শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৩২ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পোল্যান্ডে একটি মার্কিন সেনাঘাঁটি স্থাপনের প্রক্রিয়া এগিয়ে চলছে। তিনি পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকির ‘সাহসী নেতৃত্বের’ জন্য প্রশংসা করেছেন এই উদ্যোগের ক্ষেত্রে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন, ‘এটি বাস্তবায়িত হলে খুব শিগগিরই ঘাঁটির অবস্থান ঘোষণা করা হবে। এটি আমাদের মহান মার্কিন-পোলিশ জোটের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে।’
রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে ন্যাটোর পূর্বাঞ্চলীয় সীমান্তে মিত্র দেশগুলোর সামরিক উপস্থিতি বাড়ানোর দাবি জানিয়ে আসছে পোল্যান্ড।
গত জুনে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানিয়েছিলেন, দেশটিতে স্থায়ী মার্কিন সামরিক উপস্থিতি রাখার পোল্যান্ডের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আগ্রহ দেখিয়েছে। তবে সে সময় এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জুন মাসে ব্রাসেলসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেন পোলিশ প্রতিরক্ষামন্ত্রী। বৈঠকে হেগসেথ ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে নতুন করে পর্যালোচনা শুরুর ঘোষণা দেন।
বর্তমানে পোল্যান্ডে মার্কিন সেনারা স্থায়ী ঘাঁটির পরিবর্তে ঘূর্ণায়মান ব্যবস্থায় দায়িত্ব পালন করছেন। নতুন ঘাঁটি স্থাপিত হলে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ধরন ও পরিসরে পরিবর্তন আসতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে রাজপথে বক্তব্য দেওয়ার মতো কোনো কারণ খুঁজে না পেয়ে এখন ‘সংস্কার’কে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের ডাসার উপজেলার বিসি কর্ণপাড়া পাকা সেতু থেকে কমলাপুর হাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ‘বিগত দিনে আপনারা দেখেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নামে তারা অনেক কথা বলেছেন। নির্বাচনে আসবেন না বলেও বক্তব্য দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসছেন।’
তিনি বলেন, ‘মাঠে তাদের জনপ্রিয়তা নেই। তাই মুখের কথায় জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে। শুধু কথার বুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে।’
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনে কিছু সমাধানের বিষয় রয়েছে। সেই সমাধানের পরই আমরা সংস্কারের কাজ সম্পন্ন করব। প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধান সংস্কারের যতগুলো ধারা রয়েছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিনি বিষয়টি জাতির সামনে পরিষ্কারভাবে বলেছেন। এখানে লুকোচুরি করার কিছু নেই।’
সড়ক উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এমারাত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, বিএনপি নেতা সালাম খান ও ইরান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জাফর আলম বাবুল নামে এক কাঠ ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাইশারী ইউনিয়নের ছাদুঅং পাড়া ধুংছাই মারমার বৌদ্ধ মন্দির এলাকা থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করেছে।
জাফর আলম বাবুল স্থানীয় বাসিন্দা ওসমানের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ওই বৌদ্ধ মন্দির এলাকায় দুর্বৃত্তরা জাফর আলম বাবুলকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে মংক্যচিং মারমা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাইশারীতে বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উৎসুক জনতা ভিড় করলে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায় জানিয়েছেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রদূতের সম্মানে বিদায়ী মধ্যাহ্নভোজের আয়োজন করেন তিনি।
মধ্যাহ্নভোজে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পররাষ্ট্রসচিব ইয়াও ওয়েনের প্রায় চার বছরের দায়িত্বকালের সক্রিয় সহযোগিতা, ঘনিষ্ঠ যোগাযোগ ও অবদানের প্রশংসা করেন, যা বাংলাদেশ-চীন সম্পর্ককে জোরদার করতে সহায়তা করেছে।
গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা স্মরণ করে পররাষ্ট্রসচিব বলেন, সফরটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীন তাদের সম্পর্ককে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ পর্যায়ে উন্নীত করার কথা জানায়। সফরের সফল ফলাফল এবং যৌথ বিবৃতি প্রকাশে চীনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
পররাষ্ট্রসচিব এ সময় তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্প, নদী ব্যবস্থাপনায় বৃহত্তর সহযোগিতা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) নিয়ে চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। এসব ক্ষেত্রে গতি বজায় রাখার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মধ্যাহ্নভোজের আয়োজনের জন্য পররাষ্ট্রসচিবকে ধন্যবাদ জানান। বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্বকালকে ঘটনাবহুল ও স্মরণীয় উল্লেখ করে তিনি এ সময়ে উচ্চপর্যায়ের বিভিন্ন সফর এবং দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা স্মরণ করেন। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর, যৌথ বিবৃতি প্রকাশ এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করার বিষয়গুলোও উল্লেখ করেন।
বাংলাদেশে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কার্যক্রম পরিচালনায় সরকারের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন ইয়াও ওয়েন। একই সঙ্গে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের কাজ দ্রুত শুরুর আশা প্রকাশ করেন তিনি।
বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে বাংলাদেশের প্রতি চীনের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ইয়াও ওয়েন। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়কে সহায়তার জন্য চীনের দেওয়া ৮ লাখ মার্কিন ডলারের অনুদানের কথাও উল্লেখ করেন তিনি।
দুই পক্ষই বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সহযোগিতা আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করে। সাম্প্রতিক প্রধানমন্ত্রীর চীন সফরে হওয়া সমঝোতাগুলোর কার্যকর বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশ সরকার ও জনগণের বন্ধুত্ব এবং উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষায়, এসব কারণে বাংলাদেশে তার অবস্থান স্মরণীয় হয়ে থাকবে। মধ্যাহ্নভোজ শেষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পরস্পরের মধ্যে উপহার বিনিময় করেন। পরে পররাষ্ট্রসচিব তার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রধান কোচ থমাস ডুলি আসন্ন প্রথম ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের একটি দল ঘোষণা করেছেন। জানা গেছে, এই চূড়ান্ত দলে ইংল্যান্ডভিত্তিক ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ ও মিডফিল্ডার জিদান ইউসুফের পাশাপাশি জাপানভিত্তিক শুকি ইতোফুসাও স্থান পেয়েছেন।
ফারহান আলী ওয়াহিদের দলে অন্তর্ভুক্তি নিয়ে বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে। ইংল্যান্ডের এই ফরোয়ার্ড বাংলাদেশকে গোলের সামনে আরও ধারালো করে তুলতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন ডুলি। তিনি বলেন, “এই ছেলেটির [ফারহান আলী ওয়াহিদ] ব্যাপারে আমার যেটা ভালো লাগে তা হলো, ও গোল করতে জানে। এটাই তো দরকার। তাই ও এলে আমি সত্যিই চাই ওকে গোলের সামনে দেখতে, সেই মুভগুলো করতে এবং বলটা লক্ষ্যে মারতে, যেটা আমাদের অনেক খেলোয়াড়ই করে না।”
বর্তমানে ফুলহাম অনূর্ধ্ব-২১ দলের সদস্য হিসেবে বোরহ্যাম উড এফসিতে খেলছেন ফারহান। টুর্নামেন্ট শুরুর আগে তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।
ডুলি ফারহানের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত হলেও তার ওপর বাড়তি প্রত্যাশা চাপাতে চান না। তিনি বলেন, “হামজা চৌধুরীর মতো করে তিনি ফারহানকে দেখেন না।”
ডুলি আরও বলেন, “আমরা ওর ওপর এমন কোনো চাপ দিইনি যে ওকেই সবকিছুর ত্রাতা হতে হবে। আমি ওকে একজন ভালো, প্রতিভাবান খেলোয়াড় হিসেবে দেখি। ওর দুর্দান্ত দক্ষতা আছে। এটা পেশাদার পর্যায়ে মাঠে নিয়ে আসতে হবে। যদি সেটা করতে পারে, তাহলে ও আমাদের জন্য বড় সম্পদ হবে।”
ফিফা আসিয়ান কাপের আট দলের প্রিমিয়ার ডিভিশন আগামী ২৫ সেপ্টেম্বর জাকার্তায় শুরু হবে। প্রথম দিনে স্বাগতিক ইন্দোনেশিয়া সিঙ্গাপুরের মুখোমুখি হবে, তার আগে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
চৌদ্দ দলের এই প্রথম আসরে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে, যেখানে এগারোটি আসিয়ান দেশও অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি দুই ভাগে বিভক্ত, ছয় দলের চ্যালেঞ্জ ডিভিশন ২৪ সেপ্টেম্বর শুরু হবে।
গ্রুপ এ-তে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশকে রাখা হয়েছে।
জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে এবং ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
গ্রুপ বি-তে রয়েছে আসিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট থাইল্যান্ড ও ভিয়েতনাম, পাশাপাশি ফিলিপাইন ও পাকিস্তান। গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা ভিয়েতনাম বান্দুংয়ে ফিলিপাইনের বিপক্ষে নিজেদের অভিযান শুরু করবে ২৬ সেপ্টেম্বর।
শুরুতে টুর্নামেন্টে আমন্ত্রণ পেলেও পরে সরে দাঁড়ায় ভারত ও চীন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একই দিনে অর্থাৎ ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ থাকায় ভারত বিকল্প দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল, তবে ফিফা সেই প্রস্তাবে সায় দেয়নি। উল্লেখ্য, ৩ অক্টোবরেই হবে আসিয়ান কাপের ফাইনাল।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
রক্ষণভাগ: জিদান আলেকজান্ডার ইউসুফ, টুটুল হোসেন বাদশা, শাকিল আহাদ টুটুল, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ
মধ্যমাঠ: এস এম মঞ্জুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. রিদয়, মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত সোম
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা
তালাশ বিডি/মিডিয়া লিঃ