১০:৫৭ পি.এম
১৮ নভেম্বর বৃহস্পতিবার লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনের প্রেক্ষিতে গোটা লালমনিরহাটে সাজ সাজ রব সৃষ্টি হয়েছে। সকল রাস্তা-ঘাট, সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান পরিষ্কার করা হয়েছে। তিস্তা পাড়েও সাজ সাজ রব লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বুকে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিস্তাপাড়ের মানুষ। সবার একটাই প্রত্যাশা, আর কোন আশা নয়, নয় কোন প্রতিশ্রুতি, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আজ তার সরকারের অবস্থান পরিষ্কার করবেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হলেই তিনি এ অঞ্চলের কোটি মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবেন। তার হাত দিয়েই এ অঞ্চলের কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন শুরু হবে। ইতিমধ্যেই তারা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ লালমনিরহাটে এসে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন করবেন। সে উদ্বোধন দেখার জন্য চরাঞ্চলের মানুষ মুখিয়ে আছেন। আশায় বুক বেঁধে আছেন প্রিয় নেতার মুখ থেকে আর আশার বাণী নয়, তিস্তা নিয়ে সত্যিকারের তার ও তার সরকারের অবস্থান সম্পর্কে জানার জন্য।
তিস্তা নদীর বিভিন্ন স্থান ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল, তারা চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্প শুরুর জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। সব শ্রেণিপেশার মানুষের এক বক্তব্য, উত্তরের কোটি মানুষের দুঃখ তিস্তা নদী। চরাঞ্চল ও নদীপাড়ের কোটি মানুষকে বাঁচাতে হলে তিস্তা খনন করতে হবে। নদী খনন করে নদীপাড়ের মানুষের দুঃখ-দর্দশার স্থায়ী সমাধান করতে হবে। নদী খনন করা হলে সে দুঃখ ঘুচবে। বিগত দিনে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে আন্দোলন, লংমার্চ, মানববন্ধনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিস্তাপাড়ের আপামর মানুষ।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
অডিওতে তারেক রহমানের ভাষণ মাইকে প্রচার করা হয়েছে। নদী খননের দাবিতে আয়োজিত বিএনপির সমাবেশ সফল করতে চরের মধ্যে খোলা আকাশের নিচে কিভাবে রাত কাটিয়েছেন সে বর্ণনা দিয়েছেন অনেকেই। তাদের মতে, তিনটি লালমনিরহাটের আসনই পেয়েছে বিএনপি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে। বিএনপির প্রার্থীরাও প্রতিটি নির্বাচনী সমাবেশে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। হোয়াংহোকে খনন করে যেমন চীনের আশীর্বাদ করা হয়েছে; তেমনি তিস্তা খনন করে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করা হবে। নদী খনন হবে, নদীর দুই পাড়ে স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং নদীভাঙন রোধ হবে।
তারেক রহমান নিজেও ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে তিস্তাপাড়ের লাখো মানুষের সমাবেশে চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। যার জন্য জামায়াতের ‘জান্নাতের টিকিট’ তোয়াক্কা না করে লালমনিরহাটের মানুষ ধানের শীষে ভোট দিয়ে জেলার তিনটি আসনই তারেক রহমানকে উপহার দিয়েছেন। অথচ ক্ষমতায় আসার ৯ মাস পরেও সরকার তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু করছে না। তারা জানান, শুনেছি প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে এসে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন করবেন। সে উদ্বোধন দেখার জন্য আমরা অপেক্ষায় আছি।
কাউনিয়া রেলব্রিজের একশ’ মিটার দক্ষিণে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে লাখো মানুষের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া এই মহাপ্রকল্প বাস্তবায়নের দাবিতে হাজার হাজার মানুষ দফায় দফায় মানববন্ধন ও সমাবেশ করেছে। এমনকি নীলফামারী থেকে শুরু করে গাইবান্ধার ফুলছড়ি পর্যন্ত তিস্তাপাড়ে প্রায় ১১০ কিলোমিটার একশ’ স্পটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ইতিপূর্বে চীনের বিশেষজ্ঞ টিম কয়েক দফায় তিস্তা পরিদর্শন করে সম্ভাব্যতা যাচাই করেছেন। তারা সরকারের গ্রিন সিগন্যাল পেলেই প্রকল্পের কাজ শুরু করবেন বলে পরিদর্শনকালে জানিয়ে গেছেন। অর্ন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানসহ কয়েকজন সাবেক উপদেষ্টা কাউনিয়া ও তিস্তা স্টেশনের পাশে একাধিকবার গণশুনানি করেছেন। প্রকল্পের কাজ কয়েক মাসের মধ্যেই শুরু হবে মর্মে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আমরা চাই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দ্রুত হোক।
চরাঞ্চলে ক্ষেতে কাজ করা কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানান, নদীতে পানি না থাকায় জেলেদের অনেকেই পেশা ছেড়েছেন, এলাকাও ছেড়েছেন অনেকেই। রিকশা চালাতে ঢাকা, চিটাগাং গেছেন। কেউ কেউ পেশা বদল করে শহরে পান-সিগারেটের দোকান, কেউ চায়ের দোকানে কাজ নিয়েছেন। অনেকেই কর্ম হারিয়ে বেকার হয়ে আছেন। নদী খনন করা হলে মানুষকে আর বাইরে যেতে হবে না। তিস্তাপাড়ের মানুষের প্রত্যাশা নদীপাড়ের মানুষের দুঃখ-দুর্দশা ঘোচানোর লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার দু’পাড়ে বনায়ন, সৌরবিদ্যুৎ, আধুনিক সেচ সুবিধাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে। বিভিন্ন স্থানে স্যাটেলাইট শহর, নৌ-বন্দর গড়ে উঠবে। দু’পাড়ের জমি হবে চিরস্থায়ী আবাদি ও বাসযোগ্য। নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হবে। বন্যায় নদীর পাড় ভেঙে জমি আর বিলীন হবে না। ডুবে যাবে না ফসল ও ঘরবাড়ি। নদীতে নৌকা চলবে ১২ মাস, জেলেরা মাছ ধরবে সারা বছর।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
উত্তরবঙ্গের কৃষিপণ্য দেশ-বিদেশে যাবে নদীপথে। এতে তিস্তাপাড়ের মানুষের জীবন-জীবিকা হবে উন্নত এবং রক্ষা পাবে জীববৈচিত্র্য। তিস্তাপাড়ের মানুষ চায় বর্তমান জনতার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়েই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক। হোক উত্তরের কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন।
পরিবেশবিদরাও চান তিস্তা প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হোক। কাজ শুরু না হলে তিস্তা মহাপ্রকল্প নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলতেই থাকবে।
তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি, পরিবেশবিদ ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী জানান, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, নদীভাঙন রোধ এবং বহুকাক্সিক্ষত ‘তিস্তা মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। ২০২০ সালে ঘোষিত চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে কয়েক দফায় নদীপাড়ে সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একদিন ৬০টি স্পটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়েছে। সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন ইস্যু নিয়ে গণশুনানি করেছেন সেখানে যেমন অংশ নিয়েছেন; তেমনি বিএনপির নেতা আসাদুল হাবিব দুলু তার কর্মসূচির আগে তার পরামর্শ নিয়েছেন। বললেন, তিনি খুবই আশাবাদী বিএনপি ক্ষমতায় এসে তিস্তাপাড়ের দুই কোটি মানুষের দুঃখ-দুর্দশা ঘোচাতে চীনের অর্থায়নে মহাপ্রকল্পের কাজ দ্রুত শুরু করবেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এই মহাপ্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হবে। কোটি মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে।
‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর সদস্য সচিব শফিয়ার রহমান বলেন, তিস্তা নদীভাঙনে প্রতি বছর উত্তরবঙ্গের মানুষের যে বিশাল ক্ষতি ও জলবায়ু শরণার্থী সংকট তৈরি হচ্ছে, তা তুলে ধরে আমরা চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তায়নের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করছি। তিস্তা নদীর অববাহিকা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা পড়েছে। তিস্তা মহাপরিকল্পনায় প্রায় ১১০ কিলোমিটার নদী খনন করে নদীর গভীরতা প্রায় ১০ মিটার বাড়ানো এবং নাব্যতা ফিরিয়ে আনার প্রস্তাব রয়েছে। নদীশাসনে ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ (যার ওপর দিয়ে সড়ক চলাচল করবে) নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে উত্তরাঞ্চলের প্রায় ৬৭টি নদীভাঙন রোধক কাঠামো নির্মাণ বা সংস্কার হবে; নদীশাসন ও সংস্কারের মাধ্যমে প্রায় ১৭০ বর্গকিলোমিটার চরভূমি ও জমি পুনরুদ্ধার করা হবে।
আরও পড়ুন: দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩% দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর
উত্তরাঞ্চলের প্রায় ৫ লাখ ৪০ হাজার থেকে ৭.৫ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ হবে। বিএনপি সরকার যে খাল খনন প্রক্রিয়া শুরু করেছে; তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের ২২টি নদীকে খাল হিসেবে ব্যবহার করা যাবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি
এদিকে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর কোনো আশ্বাস নয়, এবার সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ দেখতে চায় তিস্তাপাড়ের মানুষ। লালমনিরহাটে প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা এবং সময়বদ্ধ বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর ইসলামবাগে স্কাইলন হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম হক্কানী এ দাবি জানান।
আরও পড়ুন: শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে ছাত্রদলের অগ্নিসংযোগের চেষ্টা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরে লিখিত বক্তব্যে নজরুল ইসলাম হক্কানী বলেন, ২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে সংগঠনটি। ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের অংশগ্রহণে যে অভূতপূর্ব গণআন্দোলন গড়ে উঠেছিল, তা ছিল নদী ও জনপদ রক্ষায় উত্তরাঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। ওই আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদও ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে সেই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন।
তিনি আরও বলেন, বিগত অর্ন্তবর্তীকালীন সরকারের পানিসম্পদ উপদেষ্টা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত প্রকল্পটি বাস্তবায়নের পরিবর্তে অনিশ্চয়তায় পড়ে থাকে। তখনই সংগ্রাম পরিষদ থেকে বলা হয়েছিল, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা ও রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, তিস্তা কোনো নির্দিষ্ট অঞ্চলের বিচ্ছিন্ন সমস্যা নয়। এটি জাতীয় উন্নতি, টাকা ব্যয়ন, খাদ্যনিরাপত্তা, কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার প্রশ্ন। পদ্মা ব্যারেজ প্রকল্প ৩৫ হাজার কোটি বাস্তবায়নে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হলে তিস্তার ক্ষেত্রে বিলম্ব কেন—এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।
শফিয়ার রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন ও বন্যার দুর্ভোগ কমবে, কৃষিতে সেচের সুযোগ বাড়বে, শাখা নদীগুলো প্রাণ ফিরে পাবে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে। তাই ১৯ নভেম্বরের গণসমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে তাদের প্রত্যাশা—তিনি যেন শুধু আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করেন।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—তিস্তা মহাপরিকল্পনা দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন এবং প্রকল্পের ব্যয়, পর্যায়ভিত্তিক কর্মপরিকল্পনা ও ২০২৭ সালে প্রথম পর্যায়ের কাজ শুরুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা। জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পৃথক বরাদ্দসহ নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ। নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, কৃষিবিদ, পরিবেশবিদ ও আন্দোলনরত সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে দক্ষ, কার্যকর ও জবাবদিহিমূলক তিস্তা কর্তৃপক্ষ গঠন এবং যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগ।
বৈজ্ঞানিক জরিপের ভিত্তিতে বালু-পাথর ব্যবস্থাপনা, নদী খনন, ভাঙন প্রতিরোধ এবং বিচ্ছিন্ন শাখা নদী ও উপনদীগুলোর পুনর্জীবন নিশ্চিত করা। সরকারি তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশি, দেশীয় বিনিয়োগকারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ‘তিস্তা বন্ড’ চালু করে প্রকল্পের অর্থায়নে বিকল্প উৎস সৃষ্টি। কৃষক ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার: প্রকল্পের মাধ্যমে উদ্ধারকৃত জমিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার, পুনর্বাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা এবং কৃষক সমবায়ের মাধ্যমে আধুনিক কৃষি, সংরক্ষণ ও বাজারব্যবস্থা গড়ে তোলা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন