থান পান।

গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন বিয়ে করেছিলেন চীনা বংশোদ্ভূত মার্কিন আইনজীবী ও প্রযুক্তি উদ্যোক্তা নিকোল শানাহানকে। পরে তাদের বিচ্ছেদ ঘটে।

অন্যদিকে, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সঙ্গে চীনা নারী জোলিন ঝুর সম্পর্ক রয়েছে। এছাড়া কয়েনবেসের প্রতিষ্ঠাতা ব্রায়ান আর্মস্ট্রং বিয়ে করেছেন বেইজিংয়ে জন্ম নেওয়া চীনা বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী অ্যাঞ্জেলা মেংকে।

কেন চীনা বংশোদ্ভূত নারীদের প্রতি আগ্রহ?

সমাজবিজ্ঞানী ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, জাতিগত পরিচয়ের ভিত্তিতে এই প্রবণতা ব্যাখ্যা করা সঠিক হবে না। এসব নারীর মধ্যে অনেকেই উচ্চশিক্ষিত, স্বাবলম্বী এবং নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত। প্রযুক্তি উদ্যোক্তাদের সঙ্গে তাদের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠার পেছনে কয়েকটি সামাজিক ও পেশাগত কারণ রয়েছে।

শিক্ষা ও প্রযুক্তিতে এশীয়দের অংশগ্রহণ: যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত এবং স্ট্যানফোর্ড, বার্কলে ও হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ে চীনা, ভারতীয় ও কোরীয় বংশোদ্ভূত শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ফলে পড়াশোনা ও কর্মক্ষেত্রে তাদের মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠার সুযোগ তৈরি হয়।

শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার মিল: প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তাদের জীবনসঙ্গীদের মধ্যে অনেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। যেমন প্রিসিলা চ্যান একজন চিকিৎসক, নিকোল শানাহান আইনজীবী এবং অ্যাঞ্জেলা মেং সফল ব্যবসায়ী। তাদের শিক্ষাগত যোগ্যতা, চিন্তাভাবনা ও পেশাগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে প্রযুক্তি উদ্যোক্তাদের মিল থাকতে পারে।

বহুসাংস্কৃতিক পরিবেশ: যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো ও সিলিকন ভ্যালি বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের বসবাসের অঞ্চল। সেখানে ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পরিচয়, বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠা স্বাভাবিক।

তবে সিলিকন ভ্যালির সব ধনকুবেরের জীবনেই এমন সম্পর্কের উদাহরণ নেই। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিয়ে করেছেন মার্কিন সাংবাদিক লরেন সানচেজকে। অন্যদিকে, গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের স্ত্রী মার্কিন গবেষক লুসিন্ডা সাউথওয়ার্থ।

ব্যক্তিগত সম্পর্ক থেকে জাতীয় নিরাপত্তার বিতর্ক

সিলিকন ভ্যালির ধনকুবেরদের ব্যক্তিগত সম্পর্ক সাধারণত সামাজিক ও সাংস্কৃতিক আলোচনার বিষয় হলেও এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে সাম্প্রতিক ঘটনা বিষয়টিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কথিত সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করতেন।

অন্যদিকে, মেগাস্পিডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার নিয়ন্ত্রিত প্রযুক্তি চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।

তবে চীন এসব গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে চীনের অগ্রগতি বাধাগ্রস্ত করতে এসব অভিযোগ তোলা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত চিপ প্রযুক্তির প্রতিযোগিতার যুগে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও কৌশলগত তথ্য থাকে। ফলে তাদের ব্যক্তিগত সম্পর্কও কখনো কখনো আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় নিরাপত্তার আলোচনায় চলে আসে।

তবে একটি বা দুটি বিতর্কিত ঘটনা দিয়ে সিলিকন ভ্যালির সব আন্তসাংস্কৃতিক সম্পর্ককে সন্দেহের চোখে দেখা উচিত নয়। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে জাতিগত পরিচয়ের চেয়ে ব্যক্তির শিক্ষা, যোগ্যতা, পেশা ও পারস্পরিক বোঝাপড়াই বেশি গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%